পার্লামেন্টে ঘুমাচ্ছিলেন লেবার পার্টির এমপি
আফগানিস্তানে তালেবান হামলায় দুই ব্রিটিশ সেনার মৃত্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে। আর সে সময় দিব্যি ঘুমাচ্ছিলেন এমপি স্টিফেন পাউন্ড। গতকাল দুপুরে এ আচরণের জন্য লেবার পার্টির এ সদস্যের বিরুদ্ধে সংবেদনহীনতার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের নাগরিকেরা।গত শনিবার আফগানিস্তানে তালেবানদের হামলায় নিহত হয়েছিলেন দুইজন ব্রিটিশ সেনা। এবিষয়ে গুরুগম্ভীর আলোচনার সময় গতকাল দুপুরে দিব্যি ঘুমিয়ে সময় কাটাচ্ছিলেন লেবার পার্টির এমপি স্টিফেন পাউন্ড। এসময় দেখা যায় ঘুমে একবার ডানদিকে ঢুলে পড়েন নর্দান আয়ারল্যান্ডের এই ছায়া মন্ত্রী। পরক্ষণেই আবার বসেন সোজা হয়ে। কিন্তু তার চোখ ঘুমে বোজাই ছিল। এই ঘটনার পুনরাবৃত্তি হয় আরও দুই-এক বার। পার্লামেন্টে বসে ব্রিটিশ সেনা নিহত হওয়ার আলোচনার সময় এই ঘুমের ঘটনাটি তীব্র ক্ষোভ তৈরি করেছে ব্রিটিশ নাগরিকদের মনে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নাগরিকরা। এমনই একজন এক টুইটার বার্তায় লিখেছেন, ‘কেউ কী লক্ষ করেছেন যে, যখন আফগানিস্থানে আমাদের সেনা নিহত হওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছিল, তখন সাংসদ স্টিভেন পাউন্ড ঘুমাচ্ছিলেন? আমি এটা নিয়ে খুবই মর্মাহত।’ আরেক নাগরিক ক্ষুব্ধভাবে এমপির উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেন যে, এইভাবে ঘুমানোর জন্যই কী তাকে বেতন দেওয়া হয়? তিনি লিখেছেন, ‘লেবার পার্টির এমপি আফগানিস্তানে আমাদের সৈন্যদের উপস্থিতি নিয়ে আলোচনার সময় ঘুমিয়ে কাটাচ্ছিলেন। আমরা কী তাকে এই কারণে বেতন দিই?’