পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সংশ্লিষ্ট সব পক্ষের ধারাবাহিক আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দ্রুত চুক্তি বাস্তবায়নের পথ তৈরি করতে হবে। চুক্তিতে কোনো অসামঞ্জস্য থাকলে তা-ও আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। ‘পার্বত্য শান্তিচুক্তি: দ্রুত বাস্তবায়ন জরুরি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিশিষ্ট ব্যক্তিরা এই অভিমত ব্যক্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোর উদ্যোগে পত্রিকার কার্যালয়ে সম্পাদক মতিউর রহমানের সূচনা বক্তব্যের মাধ্যমে আলোচনা শুরু হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। আলোচনায় বক্তারা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হলে কিংবা এর বাস্তবায়ন আরও বিলম্বিত হলে তা পাহাড়ি-বাঙালি কারও জন্য তো নয়ই, দেশের জন্যও শুভ হবে না। কারণ, বৃহৎ শক্তিগুলোর ‘লুক ইস্ট পলিসি’র কিছু অভিঘাত আগামী এক দশকের মধ্যে ওই অঞ্চলে পড়তে শুরু করবে। তার আগে চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি সংকটময় অবস্থার মধ্যে পড়েছে। চুক্তি বাস্তবায়নের মাধ্যমেই এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব। এ জন্য সবাই মিলে চিন্তাভাবনা করে স্বচ্ছ ধারণা নিয়ে দ্রুত চুক্তি বাস্তবায়নের কাজ শুরু করতে হবে।সুলতানা কামাল বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর এক যুগেরও বেশি সময় পার হয়ে গেছে। এই সময়ে সামগ্রিক প্রেক্ষাপটও অনেক বদলেছে। এ অবস্থায় যদি দেখা যায় যে দ্রুত বাস্তবায়নের জন্য চুক্তিতে কিছু সংশোধনের দরকার, তা-ও সবাই মিলে ভাবা যেতে পারে। তবে চুক্তির মৌলিক বিষয়ে সংশোধন বা পরিবর্তনের কোনো প্রশ্ন উঠতে পারে না। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, চুক্তি দ্রুত বাস্তবায়ন গুরুত্বপূর্ণ বিষয় হলেও বিষয়টি এখন সরকারের অগ্রাধিকার তালিকায় আছে বলে মনে হয় না। থাকলে আঞ্চলিক পরিষদের কার্যপ্রণালি বিধি প্রণয়ন, জেলা পরিষদ আইন সংশোধন ও কার্যপ্রণালি বিধি প্রণয়ন, স্থানীয় ৩৩টি বিভাগের ৬৮টি কাজ জেলা পরিষদের হাতে হস্তান্তরের মতো সাধারণ বিষয়গুলো বছরের পর বছর ফেলে রাখা হতো না। মৌলিক বিষয়ের বাস্তবায়নেও এত দিনে উদ্যোগ নেওয়া হতো।জনসংহতি সমিতির (জেএসএস) সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা বলেন, সরকার চুক্তি বাস্তবায়নের কথা বলে কিছু উদ্যোগ নিলেও বিষয়টি এখন আর তাদের প্রাধিকার তালিকায় নেই; যেমন রয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি। সরকারের ভেতরের একটি অংশ এবং অধিকাংশ আমলা চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করে চলেছেন। তিনি বলেন, দেশের সুশীল সমাজ ও জেএসএস চুক্তি বাস্তবায়নের সময়সূচিভিত্তিক কার্যক্রম গ্রহণের কথা বললেও সরকার তাতে কোনো সাড়া দিচ্ছে না। নিজেরাও কোনো উদ্যোগ নিচ্ছে না। বরং ভূমি কমিশনের মাধ্যমে একটি বিতর্ক সৃষ্টি করে চুক্তি বাস্তবায়নে বিলম্ব করার কৌশল কার্যকর করেছে। এই অবস্থায় তিনি চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত শুরু করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-গবেষক আমেনা মহসীন বলেন, পার্বত্য চট্টগ্রামে কিছু কায়েমি স্বার্থবাদী গ্রুপ তৈরি হয়েছে। আঞ্চলিক রাজনীতি হয়ে উঠেছে ভীষণ বিরোধাত্মক। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপির মতোই সেখানকার আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আচরণ। একেবারে যেন জাতীয় রাজনীতির অভিরূপ (রেপ্লিকেশন)। এই রাজনৈতিক পরিস্থিতি যেমন সংকট সৃষ্টি করেছে, তেমনি পার্বত্য চট্টগ্রাম চুক্তির মধ্যেও পরস্পর বিরোধাত্মক কিছু বিষয় আছে।আমেনা মহসীন বলেন, চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় গঠন করা হলেও সেটি সব সময়ই রাখা হয়েছে প্রধানমন্ত্রীর অধীনে, আগে যেমন ছিল বিশেষ কার্যাদি বিভাগ। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের ক্ষেত্রে সব সময়ই ভাবা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়, সেখানকার অধিবাসীদের নিরাপত্তার বিষয় নয়। সরকার বলছে, চুক্তি বাস্তবায়নের কথা। আবার সশস্ত্র বাহিনী বিভাগ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে ‘স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ফোরাম’ গঠনের। এসব কর্মকাণ্ড পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে। সাবেক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যা কোনো আঞ্চলিক সমস্যা নয়, জাতীয় সমস্যা। এই সমস্যার সমাধান না হলে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। এই সমস্যা সমাধানের প্রধান বাধা হচ্ছে চলমান রাজনৈতিক সংস্কৃতি। সামরিক-বেসামরিক আমলাতন্ত্র আরেকটি বড় বাধা। এর সঙ্গে নতুন বাধা হিসেবে যুক্ত হয়েছে পাহাড়িদের মধ্যে বিভক্তি ও হানাহানি। পার্বত্য চট্টগ্রাম কমিশনের সদস্য স্বপন আদনান বলেন, চুক্তি বাস্তবায়ন হোক বা না হোক, পার্বত্য চট্টগ্রামের দৃশ্যপট কিন্তু বদলে যাচ্ছে। বাইরের মানুষ গিয়ে বসতি স্থাপন অব্যাহত রেখেছে। ভূমি বণ্টনে একটা চরম বৈষম্য সৃষ্টি হয়েছে। চুক্তি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে। সরকার প্রয়োজনীয় আইন সংশোধন ও বিধিবিধান প্রণয়ন করেনি। বরং সমান্তরালভাবে এমন কিছু প্রক্রিয়া চালানো হচ্ছে, যা চুক্তিকে পাশ কাটিয়ে যাচ্ছে। স্বপন আদনান বলেন, সমাজ ও রাজনীতি যেভাবে বদলে যাচ্ছে, তাতে একসময় চুক্তির বাস্তবায়ন অবান্তর বিষয় হয়ে যাচ্ছে। চুক্তির চেয়েও গভীর কিছু বিষয় ও অন্তরায় আছে, যেদিকে নজর দেওয়া খুব জরুরি। কিন্তু এ ব্যাপারে জাতীয় স্বার্থদীপ্ত বুদ্ধিবৃত্তিক উদ্যোগ নেই। চুক্তিতে কিছু সংশোধনের প্রেক্ষাপটও তৈরি হতে পারে। এসব বিষয় নিয়ে গভীর ভাবনা ও অব্যাহত আলোচনা দরকার।জনসংহতি সমিতির (এমএন লারমা) কো-চেয়ারম্যান সুধাসিন্ধু খীসা বলেন, চুক্তির দ্রুত বাস্তবায়ন দরকার। কিন্তু তা হবে কীভাবে? একটি চাকমা প্রবাদ উল্লেখ করে তিনি বলেন, রোগী মুমূর্ষু। কিন্তু ওষুধ রয়েছে ছয় মাসের দূরত্বে। চুক্তি বাস্তবায়নের জন্য যেসব বিষয় মীমাংসা করা অপরিহার্য, সেগুলোও তো পড়ে আছে বছরের পর বছর ধরে।সুধাসিন্ধু খীসা বলেন, অনেক কাজ করা দরকার। ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম ম্যানুয়াল সংশোধন করে ওই অঞ্চলে ‘১৫ বছর বসবাস করলেই স্থায়ী বাসিন্দা হিসেবে গণ্য’ হওয়ার বিধান করা হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটি বান্দরবানের কয়েক হাজার একর জমির যে লিজ বাতিল করেছিল, সেই বাতিলের আদেশ আবার বাতিল হয়ে গেছে। অনেক সামরিক-বেসামরিক কর্মকর্তা পুনর্বাসিত বাঙালিদের কাছ থেকে জমি কিনেছেন। কার জমি কিনলেন, তা নির্ধারণ করতে হবে। এসব কাজ ফেলে রেখে চুক্তি বাস্তবায়ন হবে কীভাবে?বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক বিনায়ক সেন বলেন, বর্তমান অবস্থায় চুক্তি দ্রুত বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট সব পক্ষের একটি ‘স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক’ থাকতে হবে। যেটি বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে কাজ করবে। সেখানে অব্যাহত আলাপ-আলোচনার মাধ্যমে পথ বের করতে হবে।পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কামাল বলেন, পার্বত্য চট্টগ্রামের বর্তমান অবস্থা কারও জন্যই লাভজনক নয়। সেখানে শান্তির পথ পাওয়া যেতে পারে স্থানীয় পর্যায়ে পাহাড়ি-বাঙালি সবার সঙ্গে আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে। এটা না হওয়ায় চুক্তির সুফল পাওয়া যায়নি। জাহাঙ্গীর কামাল বলেন, পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের দায়িত্বও পাহাড়ি নেতাদেরই নিতে হবে। কারণ, আঞ্চলিক বা জেলা পরিষদের নেতারা কিংবা সাংসদেরা তো বাঙালিদেরও প্রতিনিধি। আর জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে ওই প্রতিষ্ঠানে বাঙালিদের প্রতিনিধিত্বও নিশ্চিত করতে হবে।বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, সরকার চুক্তির পূর্ণ বাস্তবায়নের কথা বলছে। কিন্তু সময় তো বয়ে যায়। তাই দ্রুত চুক্তি বাস্তবায়নের জন্য সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে পাহাড়ি নেতাদের একটি সংলাপ হওয়া দরকার। সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিক হলে তাদেরই এই সংলাপের উদ্যোগ নিতে হবে। হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইলিরা দেওয়ান বলেন, চুক্তি বাস্তবায়নে এখন সরকারের সুবিধা হয়েছে। কারণ এখন জেএসএস, ইউপিডিএফ, সমঅধিকার আন্দোলন—এরা সবাই চুক্তির বাস্তবায়ন চায়। চুক্তি বাস্তবায়নের মাধ্যমেই সরকার পার্বত্য জনগণের আস্থা অর্জন করতে পারে।প্রথম আলোর সম্পাদক বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। পার্বত্য নেতাদের মূল ধারার রাজনীতি ও সমাজের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হবে।আব্দুল কাইয়ুম বলেন, চুক্তি বাস্তবায়নের লক্ষ্য থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। বাস্তবায়নের জন্য করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা দরকার।