পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর চার মাস পর খাগড়াছড়ি জেলায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠক শুরু হয়েছে। এটি বর্তমান সরকারের সময়ে পুনর্গঠিত পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির তৃতীয় বৈঠক।আজ রোববার বিকেল চারটায় খাগড়াছড়ি সার্কিট হাউসে কমিটির সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়েছে।বৈঠকে সদস্য হিসেবে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। এ ছাড়াও আছেন ভারত প্রত্যাগত শরণর্থী ও পার্বত্য চট্টগ্রাম অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন-বিষয়ক টাস্কফোর্সের সভাপতি ও সাংসদ ` যতীন্দ্র লাল ত্রিপুরা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকের মূল আলোচ্য বিষয় হচ্ছে পার্বত্য চুক্তি বাস্তবায়নের অগ্রগতি।পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রথম খণ্ডের তিন ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর মনোনীত সদস্যকে আহ্বায়ক এবং চুক্তির আওতায় গঠিত টাস্কফোর্সের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতিকে সদস্য করে পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের জুলাই মাসে সৈয়দা সাজেদা চৌধুরীকে আহ্বায়ক এবং খাগড়াছড়ির সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা ও জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমাকে সদস্য করে কমিটি পুনর্গঠন করা হয়।পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির আগের বৈঠকটি হয় রাঙামাটিতে। ওই বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে কমিটির আহ্বায়ক সাজেদা চৌধুরী বলেছিলেন, ‘আমরা চুক্তির প্রতিটি দফা ধরে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখন পর্যায়ক্রমে অবাস্তবায়িত বিষয়গুলো বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।’১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি পাহাড়ে বিশাল প্রত্যাশার জন্ম দিলেও বিভিন্ন কারণে এর বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।চুক্তি স্বাক্ষরের পর আওয়ামী লীগ সরকার সংসদের তত্কালীন চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহকে আহ্বায়ক করে চুক্তি বাস্তবায়ন কমিটি গঠন করেছিল। বিগত জোট সরকারের আমলে চুক্তি বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়নি। তারা তত্কালীন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ কমিটি গঠন করেছিল, যে কমিটির কোনো বিধান পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে নেই। তবে ওই কমিটি ১০টির মতো সভা করে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও চুক্তি বাস্তবায়ন কমিটি পুনর্গঠন করা হয়নি। তারা চুক্তি বাস্তবায়নের কিছু পদক্ষেপ নিয়েছিল।বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার করেছিল। জনসংহতি সমিতির অভিযোগ, সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটি গঠন করলেও চুক্তি বাস্তবায়নে মোটেও অগ্রগতি হয়নি।