পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংহতি সমিতির (জেএসএস) চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর চলমান ‘অপারেশন উত্তরণ’ বন্ধের দাবি জানিয়েছেন। তিনি দাবি করেন, পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন চলছে; সামরিক শোষণ-নিপীড়ন চলছে। ১৫ বছরেও পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন না করা পাহাড়ি জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলেও তিনি মন্তব্য করেছেন।শান্তিচুক্তির ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে আজ রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও চুক্তি বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় সন্তু লারমা এ কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এর আয়োজন করে।সভাপতির বক্তব্যে সন্তু লারমা চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়নের দাবি জানান। এ ব্যাপারে তিনি সরকারকে সহযোগিতারও প্রস্তাব দেন। তিনি বলেন, ‘চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আগেও সহযোগিতা করেছি; ভবিষ্যতেও সহযোগিতা দিতে প্রস্তুত আছি।’সাবেক এই গেরিলা নেতা বলেন, গত ১৫ বছরে বিভিন্ন সরকারের আচরণে মনে হয়েছে তারা চুক্তি বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি বর্তমান সরকার যারা এই চুক্তিটি করেছিল, তারাও এটি বাস্তবায়নে দ্বিধাগ্রস্ত। তিনি প্রশ্ন রাখেন, ‘১৫ বছর আগে যে চুক্তি করা হলো তা কি পাহাড়ি জনগণের স্বাধিকারের আন্দোলনকে হত্যা করার জন্য? অস্ত্র গোলা-বারুদ কেড়ে নেওয়ার জন্য?’আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। স্বাগত বক্তব্য দেন জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা।