পার্বত্য চট্টগ্রামের সোয়া এক লাখ পরিবারের ভূমি বিরোধ নিষ্পত্তি অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের ভিটাবাড়িহারা সোয়া এক লাখের বেশি অভ্যন্তরীণ উদ্বাস্তু আদিবাসী ও বাঙালি পরিবারের ভূমি বিরোধ নিষ্পত্তি অনিশ্চিত হয়ে পড়েছে। পার্বত্য চুক্তিতে টাস্কফোর্সের মাধ্যমে এসব পরিবারকে পুনর্বাসনের কথা বলা হলেও বেদখল হওয়া ভূমি উদ্ধারের ব্যাপারে কোথাও কিছু উল্লেখ নেই। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন টাস্কফোর্সের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে।পার্বত্য ভূমি কমিশন এবং ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন-বিষয়ক টাস্কফোর্স থেকে পৃথকভাবে জানানো হয়েছে, অভ্যন্তরীণ উদ্বাস্তুদের ভূমি বিরোধ নিষ্পত্তির কোনো এখতিয়ার তাদের নেই। পার্বত্য চুক্তি অনুযায়ী গঠিত হয়েছে ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন-বিষয়ক টাস্কফোর্স। এই টাস্কফোর্সের ১৯৯৮ সালের ৬ ও ২৭ জুন সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে ১৯৯২ সালের ১০ আগস্ট জনসংহতি সমিতির অস্ত্রবিরতি ঘোষণার আগ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের যেসব পরিবার বিরাজিত সমস্যার কারণে নিজ ভিটাবাড়ি থেকে উচ্ছেদ হয়ে পার্বত্য চট্টগ্রামেরই অন্য কোনো স্থানে বসবাসে বাধ্য হয়েছে, সেসব পরিবার অভ্যন্তরীণ উদ্বাস্তু পরিবার হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, পার্বত্য চুক্তির ‘ঘ’ খণ্ডের ৪ নম্বর ধারায় পুনর্বাসিত শরণার্থীদের জমিজমা-বিষয়ক বিরোধ দ্রুত নিষ্পত্তি ছাড়াও অবৈধভাবে বন্দোবস্ত ও বেদখল করা ভূমির বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন’ গঠনের কথা বলা হয়েছে। কিন্তু এই ধারার আলোকে ২০০১ সালে জাতীয় সংসদে পাস করা আইনের ৬ নম্বর ধারায় (কমিশনের কার্যাবলি ও ক্ষমতা) শুধু পুনর্বাসিত শরণার্থী ও অবৈধ বন্দোবস্তের কারণে ক্ষতিগ্রস্তদের ভূমি বিরোধ নিষ্পত্তির কথা উল্লেখ আছে। লংগদু উপজেলার ১১ নম্বর পেতান্যেমাছড়া মৌজার হেডম্যান নিউটন চাকমা জানান, ১৯৭৯ সালের সাম্প্রদায়িক ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁদের পরিবার উচ্ছেদ হয়েছিল। পরে তাঁদের পরিবারের বন্দোবস্ত জায়গায় বাঙালিরা বসতি স্থাপন করেছে। অথচ ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনে এভাবে বেদখল হওয়া জমির বিরোধ নিষ্পত্তির কোনো উল্লেখ নেই।অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন-বিষয়ক টাস্কফোর্সের জনসংহতি সমিতির সাবেক প্রতিনিধি ও আঞ্চলিক পরিষদের সদস্য সুধাসিন্ধু খীসা বলেন, পার্বত্য চুক্তির সঙ্গে সংগতি রেখে পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধন করা প্রয়োজন। চুক্তিকে পাশ কাটিয়ে ভূমি কমিশনের বর্তমান আইনে ভূমি বিরোধ নিষ্পত্তির চেষ্টা হলে বিরোধ আরও বাড়বে। যোগাযোগ করা হলে ভূমি কমিশন চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরী জানান, ‘আমরা সংবিধান এবং আইন মেনে কাজ করছি। আইনে আমাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেভাবে আমাদের কাজ করতে হবে। অভ্যন্তরীণ উদ্বাস্তুদের ভূমি বিরোধ নিষ্পত্তির কাজটি পার্বত্য ভূমি কমিশনের নয়, সে জন্য একটি আলাদা টাস্কফোর্স রয়েছে। কমিশনের শুধু ভারত প্রত্যাগত শরণার্থী ও অবৈধ ভূমি বন্দোবস্ত দেওয়ার কারণে ক্ষতিগ্রস্তদের বিরোধ নিষ্পত্তি করার এখতিয়ার আছে।’ ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন-বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘আমাদের ভূমি বিরোধ নিষ্পত্তির কোনো এখতিয়ার নেই। টাস্কফোর্সের কাজ হলো, অভ্যন্তরীণ উদ্বাস্তুদের চিহ্নিত করা। ভূমি কমিশনের বিরোধ নিষ্পত্তির পরই অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসনে যা যা করার, তা টাস্কফোর্স করবে।’২০০০ সালের ১৫ মে রাঙামাটি সার্কিট হাউসে অনুষ্ঠিত টাস্কফোর্সের একাদশ সভায় অভ্যন্তরীণ উদ্বাস্তুদের জেলাভিত্তিক আদিবাসী ও বাঙালি পরিবারের সংখ্যা ঘোষণা করা হয়। সে অনুযায়ী, আদিবাসী পরিবারের সংখ্যা রাঙামাটিতে ৩৫ হাজার ৫৯৫, বান্দরবানে আট হাজার ৪৩ ও খাগড়াছড়িতে ৪৬ হাজার ৫৭০ পরিবার রয়েছে এবং বাঙালি পরিবারের সংখ্যা রাঙামাটিতে ১৫ হাজার ৫১৬, খাগড়াছড়িতে ২২ হাজার ৩৭১ ও বান্দরবানে ২৬৯।