পালাতে গিয়ে ধরা পড়লেন বখাটে মহসিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় কলেজছাত্রীর হাত ও পা কুপিয়ে জখম করা বখাটে সন্ত্রাসী মহসিন হোসেন সিকদারকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনার একদিনের মধ্যে পুলিশ আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে ঝালকাঠি লঞ্চঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করে। বরগুনা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ আজ রাতে প্রথম আলোকে মুঠোফোনে জানান, হামলার ঘটনার পরপরই মহসিন পালিয়ে ঝালকাঠি চলে যান। ঢাকায় আত্মগোপনের উদ্দেশ্যে আজ সন্ধ্যায় তিনি ঝালকাঠি লঞ্চঘাটে যান। খবর পেয়ে লঞ্চ ছাড়ার আগেই ঝালকাঠি পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলমও একই ধরনের তথ্য জানান।মহসিনের বাড়ি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া গ্রামে। পড়াশোনা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। এরপর বিদ্যালয় ও কলেজগামী মেয়েদের উত্ত্যক্ত করা, মুঠোফোনে মেয়েদের প্রেম নিবেদন, রাজি না হলে হুমকি, চুরি ও ছিনতাই করা ছিল তাঁর কাজ। মেয়েটি ট্রমা সেন্টারে: মহসিনের দায়ের কোপে গুরুতর আহত কলেজছাত্রীকে (১৮) উন্নত চিকিত্সার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে আজ ঢাকার ট্রমা সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে।শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মনিরুজ্জামান শাহীন বলেন, মেয়েটির জখম এতটাই গুরুতর যে তাঁকে দ্রুত উন্নত চিকিত্সা দেওয়া দরকার। সে জন্য প্রাথমিক চিকিত্সা দিয়ে গতকাল শনিবার রাতেই তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কলেজছাত্রীর মামা আবদুল বারেক জানান, সকালে ট্রমা সেন্টারে ভর্তির পর বিকেলে তাঁর ভাগনির অস্ত্রোপচার করা হয়। চিকিত্সকেরা জানিয়েছেন, তার ডান পায়ে আরও সাত থেকে আটটি অস্ত্রোপচার করতে হবে। পা ভালো হলেও অনেক সময় লাগবে। হামলার ঘটনায় আহত কলেজছাত্রীর বাবা গতকাল শনিবার রাত ১১টার দিকে বরগুনা থানায় তিনজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন, সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া গ্রামের আবদুর রহিম সিকদারের ছেলে মহসিন, তাঁর সহযোগী ও সাহেবের হাওলা গ্রামের আল আমিন (২৮) ও সোহরাব (২৫)।