অ্যামনেস্টির বিবৃতি
পার্বত্য চট্টগ্রামে সহিংস পরিস্থিতির অবসান ও সুষ্ঠু তদন্তের দাবি
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, পার্বত্য চট্টগ্রামে বাঙালি ও আদিবাসী জুম্ম সম্প্রদায়ের মধ্যে চলমান সহিংস পরিস্থিতির অবসান ঘটাতে বাংলাদেশ সরকারকে অবশ্যই কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ১৭ এপ্রিল দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত ও ২০ জন আহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। গত বুধবার এক বিবৃতিতে সংস্থাটি এ কথা বলেছে। বিবৃতিতে বলা হয়েছে, ১৪ এপ্রিল খাগড়াছড়িতে স্থানীয় বাঙালি বসতকারীরা আদিবাসী জুম্ম সম্প্রদায়ের পৈতৃক জমি দখল করতে গেলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ১৭ এপ্রিল সংঘর্ষ বাধলে তিনজন বাঙালি নিহত হয়। এর জের ধরে বাঙালিরা জুম্ম সম্প্রদায়ের লোকজনের ঘরবাড়ি ঘিরে ফেলে। তাদের বেদম পিটিয়ে আহত করে এবং তাদের প্রায় ৬০টি বসতঘর পুড়িয়ে দেয়। খাগড়াছড়ি প্রশাসন বলেছে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, তদন্ত যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সরকারকে সে বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে। যাদের বিরুদ্ধে খুন, রাহাজানি ও লুণ্ঠনের অভিযোগ এসেছে তাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। হামলা ও নৈরাজ্যের ঘটনায় সেনা, পুলিশ ও অন্য কোনো নিরাপত্তা বাহিনীর সদস্য জড়িত থাকলে তাঁদেরও বিচার করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, প্রশাসন ঠিকমতো দায়িত্ব পালন করলে এ সহিংস ঘটনা ঘটত না। অ্যামনেস্টি মনে করে, এসব সংঘর্ষ এড়াতে প্রশাসনের ব্যর্থতায় প্রমাণিত হয়, পার্বত্য চট্টগ্রামের শান্তি রক্ষায় বাংলাদেশ সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করছে না।