পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ায় জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তির পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং এই চুক্তি অনুযায়ী ভূমিবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গঠিত ভূমি কমিশন আইনের মধ্যে অসামঞ্জস্যই এর কারণ। সরকার এসব অসামঞ্জস্য দূর করার পদক্ষেপ না নেওয়ায় সমস্যা জটিল হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রগুলোর আশঙ্কা, এই জটিলতা পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন এবং সেখানকার ভূমি সমস্যার সমাধান বিলম্বিত করবে। সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার এবং জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির ‘ঘ’ খণ্ডের ২ ধারায় বলা হয়েছে, ‘...উপজাতীয় শরণার্থী ও অভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তুদের পুনর্বাসনের পর সরকার এই চুক্তি অনুযায়ী গঠিত আঞ্চলিক পরিষদের সঙ্গে আলোচনাক্রমে যথাশীঘ্র পার্বত্য চট্টগ্রামে ভূমি জরিপ কাজ শুরু এবং যথাযথ যাচাইয়ের মাধ্যমে জায়গা-জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিকরতঃ উপজাতীয় জনগণের ভূমি মালিকানা চূড়ান্ত করিয়া তাহাদের ভূমি রেকর্ডভুক্ত ও ভূমির অধিকার নিশ্চিত করিবেন।’জনসংহতি সমিতির দাবি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নের যে প্রতিশ্রুতি বর্তমান সরকার দিয়েছে, এটিও তার অংশ। তাই সরকার আগে চুক্তি বাস্তবায়ন করুক, না হলে চুক্তি লঙ্ঘিত হবে, যা তারা মানতে পারবে না।চুক্তি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মাসুদ আহমেদ প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে কাজ চলছে। তবে সবাই তাতে খুশি নাও থাকতে পারেন।এদিকে, ২০০১ সালে জাতীয় সংসদে প্রণীত পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনে ভূমিবিরোধ নিষ্পত্তির পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে ভূমি কমিশনকে। ওই আইনের ৬(৩) ধারা অনুযায়ী কমিশন ভূমিবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সরকারের কাছে ওই অঞ্চলের ভূমি জরিপ প্রতিবেদন চাইতে তথা ভূমি জরিপের নির্দেশ দিতে পারে। পাশাপাশি ভূমিবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আইনের ৯ ধারা অনুযায়ী কমিশন ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের কাছ থেকে আবেদনপত্রও চাইতে পারে। বর্তমান ভূমি কমিশন এই দুটি প্রধান পদক্ষেপই নিয়েছে।এ প্রসঙ্গে ভূমি কমিশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সঙ্গে ভূমি কমিশনের কোনো সম্পর্ক নেই। ওই কাজ সরকারের। কমিশনের কাজ হচ্ছে তার জন্য বিশেষভাবে প্রণীত আইনের আওতায় কাজ করা, আমরা তা-ই করছি। চেয়ারম্যানসহ পাঁচ সদস্যের মধ্যে চারজনের উপস্থিতিতে অনুষ্ঠিত কমিশনের সভায় ভূমি জরিপের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী সরকারও ভূমি জরিপের উদ্যোগ নিয়েছিল। কিন্তু এ বিষয়ে গত ১১ মার্চ আন্তমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ-আলোচনা করার।’গত সোমবার বিকেলে নিজ বাসায় আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী আরও বলেন, কমিশনের এসব আইনগত কাজকে জেএসএস এবং পার্বত্য চট্টগ্রাম কমিশন ‘একতরফা’ বলে অভিহিত করছে। এটা সঠিক নয় এবং তা কমিশনের কাজে এক ধরনের হস্তক্ষেপ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভূমি বিরোধ নিষ্পত্তি এবং ভূমির মালিকানা নির্ধারণের জরিপ শেষ কথা নয়। জরিপ হবে ১৯৮৪ সালের ভূমি খতিয়ান (পার্বত্য চট্টগ্রাম) অধ্যাদেশ এবং ১৮৮৫ সালের জরিপ আইন অনুযায়ী। জরিপের মাধ্যমে ভূমির শ্রেণী, অবস্থান এবং কোন ভূমিতে কে বা কী আছে, তা নির্ধারিত হবে। এরপর কমিশন বিরোধ নিষ্পত্তি করবে। এ ক্ষেত্রে কমিশনকে অবশ্যই ওই অঞ্চলের ঐতিহ্য, প্রথা প্রভৃতি বিবেচনা করতে হবে। কাজেই যদি কেউ ভাবেন, জরিপ হলেই ভূমির মালিকানা নির্ধারিত হয়ে গেল, সেটা সঠিক নয়। কমিশন ভূমির মালিকানা নির্ধারণ এবং বিরোধ নিষ্পত্তি করবে ২০০১ সালের আইন অনুযায়ী।তবে জেএসএস বলছে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং এই আইনের মধ্যে ১৯টি বিষয় বিরোধাত্মক। ওই বিরোধাত্মক বিষয়গুলো সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ের অনুমোদন (ভেটিং) পর্যন্ত হয়ে আছে। এ প্রসঙ্গে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, আইন সংশোধন সরকার তথা জাতীয় সংসদের বিষয়। এ জন্য কমিশন বসে থাকতে পারে না। আইন সংশোধিত হলে কমিশন সেই অনুযায়ী কাজ করবে।প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর এর আগে তিনবার ভূমি কমিশন গঠন করা হয়। এসব জটিলতার কারণে একটি কমিশনও কাজ করতে পারেনি। এবারও সে রকম হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।