পার্ল নদীর তীরে
এশিয়াডের মঞ্চে কত ঘটনা! গুয়াংজু থেকে লিখেছেন মাসুদ আলমআন্ডারগ্রাউন্ড রেলের কামরায় রাত সাড়ে এগারোটাতেও কোলাহল। দেড় বছরের শিশুকে বুকের সঙ্গে বেঁধে মা এক হাতে ধরে রেখেছেন হাতল। ভিড়ের মধ্যে অল্প একটু জায়গায় জা উন পরিবার খানিক বিড়ম্বনার শিকার। কিন্তু মুখে হাসি। স্বামীর সঙ্গে গল্প করতে করতে বাড়ি ফিরছেন আই ইউ।লাল-তারা পতাকা তাঁর হাতে। এশিয়ান গেমসের কোনো এক মাঠে খেলা দেখেছেন বোঝা যায়। ‘কী খেলা দেখেছেন?’ নানাভাবে প্রশ্ন বোঝানোর পরও বললেন না আই ইউ। চীনা মাঝবয়সী ভদ্রমহিলা বাববার স্বামীর দিকে তাকাচ্ছেন আর লাজুক হাসছেন। পিং পং মানে টেবিল টেনিস দেখে ফিরছেন—শেষমেশ এটুকু বোঝা গেল। চীনারা মাঠে বসে খেলা দেখতে ভালোবাসেন। এমনকি সেটি ত্রিকেট হলেও! ক্রিকেট বোঝে না বলে বাংলাদেশিদের আড্ডায় কত হাসি-ঠাট্টা চীনাদের নিয়ে, কিন্তু সেই ক্রিকেট ম্যাচ দেখতে শহরের এক প্রান্তের ছয় হাজার আসনসংখ্যার স্টেডিয়াম পরিপূর্ণ! মাঠে ঢোকার জন্য লম্বা লাইন! সেই লাইনে দাঁড়াতে ষাটোর্ধ্ব লি কাইয়ের ক্লান্তি বা বিরক্তি কিছু নেই। গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দেখতে চলে এসেছিলেন ১০ কিলোমিটার দূর থেকে। অনুষ্ঠান দেখে প্রশংসায় পঞ্চমুখ গুয়াংজুর এই বাসিন্দা। চীনের এক সময়ের ক্যান্টন প্রদেশের রাজধানীতে এশিয়ান গেমসের ষোলতম আসর গর্বিত করে তাঁকে। ঝকঝকে এবং নিরাপদ সড়ক ধরে হেঁটে যাওয়া পথে আনন্দ-উচ্ছ্বাস, স্থানীয় ভাষায় জনপ্রিয় গানের প্রথম কলি বিড়বিড় করে গেয়ে যান লি, ‘নউদা...নউদা...নউদা।’ ইংরেজি ভাবার্থটা এমন, ‘ইট ইজ রেইনিং হার্ডার’। কাছাকাছি বাংলা অর্থ, ‘বেশি বেশি বৃষ্টি’। চীনা শিশুদের নাকি ছোটবেলায় এই গান শেখানো হয়। যাতে তাদের মানসিক বিকাশে কোনো ঘাটতি না থাকে, জীবনে বেশি বেশি অর্জনের লক্ষ্যই তাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে রাষ্ট্র। দুই বছর আগে বেইজিং অলিম্পিক আয়োজন চীনা জাতিসত্তায় যোগ করেছে নতুন আভিজাত্য। সেই আয়োজনের ডেপুটি ডিরেক্টর ইন চিফ চেন উইয়ার পরিচালনায় হাইশিংশা স্কয়ারে পার্ল নদীর তীরে (২২১৪ কিলোমিটার লম্বা নদী পার্ল, চীনের তৃতীয় বৃহত্তম। গুয়াংজুর সবচেয়ে বড়) এবারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বলা হলো, ‘রোমান্স নেভার আউট অব স্টাইল’। ‘ডান্স স্পোর্টস’ দেখে কথাটি ভালোই অনুভূত হলো। এশিয়ান গেমসে ১২ বছর সৌন্দর্যবর্ধক ইভেন্ট ছিল এটি। এখন পদকের ইভেন্ট। আবশ্যকীয় ছন্দ, অঙ্গসঞ্চালন, নাচের তাল—কী নেই এই বলরুম নাচে। বিচারক এবং দর্শকদের বেশি মোহাবিষ্ট করে রাখতে পারেন দম্পতি প্রতিযোগীরাই—এ কারণেই চীনা দম্পতিরা এখন ঝাঁকে ঝাঁকে এই খেলায় ঝুঁকছে। কুয়েতের কিশোর কিম ইয়ান সুবের খেলার জগতে আসার কারণটা অবশ্য ভিন্ন। ৪৫ দেশের দশ হাজারেরও বেশি ক্রীড়াবিদের এই মহাযজ্ঞে তাঁর আগমন চাচার স্বপ্ন পূরণ করতে। গত দোহা এশিয়াডে ইকুয়েস্ট্রিয়ান ইভেন্টে (ঘোড়দৌড়) খেলছিলেন চাচা চাইচি লাই। দুর্ভাগ্য, ঘোড়া থেকে ছিটকে ৪৭-এ নিভে যায় তাঁর জীবনপ্রদীপ। এবার সোনা জিতে চাচাকে তা উৎসর্গ করতে চেয়েছিলেন কিম, পারলেন না অবশ্য। তবে গেমসপল্লির আন্তর্জাতিক জোনে দাঁড়িয়ে ওই কিশোর আরবি উচ্চারণে ভাঙা ভাঙা ইংরেজিতে বলছিল, ‘নেক্সড তাইম...’। মালয়েশিয়ার সেইলিং খেলোয়াড় লে হ্যাম হক ৬৬ বছর বয়সে তো আর ‘নেক্সড তাইম’ বলতে পারেন না! ১৯৫১ সালে এশিয়ান গেমস শুরুর ৭ বছর আগে জন্মেছেন। শরীরে বয়সের ছাপ। সেটা সামলে এশিয়াডের মতো বড় আসরে এবারও খেলতে চলে এলেন! ‘সবার চেয়ে বড় আমি। আমি নার্ভাস অনুভব করছি’—গেমসপল্লির আন্তর্জাতিক জোনে হঠাৎই বাংলাদেশি সাংবাদিকের কৌতূহল মেটালেন হাসিমুখে। এই গেমসের সবচেয়ে বয়সী খেলোয়াড় বাংলাদেশের দাবার রানি, রানী হামিদের চেয়ে কাগজে-কলমে এক মাসের ছোট, কিন্তু অনেকগুলো এশিয়াডে খেলায় লে হ্যামই বেশি দৃষ্টি কাড়েন।সবচেয়ে কম বয়সী খেলোয়াড়? নাম তার কিম তায়ে ইয়ং। দক্ষিণ কোরিয়ার এই ‘শিশু’র বয়স ১১। গেমসের সবচেয়ে বয়সী খেলোয়াড়ের চেয়ে ৫ দশকেরও বেশি বয়সের ছোট! অদ্ভুত এক প্রতিযোগিতার মঞ্চ গেমস। যেখানে বয়স কোনো বাধা নয়।মাত্র ১৪ বছর বয়সে সোনা জিতে সেটাই দেখাল চীনের মেয়ে ইয়ে সিয়েন। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে সাঁতারে প্রতিবেশী ১৬ বছরের জাওঝুকে হারিয়েছেন ফাইনালে। স্কুলে পড়ার সময় তার লম্বা হাত নিয়ে কুয়ানজিংয়ের সান্ধ্য দৈনিকে রিপোর্ট ছাপা হয়েছিল। তার পরই সাঁতারে আসা। এভাবে অনেক গল্পই রচিত হচ্ছে চীনের অন্যতম বড় শহর গুয়াংজুতে। মেয়েদের এক শ মিটার এয়ার পিস্তলে সোনা জিতে সেই গল্পের আরেক চরিত্র জিম ইয়ন মি। দক্ষিণ কোরিয়ার এই অন্তঃসত্ত্বা শ্যুটার অসুস্থ শরীরে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। ‘শরীরে অনাগত সন্তান আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে। শারীরিক ও মানসিকভাবে আমি দুর্বল ছিলাম, তবু জিতেছি’—সোনা জয়ের পর দোভাষীর মাধ্যমে কথাটা বলার সময় তাঁর চোখ-মুখ ছিল উজ্জ্বল।নিয়তির কী পরিহাস, সাইক্লিংয়ে সোনা জিতেও মুখে রাজ্যের অন্ধকার চীনের চিন হোর। রেসের সময় সাইকেল উল্টেপাল্টে ঘটল দুর্ঘটনা। ভূপাতিত হলেন সোনাজয়ীসহ দশজন সাইক্লিস্ট। শরীরের বিভিন্ন অংশে ক্ষত-বিক্ষত হওয়ার দাগ। এই গেমস তাঁদের কাছে ভয়ানক এক অভিজ্ঞতাই হয়ে থাকল, যা ভুলে যেতে চাইবেন তাড়াতাড়ি।পার্ক ইয়ং টেক ভুলতে চাইবেন না কিছুই। ২০ বছর আগে বেইজিং এশিয়াড়ে সোনা জিতেছেন, মাঝে জিতেছেন ১৯৯৮ ব্যাংকক এশিয়াডে। ২৫ মিটার সেন্টার ফায়ার পিস্তল শ্যুটিংয়ে এবার সোনার পদক গলায় তুলে ৪৪ বছর বয়সী এই দক্ষিণ কোরিয়ান ইতিহাসে ঢুকে পড়লেন। সর্বশেষ দুই দশক সময়ের মধ্যে তিনিই এশিয়াডে সোনাজয়ী একমাত্র অ্যাথলেট। গর্বিত পার্কের প্রতিক্রিয়ার বাংলা তরজমা, ‘আমার নাতি-পুতিদের একদিন এই গল্প শোনাব।’গল্প কম-বেশি সবারই থাকবে। সৌন্দর্য আর আধুনিকতায় ইউরোপকেও হার মানানো গুয়াংজু শহরটাই মনে পড়বে বেশি। দেশে ফিরে সবার চোখের সামনেই ভাসবে একটা জিনিস—ক্যালকুলেটর। ছোট্ট এই যন্ত্রটিই চীনে সবচেয়ে দর্শনীয় বস্তু। ইংরেজি না জানায় ফুটপাথের দোকানি থেকে শুরু করে বহুতল বিপণিবিতানের বড় ব্যবসায়ীর হাতেও এই ক্যালকুলেটর। কিছু কিনতে চাইলে ক্যালকুলেটর টিপে দাম দেখান। ক্রেতাও ক্যালকুলেটর টিপে দামাদামি করেন। ক্যালকুলেটর ছাড়া চীনারা একরকম অচলই বলা যায়!চীনারা এতই অগ্রসরমান এক জাতি যে ত্রিশ হাজার টাকার আইফোনের কপি তিন হাজার টাকায় বিক্রি করছে! আসল পণ্যের ভিড়ে কম মূল্যের নকল পণ্যে বাজার সয়লাব। এ যেন ঢাকার গুলিস্তান! শাওবি নামের জায়গাটা যেন একখণ্ড আফ্রিকা! গোটা এলাকাটা ভরপুর আফ্রিকার মানুষে। ওটা আফ্রিকান পাড়া। চীনের ইলেকট্রনিক সামগ্রী থেকে শুরু করে নানা জিনিসপত্র নিজেদের দেশে নিয়ে বিক্রি করেন তাঁরা। এঁদের উৎপাতে রাস্তা দিয়ে হাঁটা দায়। দোকানে যাবেন, জায়গা নেই। আফ্রিকানে ভরা!পার্ল নদীর তীরে এশিয়ার সেরা অ্যাথলেটদের হাসি-আনন্দের মাঝে এসবও আপনার চোখ কাড়বে।