পার্বত্য চুক্তি বাস্তবায়নে উদ্যোগী হওয়ার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে এক বিশেষ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চুক্তি বাস্তবায়নে সংগঠিত উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে প্রধানমন্ত্রী বলেছেন, ভূমি কমিশন আইন তাড়াতাড়ি সংশোধনের ব্যবস্থা নিন। চুক্তির অন্য যেসব বিষয় বাস্তবায়ন করা হয়নি, সেগুলোর তালিকা করে একে একে বাস্তবায়নের উদ্যোগ নিন।গতকাল শুক্রবার বিকেলে গণভবনে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী ও চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছাড়া পার্বত্য চট্টগ্রামের তিন সাংসদ উপস্থিত ছিলেন। তাঁরা হলেন রাঙামাটির সাংসদ ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, খাগড়াছড়ির সাংসদ ও পার্বত্য শরণার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের প্রধান যতীন্দ্র লাল ত্রিপুরা এবং বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উশে সিং। সভার আলোচ্য বিষয় ও সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে যতীন্দ্র লাল ত্রিপুরা প্রথম আলোকে বলেন, চুক্তি বাস্তবায়নে অগ্রগতিসহ পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এসব বিষয়ে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চান এবং কিছু নির্দেশনা দেন।সভায় দীপংকর তালুকদার বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে দুটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ ভূমিবিরোধ নিষ্পত্তি এবং অভ্যন্তরীণ ও ভারত-প্রত্যাগত শরণার্থীদের পুনর্বাসন আটকে আছে। ভূমি কমিশন আইন সংশোধন না হওয়ায় ভূমিবিরোধ নিষ্পত্তির কাজ এগোতে পারছে না। জেলা পরিষদের কাছে যেসব বিভাগের কাজ হস্তান্তর করার কথা, তা-ও সব করা হয়নি। এসব কারণে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি মাঝে মাঝে অস্থিতিশীল হয়ে উঠছে।এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ভূমি কমিশন আইন জরুরি ভিত্তিতে সংশোধনের পদক্ষেপ নিতে বলেন। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তির কোন কোন বিষয়ে বাস্তবায়নের জন্য কী পদক্ষেপ নেওয়া দরকার, তার একটি তালিকা চান তিনি। বৈঠক সূত্র জানায়, বাস্তবায়ন কমিটি শিগগিরই একটি বৈঠক করে এ তালিকা প্রণয়ন করে প্রধানমন্ত্রীকে দেবে।সভায় একপর্যায়ে সংবিধান সংশোধন এবং পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতির বিষয় আলোচনায় আসে। এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রামের তিন সাংসদ সংবিধানে ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন, এমন একজন বলেন, ‘প্রধানমন্ত্রী এর সঙ্গে একমত হয়েছেন বলে মনে হয়নি।’এ প্রসঙ্গে যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, সংবিধানে ‘আদিবাসী’ হিসেবেই স্বীকৃতি চান তাঁরা। তবে এ ক্ষেত্রে বিশেষ সমস্যা থাকলে বহুজাতিক বাংলাদেশে ‘ক্ষুদ্র জাতি গোষ্ঠী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিলেও তাঁরা মেনে নিতে পারেন। এ বিষয়ে সংবিধান সংশোধন কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে প্রধানমন্ত্রী মত প্রকাশ করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ওই সভার পরই সংবিধান সংশোধন কমিটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।