পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি নষ্টের জন্য দায়ী জিয়া: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকার কঠোর ব্যবস্থা নেওয়ায় পাহাড়ে শান্তি ফিরে এসেছে। তিনি অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সম্প্রীতি নষ্টের জন্য প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়ী। খবর বাসসের।আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শেষে সৈয়দ আশরাফুল ইসলাম আজ শনিবার সাংবাদিকদের এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, ’৯৭ সালে আওয়ামী লীগের শাসনামলে ঐতিহাসিক শান্তি চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামে শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। সংঘাত-সংঘর্ষের রাজনীতির অবসান এবং পাহাড়ি-বাঙালিদের মধ্যে সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়।তিনি বলেন, তখন বিএনপি-জামায়াত জোট এই শান্তি চুক্তির বিরোধিতা করে এবং এবারও তারা পাহাড়ি-বাঙালিদের মধ্যে গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে।আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে সকালে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সৈয়দ আশরাফ সাংবাদিকদের সভার সিদ্ধান্ত এবং আলোচনার বিষয় অবহিত করেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, গৃহায়ন ও পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, প্রচার সম্পাদক নূহ আলম লেনিন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন এবং উপ-দফতর সম্পাদক মৃনাল কান্তি দাস উপস্থিত ছিলেন।সভায় বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার নিরাপত্তা আরও জোরদার করার জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন উল্লে¬খ করে সৈয়দ আশরাফ বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তত্কালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার নিরাপত্তা প্রত্যাহার করে নেয়। তিনি বলেন, আইন অনুযায়ী বিরোধীদলীয় নেত্রী একজন পূর্ণমন্ত্রীর নিরাপত্তা পাওয়ার কথা থাকলেও বর্তমানে তাঁকে দশগুণ বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকার সময় আমাদের নেতার জন্য এ দাবি করা হলেও তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’আইন-শৃংখলা পরিস্থিতি নিয়েও সভায় আলোচনা হয়েছে উল্লে¬খ করে সৈয়দ আশরাফ বলেন, বর্তমানে আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক হলেও, তা আরও ভালো করার জন্য প্রধানমন্ত্রী জোর তাগিদ দিয়েছেন। এছাড়া শান্তি বিনষ্টেয় সঙ্গে যারাই জড়িত থাকবে তাদেরকে দলমত নির্বিশেষে গ্রেপ্তারের জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে ব্যাপারে সরকার কাজ করে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে পাকিস্তানের মনোভাব সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাকিস্তান কি বলেছে কিংবা বলবে সেটি আমাদের জানার নয়। আমাদের দেশে যারা যুদ্ধাপরাধী তাদের বিচার আমরা করবই।’গোলাম আযমের বিচারের জন্য যে গণজাগরণ সৃষ্টি করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারেও সে রকম গণজাগরণ সৃষ্টি করা হবে উল্লেখ করেন সৈয়দ আশরাফ।আওয়ামী লীগের আজকের সভায় ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।দলীয় সদস্য সংগ্রহ অভিযান সম্পর্কে সৈয়দ আশরাফ বলেন, ৭২টি সাংগঠনিক জেলার মধ্যে ইতিমধ্যে ৫০টি জেলা সদস্য ফরম সংগ্রহ করেছে। এ পর্যন্ত ২৩ লাখ ১১ হাজার টাকার সদস্য ফরম বিক্রি হয়েছে। যেভাবে ফরম বিক্রি হচ্ছে তাতে এবার রেকর্ড সংখ্যক লোক আওয়ামী লীগের সদস্য হবে আশা করে সৈয়দ আশরাফ বলেন, সদস্য সংগ্রহের ব্যাপারে নারী ও নতুন প্রজন্মকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কমিশনার পদে দলের একক প্রার্থী মনোনয়ন এবং প্রচার অভিযান শুরুর ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় বর্তমান সরকারের সাফল্য সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা-কর্মীদের নির্দেশ দেন।সভার শুরুতে পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।