পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সহিংসতার অজুহাতে নেতা-কর্মীদের হয়রানি করবেন না: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সহিংসতার অজুহাতে বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের, গণগ্রেপ্তার, হয়রানি এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওদুদ ভূঁইয়াকে হয়রানি না করার দাবি জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা বিএনপির নেতারা। আজ সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব দাবি জানান।সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউছুপ চৌধুরী। লিখিত বক্তব্যে তাঁরা পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সেখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা যাবে না বলে মন্তব্য করেন। তাঁরা পার্বত্য অঞ্চলে বিদেশি এনজিও, ইউরোপীয় ইউনিয়নের তত্পরতা এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের যাবতীয় কাজ অবৈধ ঘোষণারও দাবি জানান।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, সেনাবাহিনী প্রত্যাহার করার কারণে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অবিলম্বে প্রত্যাহার করা সেনাসদস্যদের আবার মোতায়েন করতে হবে। পার্বত্য চট্টগ্রামে সেনা প্রত্যাহারের আগে কতজন সেনাসদস্য ছিলেন বা কতজনকে প্রত্যাহার করা হয়েছে, সে সম্পর্কে প্রথম আলোর প্রশ্নের জবাবে তিনি তা জানেন না বলে জানান। তবে বাঘাইহাটে কারা হামলা করে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা তদন্তের আগে বলা যাবে না।