পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হারাল পুতিনের দল
রাশিয়ার পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া পার্টি। গতকাল রোববার অনুষ্ঠিত পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার নির্বাচনে প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের এ দল পেয়েছে ২৩৮টি আসন।কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে ৯৫ দশমিক ৭ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ৪৯ দশমিক ৫৪ ভোট পেয়ে ২৩৮টি আসন পেয়েছে ইউনাইটেড রাশিয়া। ২০০৭ সালে ৬৪ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে ৪৫০ আসনের দুমায় দলটি ৩১৫টি আসন লাভ করে। এবারের নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে ক্ষমতাসীন দল বিরোধীদের ছাড়া এককভাবে সংবিধান সংশোধন করতে পারবে না।নির্বাচন কমিশন জানায়, দুমার নির্বাচনে ১৯ দশমিক ১৬ শতাংশ পেয়ে দ্বিতীয় স্থান লাভ করে কমিউনিস্ট পার্টি। আর ১৩ দশমিক ২২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে এ জাস্ট রাশিয়া।বিশ্লেষকেরা বলছেন, পার্লামেন্টে নির্বাচনের এই ফলাফল পুতিনের জন্য বিব্রতকর। কারণ, আগামী মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে আবার ক্রেমলিনের ক্ষমতায় আসতে চান পুতিন। এর আগে এ নির্বাচনকে পুতিনের জনপ্রিয়তা যাচাইয়ের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। দুমায় ইউনাইটেড রাশিয়া দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হারানোকে স্পষ্টতই পুতিনের জনপ্রিয়তায় ভাটা পড়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে, বিরোধী দলগুলো ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগ করেছে। কমিউনিস্ট পার্টির উপপ্রধান ইভান মেলনিকোভ বলেন, ‘আমরা আঞ্চলিক কার্যালয়গুলো থেকে নির্বাচনী আইন লঙ্ঘন ও জালিয়াতির হাজারও অভিযোগ পেয়েছি।’ নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা গোলোসও নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছে। সংস্থাটি বলছে, তারা নির্বাচনী আইন ভঙ্গের পাঁচ হাজার ৩০০টি অভিযোগ করেছে। রয়টার্স ও বিবিসি।