পার্বত্য চট্টগ্রামে সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে
আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে বেড়ে চলেছে সামাজিক বিশৃঙ্খলা। বাড়ছে নারী নির্যাতনের ঘটনাও। এর মূলে রয়েছে ভূমিকেন্দ্রিক বিরোধ, মাদকের বিস্তার ও জাল টাকার ছড়াছড়ি।এই অঞ্চলের প্রধান রাজনৈতিক দল জাতীয় জনসংহতি সমিতির (জেএসএস) সূত্রগুলো জানিয়েছে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়া এসব সমস্যার কারণ।ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সূত্রগুলো বলছে, এসব সমস্যার জন্ম দিচ্ছে ভূমিকেন্দ্রিক বিরোধগুলো। পার্বত্য চট্টগ্রামের নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপরিউক্ত বিষয়গুলোকেই সামাজিক বিশৃঙ্খলা বা অস্থিরতার কারণ বলে মনে করেন।এসব সমস্যা নিরসন বা নিয়ন্ত্রণে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নেই। অথচ, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী এই মন্ত্রণালয়টি গঠন করা হয়েছে তিন পার্বত্য জেলার শাসনব্যবস্থা ও উন্নয়ন কর্মকাণ্ডের সামগ্রিক বিষয় পরিচালনার জন্য।এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা প্রথম আলোকে বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ছাড়া এই মন্ত্রণালয় কোনো কিছুই দেখার এখতিয়ার পায়নি। এমনকি শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি যেসব বিষয় জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে, সেগুলোর কার্যক্রমও এখন পর্যন্ত ওই সব মন্ত্রণালয়ই দেখে। এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় কিছু জানেও না। ভূমিকেন্দ্রিক নতুন বিরোধ: স্থানীয় পর্যায়ের নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসিত বাঙালি (সেটেলার) ও স্থানীয় বাসিন্দাদের মধ্যকার অনেক পুরোনো ভূমিবিরোধে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। পুনর্বাসনের সময় সেটেলার বাঙালিদের প্রতিটি পরিবারকে কিছু জমির মালিকানা-সংক্রান্ত যে কবুলিয়তনামা দেওয়া হয়েছিল, সেগুলো এখন তাঁরা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিচ্ছেন। অথচ স্থানীয় জেলা পরিষদের অনুমতি ছাড়া সেখানে কোনো জমি কেনাবেচা হওয়ার বিধান নেই।সূত্রগুলো জানায়, ওই সব বিধানের কোনো তোয়াক্কা কেউ করছে না। সেটেলারদের কাছ থেকে কবুলিয়তনামা কিনে ক্রেতা নির্দিষ্ট জমির দখল বুঝে নিচ্ছেন। কিন্তু সরেজমিনে দেখা যাচ্ছে, ওই জমি হয়তো কোনো বাসিন্দার পৈতৃক বাড়ি। কবুলিয়ত কেনার মাধ্যমে ভূমি দখলের এই প্রক্রিয়ায় স্থানীয় বাসিন্দাদের শ্মশান, সামাজিক ব্যবহারের জন্য সংরক্ষিত বন, এমনকি আদা-হলুদের খেতও দখল হয়ে যাচ্ছে। মহালছড়ি থেকে রাঙামাটির পথে গামারিডালা এলাকাটি সম্পূর্ণই এখন স্থানীয় বাসিন্দাদের হাতছাড়া হয়ে গেছে। ভারত প্রত্যাগত শরণার্থীরা এখনো দীঘিনালার কবাখালী গুচ্ছগ্রামে বসবাস করছে। নিজেদের বাড়িঘর ফেরত পায়নি। এসব নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সমাজে। এ ধরনের ভূমি দখলের ঘটনায় ইতিমধ্যে সাজেক, রামগড়, মহালছড়ি, বরইতলী প্রভৃতি এলাকায় সংঘাতও হয়েছে। কিন্তু এ ঘটনা থেমে নেই।তিন দিনের সভা: বর্তমান সরকার শুরু থেকেই পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার করলেও এখন পর্যন্ত এ ব্যাপারে বাস্তব কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি গত সাড়ে তিন বছরে স্থানীয় পর্যায়ের একটি বিভাগও জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়নি। মন্ত্রণালয়ের ক্ষমতায়নেও কোনো কাজ করা হয়নি।এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী আজ রোববার থেকে তিন দিন ১৮ জন সংশ্লিষ্ট সচিবের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক শুরু করছেন। গওহর রিজভী গত জানুয়ারি মাস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কাজ করছেন।সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, এসব সভায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিষয়ে সচিবদের কিছু নির্দেশনা দেওয়া হবে। স্থানীয় পর্যায়ের যেসব বিষয় এখনো জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়নি, সেগুলো দ্রুত হস্তান্তরের বিষয়ে আলোচনা হবে। পার্বত্য চট্টগ্রামের সব বিষয় যাতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়, সে বিষয়েও সভায় আলোচনা হবে।ভাতা বাড়ছে: সরকার পার্বত্য চট্টগ্রামের তিনজন সার্কেল চিফ (রাজা) এবং হেডম্যান ও কার্বারিদের সম্মানী ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয় সূত্র জানায়, এ সিদ্ধান্ত অনুযায়ী রাজাদের ভাতা হবে প্রতি মাসে ১০ হাজার টাকা। হেডম্যানদের এক হাজার এবং কার্বারিদের ৫০০ টাকা। এখন রাজার ভাতা পাঁচ হাজার, হেডম্যানের ৩০০ এবং কার্বারিদের ভাতা ২০০ টাকা।