পার্লামেন্টই সর্বময়, সেনাবাহিনীকে স্মরণ করালেন গিলানি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, সংসদে আস্থা ভোটের কোনো প্রয়োজন নেই। দেশে গণতন্ত্র থাকবে নাকি স্বৈরশাসন চলবে, পার্লামেন্টই তা নির্ধারণ করবে। আজ শুক্রবার দেশটির পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলিতে তিনি এ কথা বলেন।গিলানি দেশটির সেনাবাহিনীর দেওয়া সাম্প্রতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে বলেন, ‘আমরা কোনো প্রতিষ্ঠানের পক্ষে সাফাই গাইতে পার্লামেন্টে আসিনি।’পাকিস্তানের সেনাবাহিনী গত বুধবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী গিলানির উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রীর আপত্তিকর মন্তব্য দেশটিতে বিভক্তি ও প্রতিহিংসার জন্ম দেবে। দেশের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে।গত সপ্তাহের প্রথম দিকে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বরাত দিয়ে চীনের পিপলস ডেইলি অনলাইন জানায়, পাকিস্তানের সেনাপ্রধান ও গোয়েন্দা সংস্থার প্রধান সংবিধান অমান্য করছেন। সুপ্রিম কোর্টের তদন্ত সম্পর্কে তাঁরা একের পর এক একপেশে মন্তব্য করে যাচ্ছেন।গিলানির মন্তব্যের পর পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী ও দুর্বল গণতান্ত্রিক সরকারের মধ্যকার বিদ্যমান সংকট আরও জটিল আকার ধারণ করে। প্রধানমন্ত্রী গিলানি সেনাবাহিনীর প্রধান আশফাক কায়ানি ও লে. জেনারেল আহমাদ সুজা পাশার বিরুদ্ধে সংবিধান অমান্য করার অভিযোগ আনেন।গিলানি বলেন, সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের কোথাও সাক্ষ্য দিতে যাওয়ার আগে অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে। তিনি আরও বলেন, ‘সব মানুষের উচিত সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আমরা ন্যাশনাল রিকাউন্সিলেশন অর্ডিন্যান্স ২০০৭-এর প্রতি সমর্থন জানাতেও পার্লামেন্টে আসিনি।’