পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে আবার বিভ্রান্তি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে জনমনে আবার বিভ্রান্তি বাড়ছে। সরকারের পক্ষ থেকে কয়েক দিন ধরে বর্তমান সরকারের মেয়াদেই চুক্তির পূর্ণ বাস্তবায়নের কথা পুনরুল্লেখ করা হচ্ছে। কিন্তু বাস্তবে চুক্তির প্রধান বিষয়গুলো বাস্তবায়নের কাজ বন্ধ রয়েছে।দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রক্রিয়া শেষে গত বছরের ২৯ জুলাই অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১-এর ১৩টি সংশোধনী চূড়ান্ত হয়েছিল। কিন্তু ওই সভার কার্যবিবরণী এখনো প্রণীত হয়নি। অথচ ইতিমধ্যে ওই সংশোধনী প্রস্তাব অনুযায়ী আইনটি সংসদে পাস হয়ে কার্যকর হওয়ার কথা ছিল।সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটি তখন যে সংশোধনী প্রস্তাব ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েছিল, সে অনুযায়ীই ১৩টি সংশোধনী প্রস্তাব আন্তমন্ত্রণালয় সভায় সর্বসম্মভাবে গৃহীত হয়েছিল। কিন্তু সেগুলো তো এখনো আইনে পরিণত হয়ইনি, উপরন্তু ভূমি মন্ত্রণালয় ওই সংশোধনী প্রস্তাব সম্পূর্ণ উপেক্ষা করে এখন আবার নতুন করে প্রস্তাব তৈরি করছে।গত বছরের মাঝামাঝি সময়ে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানের পদটি শূন্য হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সরকার সেখানেও কাউকে নিয়োগ দেয়নি। ফলে ভূমি কমিশনের বিচারিক কাজকর্ম বন্ধ আছে।এই অবস্থায় সরকারের পক্ষ থেকে বর্তমান মেয়াদেই (সর্বোচ্চ আগামী ছয় মাস) পার্বত্য চুক্তি বাস্তবায়নের কথা সব মহলে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে সংশ্লিষ্ট সবার অভিযোগ। সরকারি এই কথার প্রতিবাদ করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় ককাস, আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠন সভা-সেমিনারও চালিয়ে যাচ্ছে।পরিস্থিতি সম্পর্কে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির আহ্বায়ক গৌতম দেওয়ান প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সম্প্রতি একাধিক অনুষ্ঠানে সরকারের বর্তমান মেয়াদের মধ্যেই পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়নের কথা বলছেন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। চুক্তি বাস্তবায়নে কোনো কাজই হচ্ছে না। ফলে বিভ্রান্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা কারও কাম্য নয়।