পার্বত্যাঞ্চলে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম কমিশন আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি খুবই কম। বর্তমানে সেখানকার মানবাধিকার পরিস্থিতি বেশ উদ্বেগজনক। গতকাল শনিবার বিকেলে সিরডাপ মিলনায়তনে কমিশনের কো-চেয়ার সুলতানা কামালের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সম্পর্কে সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে, বাস্তবতা তার চেয়ে একেবারেই ভিন্ন। চুক্তির মৌলিক বিষয়গুলোর একটির ভগ্নাংশও বাস্তবায়িত হয়নি। চুক্তির বাস্তবায়ন যে তিমিরে ছিল, সেই তিমিরেই আছে।সূচনা বক্তব্যে সুলতানা কামাল পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে সরকারের পক্ষ থেকে এমন কিছু পদক্ষেপ দাবি করেন, যাতে ভবিষ্যতে আদিবাসীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত হয়।অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল, সফরের গতিবিধি নিয়ন্ত্রণ, পঞ্চদশ সংশোধনী ও উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য দেন কমিশনের সদস্য স্বপন আদনান ও ইয়াসমিন হক। স্বপন আদনান বলেন, ভূমি বেদখলে শীর্ষে আছে সরকার। চুক্তি সইয়ের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বড় ব্যবসায়ী ও এনজিওগুলো নানাভাবে ভূমির মালিক হতে শুরু করেছেন। ফলে ভুক্তভোগীরা প্রশাসনের সহায়তা পান না।ইয়াসমিন হক বলেন, পাকিস্তানি সেনারা বাঙালিদের সঙ্গে যে আচরণ করেছে, প্রায় ৩৫ বছর ধরে দেশের সেনাবাহিনী ও বাঙালিরা পাহাড়িদের সঙ্গে সেই একই আচরণ করেছে। সম্প্রতি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ওই অনাচার ও বৈষম্যকে বৈধতা দেওয়া হয়েছে। কমিশনের উপদেষ্টা মেঘনা গুহঠাকুরতা বলেন, পার্বত্য চট্টগ্রামের অপেক্ষাকৃত উর্বর সমতলভূমি, হাটবাজারের মতো অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুগুলো আগেই আগ্রাসনের শিকার হয়েছে। এরপর শুরু হয়েছে পাহাড়িদের বসতভিটা থেকে বন-বাগান পর্যন্ত আগ্রাসনের পালা।পার্বত্য চট্টগ্রামে সামরিকীকরণ সম্পর্কে কমিশনের সদস্য ইফতেখারুজ্জামান বলেন, সেখানে একধরনের সামরিক শাসন চলছে। দেশের এক-তৃতীয়াংশ সেনাসদস্য পার্বত্য চট্টগ্রামে মোতায়েন আছেন। অথচ নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ওই অঞ্চলে কোনো বহিঃশত্রুর আক্রমণের আশঙ্কা নেই। পার্বত্য চট্টগ্রামের সংঘাতময় পরিস্থিতি উপশমের যুক্তিতে সেনা মোতায়েন থাকলেও সংঘাতের উপশম হচ্ছে না। কারণ, সমস্যাটি রাজনৈতিক। সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘাতে ইন্ধন জোগানো এবং মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ আছে।পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতন ও নারীর ওপর সহিংসতা ব্যাপক হারে বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্য খুশী কবির বলেন, এ পরিস্থিতি কোনোভাবেই কাম্য হতে পারে না। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আইনজীবী জুয়েল দেওয়ান বহুল আলোচিত কল্পনা চাকমার অপহরণ মামলার বিস্তারিত উল্লেখ করে বলেন, একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত এ-সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনেও বলা হয়েছে, কল্পনা চাকমার অপহরণ ওই অঞ্চলে এ ধরনের হাজারটি ঘটনার একটি। ১৬ বছর ধরে মামলাটি তদন্তাধীন। প্রয়োজনীয় সব সাক্ষ্য-প্রমাণ থাকা সত্ত্বেও প্রতিকার হচ্ছে না।অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির আহ্বায়ক গৌতম দেওয়ান, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান অ্যান্ড জেন্ডার স্টাডিজের অধ্যাপক মালেকা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ, সৌরভ শিকদার ও জোবাইদা নাসরিন, আইনজীবী জেড আই খান পান্না, এনজিওকর্মী শেফালিকা ত্রিপুরা, বিপাশা চাকমা, দেবলীনা চাকমা প্রমুখ মুক্ত আলোচনা পর্বে অংশ নেন।