পার্বত্য ভূমি কমিশন আইন ২০০১ সংশোধনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি না দিলে সমস্যার সমাধান হবে না। সমতল ও পার্বত্য অঞ্চলের আইন সম্পূর্ণ আলাদা। পার্বত্যাঞ্চলে যে প্রথাগত আইন রয়েছে, তা মাথায় রেখে ভূমি কমিশনকে কাজ করতে হবে।আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন-২০০১ সংশোধন ও ভূমি সমস্যা সমাধানে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।কাপেং ফাউন্ডেশন, খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশন এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি শক্তিপদ ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাপেং ফাউন্ডেশনের উপদেষ্টা মঙ্গল কুমার চাকমা।অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, বাংলাদেশ আদিবাসী ফোরামে সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং কাপেং ফাউন্ডেশনের চেয়ারপারসন রবীন্দ্রনাথ সরেন প্রমুখ। সঞ্জীব দ্রং বলেন, বর্তমান ভূমি কমিশন চেয়ারম্যানের পার্বত্য চুক্তি, সেখানকার প্রথাগত আইন, জীবনধারা, সংস্কৃতি প্রভৃতি সম্পর্কে ধারণা খুব কম। তিনি সমতলের আদিবাসীদের জন্য আদিবাসীবান্ধব পৃথক একটি ভূমি কমিশন গঠনের দাবি জানান। গৌতম দেওয়ান বলেন, পার্বত্য চুক্তি অনুযায়ী কমিশন সেখানে কিছু করতে চাইলে আঞ্চলিক পরিষদকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। কিন্তু বর্তমান ভূমি কমিশনের চেয়ারম্যান তা না করে একক সিদ্ধান্তে কাজ করছেন। এ জন্য তিনি বর্তমান ভূমি কমিশনের চেয়ারম্যানের অপসারণ দাবি করেন।মূল প্রবন্ধে মঙ্গল কুমার চাকমা বলেন, ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য ২৩টি সাংঘর্ষিক ধারা রয়েছে, তা সংশোধন করে কমিশনকে কাজ করতে হবে। কমিশনের চেয়ারম্যান একাই সিদ্ধান্ত নেন। এ জন্য কমিশনের অন্য সদস্যদের মধ্যে ক্ষোভ রয়েছে। তিনি ভূমি বিরোধ নিষ্পত্তি না করে ভূমি জরিপ করতে চেয়েছিলেন। কিন্তু জনগণের বিক্ষোভের মুখে তা তিনি করতে পারেননি। সভাপতির বক্তব্যে শক্তিপদ ত্রিপুরা বলেন, ভূমি কমিশনের চেয়ারম্যান সব সময় পার্বত্য চুক্তিবিরোধী কাজ করেন। তাই তাঁকে অপসারণ করে যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান করা হোক। বিজ্ঞপ্তি।