পার্বত্য জনপদ শান্ত, তবে আতঙ্ক কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনার ১৪ দিন পেরিয়ে গেলেও দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এখনো আতঙ্ক কাটেনি। বসতভিটায় ফিরতে পারেনি বেশির ভাগ আদিবাসী পরিবার। রাঙামাটি জেলার বাঘাইহাট আর খাগড়াছড়ি জেলা শহরের পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর জীবনযাত্রা স্বাভাবিক হয়নি।সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো-কে ত্রাণ ও পুনর্বাসনসামগ্রী দেওয়া শুরু হয়েছে। বাঘাইহাট উপজেলার ৩৯৭টি পরিবারকে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করে পরিবারপ্রতি এক বান্ডিল টিন ও নগদ দুই হাজার টাকা করে দেওয়া হচ্ছে। অনেক আদিবাসী পরিবার এই টাকা নিয়ে বসতভিটায় না ফিরে আবারও বনে ফিরে গেছে। বাঘাইছড়ি সংরক্ষিত বন ও খাগড়াছড়ি জেলার পার্শ্ববর্তী আদিবাসী পাড়াগুলোতে বেশির ভাগ পরিবার এখনো আশ্রয় নিয়ে আছে।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এরই মধ্যে পরিবারপ্রতি সোয়া চার হাজার টাকা নগদ, ক্ষয়ক্ষতি অনুযায়ী পরিবারপ্রতি দুই থেকে চার বান্ডিল টিন ও প্রতিটি পরিবারের জন্য তিন মাসের ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। শিগগিরই তা বণ্টন শুরু হবে।খাগড়াছড়ি আসন থেকে নির্বাচিত সাংসদ যতীন্দ্রলাল ত্রিপুরার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, আদিবাসী ও বাঙালিদের মধ্যে সৃষ্টি হওয়া অবিশ্বাস কাটাতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। সবাইকে ঘরে ফেরাতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীকে নিয়ে শিগগিরই বৈঠকের আয়োজন করা হবে। আশা করা যাচ্ছে এরপর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। সম্প্রতি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও খাগড়াছড়ি জেলা সদর ঘুরে দেখা গেছে, পরিস্থিতি এখনো থমথমে। কবে শান্ত হবে পাহাড়ি এই জনপদ, তা নিয়ে সংশয়ের আভাস পাওয়া গেল আদিবাসী-বাঙালি সবার কণ্ঠে। নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ঘিরে রেখেছে তাদের। কারফিউ ও ১৪৪ ধারা উঠে গেছে। দু-এক দিন পর পর বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও ঘরবাড়ি পোড়ানোর ঘটনা ঘটছে। খাগড়াছড়ি জেলা সদরের কাছে সাতভাইয়া পাড়ায় পুড়ে যাওয়া ঘরের সামনে দাঁড়িয়ে আহাজারি করছিলেন থৈঅংগ্য মারমা। ২৩ ফেব্রুয়ারি রাতে বসতভিটায় আগুন ধরানোর স্মৃতি মনে করতে গিয়ে চোখ ছল ছল করে ওঠে তাঁর। বলেন, ‘সিনেমায় বাড়িতে আগুন ধরানোর দৃশ্য দেখছি। নিজের ঘরেই ওই আগুন লাগবে ভাবতে পারিনি।’সাতভাইয়াপাড়া উন্নয়ন কমিটির হিসাবে, ওই পাড়ায় ৩৯টি ঘর পুরোপুরি পুড়ে গেছে। লুটপাট হয়েছে ৪৬টি ঘর। তারা কেউই এখনো ঘরে ফেরেনি।গলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য কংচাই মারমার নিজের বসতভিটাও পোড়ানো হয়েছে। প্রতিবেশীদের বাড়িতে থেকে ত্রাণ কার্যক্রম তদারক করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘নিজের ঘরই রক্ষা করতে পারিনি ভাই, অন্যের কথা আর কী বলব।’ এখনো আতঙ্ক কাটেনি তাই বেশির ভাগ আদিবাসী ঘরে ফিরছে না বলে মন্তব্য করেন তিনি। ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু হওয়ার পরও কেন আদিবাসীরা ঘরে ফিরছে না, জানতে চাইলে ক্ষতিগ্রস্ত বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া বলেন, প্রশাসন থেকে শান্তি মিছিল, সম্প্রীতি সমাবেশ করার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। দ্রুত পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তিনি আশা করেন। তদন্ত চলছে: দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির সহিংস ঘটনায় এ পর্যন্ত ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৩৪ জন, খাগড়াছড়িতে বিএনপি ও আওয়ামী লীগের চারজন করে, জামায়াতে ইসলামীর দুজন এবং পাহাড়ি-বাঙালি ছাত্র পরিষদের পাঁচ নেতা-কর্মী।এ ব্যাপারে খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমীর জাফর প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্ত ও সন্দেহের ভিত্তিতে এদের গ্রেপ্তার করা হয়েছে। খুব শিগগিরই তদন্তকাজ শেষ হবে।গত ১৯ ফেব্রুয়ারি রাঙামাটির বাঘাইহাটে রেকাবাছড়া বাজারের কাছে আদিবাসীদের ছয়টি দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার সূত্রপাত। পরে বাঘাইছড়ির আদিবাসী পল্লিতে হামলা করে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার জের ধরে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে সংঘাত ছড়িয়ে পড়ে। ২৩ ফেব্রুয়ারি খাগড়াছড়ি জেলার সাতভাইয়াপাড়া, মহাজনপাড়া, কলেজপাড়া ও রাঙামাটি জেলা সদরের আদিবাসী গ্রামে হামলা হয়। বাঘাইছড়ি উপজেলায় বুদ্ধপতি চাকমা ও লক্ষ্মীবিজয় চাকমা নামের দুই আদিবাসী এবং খাগড়াছড়ি জেলা সদরের কাছে আনোয়ার হোসেন নামের এক পৌরসভার নৈশপ্রহরী মারা যান। এ ঘটনায় আহত হন মোট ২২ জন।পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা ও কারফিউ জারি করা হয়। এখন ১৪৪ ধারা বা কারফিউ নেই। তবে খাগড়াছড়ি জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল বজায় রেখেছেন।সংসদীয় প্রতিনিধিদল আজ যাচ্ছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় প্রতিনিধিদল আজ শনিবার পার্বত্য চট্টগ্রাম যাচ্ছে। প্রতিনিধিদলের সদস্যরা সম্প্রতি ঘটে যাওয়া সহিংস ঘটনা সম্পর্কে জানতে ঘটনাস্থল পরিদর্শন করবেন। তাঁরা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। দুই দিনের সফর শেষে তাঁরা ঢাকায় ফিরে সংসদ নেতার কাছে একটি প্রতিবেদন দেবেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় প্রতিনিধিদলের সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে নির্বাচিত সাংসদ শাহ আলমের নেতৃত্বে ছয় সদস্য এই সফরে যাচ্ছেন। অন্য সদস্যরা হলেন দীপংকর তালুকদার, যতীন্দ্রলাল ত্রিপুরা, এ টি এম গিয়াসউদ্দিন, ফজলে করিম ও আবদুর রহমান বদি। গতকালই তাঁরা চট্টগ্রামে পৌঁছান। আজ ভোরে তাঁরা খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেবেন।সংসদীয় দলের প্রধান শাহ আলম প্রথম আলোকে জানান, সংসদীয় প্রতিনিধিদল স্বতন্ত্রভাবে একটি তদন্ত পরিচালনা করবে। ঘটনাস্থল পরিদর্শন ছাড়াও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলবে। অন্য যে তদন্তগুলো হচ্ছে, তাও পর্যালোচনা করবে। কাল গণশুনানি: আদিবাসীবিষয়ক জাতীয় কোয়ালিশনের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামের সহিংস ঘটনার ব্যাপারে গণশুনানির আয়োজন করা হয়েছে। কাল রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠেয় এই শুনানিতে রাঙামাটির বাঘাইহাট ও খাগড়াছড়ি জেলার আটজন প্রতিনিধি তাঁদের অভিজ্ঞতা তুলে ধরবেন। গণশুনানি প্যানেলের সভাপতি থাকবেন বিচারপতি গোলাম রাব্বানী।