পাল তোলা সাইকেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাল তোলা নৌকার ছুটে চলার দৃশ্যটি অনেকেরই চেনা। তবে পিচ ঢালা পথে পাল তুলে কোনো একটা যান ছুটে চলছে, এমন দৃশ্য দেখলে শুরুতে বিশ্বাস করতে নিশ্চয়ই বেশ কষ্ট হবে। কিন্তু বিশ্বাস করতে কষ্ট হলেও তা মেনে নেওয়ার দিন বুঝি এল! আজ শুক্রবার ডেইলি মেইল পত্রিকায় তেমনি একটি খবর বেরিয়েছে। খবরে বলা হয়েছে, পিচ ঢালা পথে এবার পাল তুলে ছুটে চলবে বাইসাইকেল। এক দশমিক ছয় বর্গমিটার দীর্ঘ পালযুক্ত ‘হুইক’ নামের তিন চাকার এই বাইসাইকেলটি তৈরি করেছেন ব্রিটেনের ১৯ বছর বয়সী নেড অফেনাস্ট। প্রতি ঘণ্টায় সাইকেলটি পাড়ি দেবে ৪০ মাইল পথ। এতে শক্তি জোগাবে বাতাস। তিন চাকার পাল তোলা এই বাইসাইকেলটিতে আছে মোট ১৮টি গিয়ার। আর নিয়ন্ত্রণ করার জন্য ব্রেক রাখা হয়েছে হাতেই। ইচ্ছা করলে গাড়ির মতো ব্যাকগিয়ার দিয়ে পেছনের দিকেও নিয়ে যাওয়া যাবে। তা ছাড়া সাইকেলটিতে সাধারণ সাইকেলের মতো প্যাডেলও আছে। চাইলে প্যাডেল ব্যবহার করেও চালানো যাবে।‘আমি যখন সাধারণ বাইসাইকেল চালাতাম, তখন বাতাসের বিপরীতে চালাতে ভীষণ কষ্ট হতো। তখনই আমি একটা পরিকল্পনা করি যে এমন একটা সাইকেল বানাব যা কি না বাতাস দিয়ে চলবে, বাতাসের বিপক্ষেও চলবে। সেই ভাবনা থেকেই আজকের এই পালতোলা হুইক।’ বলছিলেন নেড অফেনাস্ট।অফেনাস্ট শুরুতে যখন সাইকেলটির নকশা আঁকেন, তখন সাইকেল প্রস্তুতকারী ডাচ একটি প্রতিষ্ঠানের নজরে আসেন তিনি। পরিকল্পনাটি দেখে মুগ্ধ হন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তারপর এ লেভেলের একটি প্রজেক্ট হিসেবে তৈরিও করে ফেলেন সাইকেলটি। শুধু তা-ই নয়, ওই প্রতিষ্ঠানটি এখন সর্বসাধারণের জন্য তিন হাজার পাউন্ড মূল্যের এ ধরনের আরও সাইকেল প্রস্তুত করার দায়িত্ব দিয়েছে অফেনাস্টকে। ব্রিটিশ বাজারে ব্যবসা করার জন্য সাইকেলগুলো প্রস্তুত করা হবে হল্যান্ডে। শুধু পাল তোলা এই সাইকেলের পরিকল্পনার জন্য ১৯ বছর বয়সী অফেনাস্টকে ডাচ প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য শাখার পরিচালক হিসেবে নিয়োগও দিয়ে দিয়েছে।পাল তোলা বাইসাইকেলের নকশা করার পাশাপাশি অফেনাস্ট রাস্তায় চলার জন্য একটি নৌকা (ল্যান্ড ইয়াচ) বানানোরও প্রচেষ্টা শুরু করেছিলেন। তবে পরিবহন বিভাগ থেকে এর আইনগত সম্মতি মিলবে না বলে তা আপাতত বন্ধ রেখে মন দিয়েছেন পাল তোলা এ তিন চাকার বাইসাইকেলের দিকে। আর এটিই ব্রিটেনের সর্বপ্রথম পাল তোলা বাইসাইকেল বলে দাবি করছে অনেকেই।