পার্বত্য চট্টগ্রামে ভূমি জরিপ অনিশ্চিত
পার্বত্য চট্টগ্রামে ভূমি জরিপ অনিশ্চিত হয়ে পড়েছে। ভূমি মন্ত্রণালয় জরিপের পক্ষে অবস্থান নিলেও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং জনসংহতি সমিতি (জেএসএস) কোন জমি পাহাড়িদের আর কোন জমি বাঙালিদের, তা নির্ধারণের আগে ভূমি জরিপের বিরোধিতা করছে। ফলে অনিশ্চয়তা দেখা দিয়েছে।জানা যায়, ভূমি জরিপের ক্ষেত্রে আরও কিছু জটিলতা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, জরিপকাজে প্রয়োজনীয় আগের রেকর্ড, আলোচ্য এলাকার দাগ ও খতিয়ান নম্বরসমূহ, মৌজার মানচিত্র প্রভৃতি সরকারের কাছে নেই। তা ছাড়া জরিপকারীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। কারণ ইতিপূর্বে ১৯৮৬ সালে জরিপ করতে গিয়ে নিখোঁজ দুই কর্মীর সন্ধান আজও মেলেনি।সূত্র জানায়, ১১ মার্চ ভূমি জরিপকাজ শুরুর বিষয়ে ভূমি মন্ত্রণালয় কৌশল নির্ধারণে যে বৈঠক ডেকেছিল তাতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং জেএসএসের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ফলে সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।ভূমি মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগামী এপ্রিল মাসে পার্বত্য এলাকার কোনো একটি জেলা সদরে পুনরায় সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করা হবে। জরিপের কাজটি জটিল হলেও সরকার এটি সম্পন্ন করতে চায় উল্লেখ করে তিনি বলেন, যেটাই করা হবে তা স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতেই করা হবে।এ বিষয়ে জেএসএসের তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমার কাছে জানতে চাইলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তবে তাঁদের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে যে পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে বলা আছে, ভূমিবিরোধ নিষ্পত্তি এবং প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনের পরই কেবল আঞ্চলিক পরিষদের সঙ্গে পরামর্শ করে ভূমি জরিপ হতে পারে। ১৯০০ সালে জারি করা পার্বত্য চট্টগ্রাম (রাঙামাটি-বান্দরবান-খাগড়াছড়ি) আইনের ১৮ ধারা অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিমালা প্রণীত হয়। এর ৩৪ বিধিমতে পার্বত্য জেলার ভূমি ব্যবস্থাপনা পরিচালিত হয়। এতে ভূমি জরিপের কোনো বিধান নেই। ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পার্বত্য তিন জেলায় প্রযোজ্য হয়নি। ফলে সেখানে ভূমি জরিপও করা হয়নি। ১৯৮৪ সালে জরিপের উদ্দেশে একটি আইন করে তার অধীনে ওই বছরই প্রথম ৪০৪ বর্গমাইল এলাকায় ভূমি জরিপ শুরু করা হয়। কিন্তু রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া মৌজায় দুজন জরিপ কর্মী অপহূত হওয়ায় ১৯৮৮ সালের ১২ অক্টোবর সরকারি আদেশে জরিপ স্থগিত করা হয়। ভূমি মন্ত্রণালয় মনে করছে, পার্বত্য জেলাগুলোতে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জমির ব্যবহার বাড়ছে। কৃষি ও অকৃষি উভয় শ্রেণীর জমির বিভাজন হচ্ছে। সেখানে চৌহদ্দী ও পরিমাণ দিয়ে জমির মালিকানা ঠিক করা হয়। কিন্তু মৌজার মানচিত্র, দাগ ও খতিয়ান নম্বর না থাকায় জমির সীমানা বিরোধ বাড়ছে। ভূমি বিরোধ নিয়ে দেওয়ানি ও ফৌজদারি মামলার সংখ্যাও বাড়ছে। ফলে পার্বত্য এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। মাঝেমধ্যে তা সংঘাতে রূপ নিচ্ছে। এসব কারণে ভূমির মালিকানা, প্রশাসনিক কাঠামো, সম্পদের নিয়ন্ত্রণ, প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর অবস্থান এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ভূমি জরিপ প্রয়োজন।