বরগুনায় কলেজছাত্রীর হাত ও পা কুপিয়ে জখম করা বখাটে সন্ত্রাসী মহসিন হোসেন সিকদারকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনার এক দিনের মধ্যে পুলিশ গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে ঝালকাঠি লঞ্চঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করে।বরগুনা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ গতকাল রাতে প্রথম আলোকে মুঠোফোনে জানান, ‘হামলার ঘটনার পরপরই মহসিন পালিয়ে ঝালকাঠি চলে যান। ঢাকায় আত্মগোপনের উদ্দেশ্যে গতকাল সন্ধ্যায় তিনি ঝালকাঠি লঞ্চঘাটে যান। খবর পেয়ে লঞ্চ ছাড়ার আগেই ঝালকাঠি পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।’ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহআলমও একই ধরনের তথ্য জানান।কে এই বখাটে: বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া গ্রামের মহসিন দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত। পড়াশোনা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। এরপর বিদ্যালয় ও কলেজগামী মেয়েদের উত্ত্যক্ত করা, মুঠোফোনে মেয়েদের প্রেম নিবেদন, রাজি না হলে হুমকি, চুরি ও ছিনতাই—এই ছিল তাঁর কাজ। গতকাল সকালে মহসিনের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের দরজায় বড় একটি তালা ঝোলানো। প্রতিবেশীরা জানান, ঘটনার পরপরই মহসিনের বাবা, মা ও এক বোন ঘরে তালা ঝুলিয়ে সটকে পড়েন। বছর খানেক আগে বখাটে মহসিন স্থানীয় আরেকটি মেয়েকে অপহরণের পর নির্যাতন করেন।মেয়েটি ট্রমা সেন্টারে: মহসিনের দায়ের কোপে গুরুতর আহত কলেজছাত্রীকে (১৮) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল ঢাকার ট্রমা সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল তাঁকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক। মন্ত্রী মেয়েটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশ দেন।শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মনিরুজ্জামান শাহিন প্রথম আলোকে বলেন, মেয়েটির জখম এতটাই গুরুতর যে তাঁকে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়া দরকার। সে জন্য প্রাথমিক চিকিৎসা দিয়ে শনিবার রাতেই তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কলেজছাত্রীর মামা আবদুল বারেক জানান, সকালে ট্রমা সেন্টারে ভর্তির পর বিকেলে তাঁর ভাগনির শরীরে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, ভাগনির ডান পায়ে আরও সাত থেকে আটটি অস্ত্রোপচার করতে হবে। পা ভালো হলেও অনেক সময় লাগবে। মামলা: গত শনিবার সকালের হামলার ঘটনায় আহত কলেজছাত্রীর বাবা শনিবার রাত ১১টার দিকে বরগুনা থানায় তিনজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া গ্রামের আবদুর রহিম সিকদারের ছেলে মহসিন, তাঁর সহযোগী সাহেবের হাওলা গ্রামের আল আমিন (২৮) ও সোহরাব (২৫)। মানববন্ধন: মহসিনের বিচারের দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়। এতে বরগুনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বেসরকারি উন্নয়ন সংস্থার শতাধিক প্রতিনিধি অংশ নেন। সমাবেশ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।এসআই প্রত্যাহার: মহসিনের উত্ত্যক্ত করার কারণে কলেজে যাওয়া বন্ধ হয়ে যাওয়ার কয়েক মাস পর মেয়েটি ৭ নভেম্বর বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দেখা করে নিজের ও পরিবারের নিরাপত্তা চান এবং থানায় জিডি করেন। বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপপরিদর্শক (এসআই) মইনুল হোসেনকে। কিন্তু এক মাসেও মহসিনকে আটক করতে পারেননি মইনুল। শনিবার সকালে কলেজে নির্বাচনী পরীক্ষা দিতে যাওয়ার সময় মহসিন ধারালো দা দিয়ে মেয়েটির ডান হাত ও পা কুপিয়ে জখম করেন। আহত করেন তাঁর বাবাকেও।পুলিশ সুপার (এসপি) মাহবুব হাকিম গতকাল দুপুরে প্রথম আলোকে জানান, এক মাস আগে মেয়েটি জিডি করলেও এসআই মইনুল যথাযথভাবে দায়িত্ব পালন করেননি। এ কারণে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ন্যস্ত করা হয়েছে। অবহেলার বিষয়টি তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সহায়তা: মেয়েটির চিকিৎসা-সহায়তার জন্য জেলা পুলিশকল্যাণ তহবিল থেকে ২০ হাজার টাকা ও জেলা প্রশাসন থেকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে। অন্যদিকে গতকাল মানববন্ধন ও সমাবেশের সময় উপস্থিত শিক্ষার্থী এবং উন্নয়নকর্মীরা মেয়েটির চিকিৎসার জন্য তাঁর বাবার হাতে সাড়ে তিন হাজার টাকা তুলে দেন।