টেলিটক নেটওয়ার্কের উদ্বোধন
পার্বত্য চট্টগ্রামে চুক্তি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) স্থায়ী শান্তি নিশ্চিত করতে পর্যায়ক্রমে চুক্তি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে এ অঞ্চলের অনগ্রসর মানুষের উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে। গতকাল সোমবার পার্বত্য অঞ্চলে টেলিটক মোবাইল ফোন নেটওয়ার্ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে বসে বান্দরবানের লামায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে টেলিটক নেটওয়ার্কের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি আনতে বিগত আওয়ামী লীগ সরকার পার্বত্য চুক্তি করেছে। কিন্তু চুক্তি বাস্তবায়ন সম্পন্ন করার সময় পায়নি। গত চারদলীয় জোট সরকার চুক্তি বাস্তবায়ন তো করেইনি, বরং পরিস্থিতিকে জটিল করার চেষ্টা করেছে। বর্তমান সরকার চুক্তির অবাস্তবায়িত অংশগুলো বাস্তবায়নের ধারা অব্যাহত রাখবে। আগামী ছয় মাসের মধ্যে তিন পার্বত্য জেলার উপজেলাগুলো ডিজিটাল টেলিফোন নেটওয়ার্কের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।লামা উপজেলা টাউন হলে আয়োজিত টেলিটকের মোবাইল নেটওয়ার্ক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. খবিরুজ্জামান, বান্দরবানের জেলা প্রশাসক মিজানুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নীহার রঞ্জন হাওলাদার ও লামা উপজেলা চেয়ারম্যান মো. ইসমাইল।পাঠ্যবইয়ের ওয়েবসাইট উদ্বোধন: বাসস ও ইউএনবি জানায়, প্রধানমন্ত্রী গতকাল তাঁর কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে পাঠ্যবই সহজে পাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এক নতুন জানালা উন্মুক্ত হলো।উদ্বোধনকালে শেখ হাসিনা বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাংলাদেশকে ডিজিটাল দেশে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্কুলশিক্ষার্থীদের জন্য নতুন এই ওয়েবসাইট ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকারের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরেকটি মাইলফলক।প্রধানমন্ত্রী বলেন, দেশ-বিদেশের শিক্ষার্থী, যারা জাতীয় পাঠক্রমে পড়াশোনা করছে, তারা এই ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট থেকে খুব সহজেই তাদের প্রয়োজনীয় পাঠ্যবই পেয়ে যাবে। প্রতিবছর পাঠ্যবইয়ের স্বল্পতা ও বই বিতরণে অব্যবস্থাপনার স্থায়ী সমাধানও করবে ওয়েবসাইট। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে ওয়েবসাইট উদ্বোধনে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, এটি একটি তাত্পর্যময় যোগসূত্র। এই ছাত্র সংগঠনের লক্ষ্য হলো শিক্ষা, শান্তি ও প্রগতি।উল্লেখ্য, এই পাঠ্যবইয়ের ওয়েবসাইট (ই-বুকস) তৈরি করেছে ওয়েবসাইট ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এইচএসটিসি লিমিটেড। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান ও প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।