রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় গতকাল বুধবার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি মোটামুটি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। রাঙামাটিতে মোটরসাইকেলে আগুন ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। রাঙামাটি ও খাগড়াছড়িতে চারজন পিকেটারকে গ্রেপ্তার করা হয়েছে।সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে ‘সংখ্যালঘু জাতিসত্তার স্বীকৃতি না দেওয়া এবং বাঙালি জাতীয়তা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে’ পার্বত্য চুক্তিবিরোধী ইউপিডিএফ গতকাল ভোর ছয়টা থেকে রাঙামাটি ও খাগড়াছড়িতে ৩৬ ঘণ্টা এবং বান্দরবানে শুধু গতকাল সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেয়।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাঙামাটি: গতকাল বেলা আড়াইটার দিকে বাঘাইছড়ি উপজেলা সদর থেকে মো. জুয়েল ও টিটু চাকমা নামের দুজন যুবক মারিশ্যা ইউনিয়নের বারিবিন্দুঘাট এলাকায় যান। এ সময় পিকেটারদের সামনে পড়লে তারা ওই দুজনকে মারধর করে এবং তাঁদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। আহত জুয়েলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মগাছড়ি যৌথ খামার এলাকায় একটি অটোরিকশা লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। কাউখালী থানার সহকারী পরিদর্শক (এসআই) আবু হোসেন জানান, অটোরিকশাটির সামনের কাচে গুলির চিহ্ন রয়েছে।অবরোধে জেলার কাপ্তাই উপজেলায় স্বাভাবিক যানবাহন চলাচল করলেও অপর নয়টি উপজেলায় সড়ক ও নৌপথে কোনো যানবাহন চলাচল করেনি।বান্দরবান: বান্দরবানে অবরোধ চলার সময় ইউপিডিএফের দুজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল ভোর থেকে ইউপিডিএফের নেতা-কর্মীরা জেলা শহরের সঙ্গে অন্যান্য স্থানের সংযোগ সড়ক ও নৌপথগুলোয় পিকেটিং করতে থাকেন। সকালে বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম সড়কে পিকেটিং করার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা হ্লাচিং মারমা ও অংসাথুই মারমা নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।ইউপিডিএফের জেলা আহ্বায়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা জানান, পরিবহন সংস্থা, শ্রমিক-কর্মচারীসহ জেলার সর্বস্তরের আদিবাসী-বাঙালি স্বতঃস্ফূর্তভাবে অবরোধ কর্মসূচিতে সাড়া দিয়েছে।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, সড়কে গাছ ফেলে স্বাভাবিক যান চলাচলে বাধা দেওয়ায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।খাগড়াছড়ি: জেলায় প্রায় সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। মাটিরাঙ্গা উপজেলার বুদুমপাড়ায় পিকেটাররা নিরাপত্তা বাহিনীর মালামাল পরিবহনে নিয়োজিত একটি ট্রাক লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে একটি ট্রাকের সামান্য ক্ষতি হয়। এ ছাড়া খাগড়াছড়ি শহরে ঢোকার সময় পিকেটাররা একটি নৈশ কোচ লক্ষ্য করে ঢিল ছোড়ে।খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, জেলায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, তবে বুদুমপাড়ায় গাড়িতে ইটপাটকেল ছোড়ার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা এক বিবৃতিতে অবরোধ কর্মসূচি পালনে সহযোগিতা করায় তিন জেলার সড়ক ও নৌপরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সংগঠনসহ পাহাড়ি-বাঙালি সাধারণ জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি ও রাঙামাটিতে অবরোধ কর্মসূচি সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।