পার্বত্য চট্টগ্রামে ভূমিবিরোধ নিষ্পত্তিতে ঐকমত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য শান্তিচুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে জরিপের আগে ভূমির মালিকানা নির্ধারণে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য রাজার দাবির সঙ্গে একমত হয়েছে সরকার। আজ রোববার রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সভাকক্ষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘পার্বত্য চট্টগ্রামে ভূমিবিরোধ নিষ্পত্তি ও জরিপ’ বিষয়ে আয়োজিত সভায় একমত পোষণ করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত রুদ্ধদ্বার আলোচনা শেষে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী রেজাউল করিম জানান, দেশ এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে ছোটখাটো যে সমস্যা রয়েছে, সেগুলো দূর করার ব্যাপারে ঐকমত্য হয়েছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, এ বৈঠকের সিদ্ধান্ত পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, ‘পার্বত্য শান্তিচুক্তি অনুযায়ী ভূমি সমস্যা সমাধান হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ’এ সময় আরও উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর উশৈচিং, ভারত প্রত্যাগত শরণার্থী ও পার্বত্য চট্টগ্রাম অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম চাকমা সার্কেলের রাজা দেবাশীষ রায়, মং সার্কেলের রাজা সাচিং প্রু, বোমাং সার্কেলের রাজার প্রতিনিধি সাচিং প্রু জেরি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।