পার্বত্য চট্টগ্রামের ঘটনার সঙ্গে আইএসআই জড়িত: অভিযোগ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস ঘটনার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (আইএসআই) সম্পৃক্ততার অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি বলেছে, ওই গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা ওদুদ ভূঁইয়ার নেতৃত্বেই পাহাড়ে সংঘাতের ঘটনা ঘটে। সরকারকে বেকায়দায় ফেলতে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রের ছক কষার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে। আর এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয় জামায়াতের কর্মীরা।আজ মঙ্গলবার সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলা হয়। কমিটি পার্বত্য চট্টগ্রাম ঘুরে এসব তথ্যপ্রমাণ পেয়েছে বলে জানায়।এ তদন্ত প্রতিবেদন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ নিয়ে কমিটি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে।বৈঠক শেষে সংসদ ভবনে এক প্রেস ব্রিফিংয়ে কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, এ ষড়যন্ত্রের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির জড়িত। এসব শিবির কর্মীরা হত্যার সঙ্গে জড়িত বলে পুলিশের ভয়ে পাহাড়ে আত্মগোপন করে আছেন। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের রগ কেটে হত্যা করে লাশ ম্যানহোলে লুকিয়ে রাখেন তাঁরা। তিনি বলেন, সেখানে কয়েকটি এনজিওর কর্মকাণ্ডও রহস্যজনক। পাহাড়ে বাঙালি-পাহাড়িরা যুগ যুগ ধরে একসঙ্গে বাস করে আসছে। অথচ একটি কুচক্রীমহল সরকারকে ব্যর্থ প্রমাণ করতে সুপরিকল্পিতভাবে সংঘাতের সৃষ্টি করে। ২০ কিলোমিটার এলাকাজুড়ে পাহাড়ি ও বাঙালিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। আর এতে নেতৃত্ব দেন বিএনপির ওদুদ ভূঁইয়া। তাঁদের ইন্ধনেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।