পালানোর চেষ্টা করছেন সাইফ: আইসিসির কৌঁসুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি লুইস মরেনো ওকাম্পো বলেছেন, মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম ভাড়াটে যোদ্ধাদের সহায়তায় লিবিয়া থেকে সম্ভবত পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান বলে জানিয়েছে বিবিসি অনলাইন।লুইস মরেনো ওকাম্পো অন্য দেশগুলোকে সাইফ আল ইসলামের এ ধরনের পরিকল্পনা নস্যাত্ এবং তাঁকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন। ওকাম্পো জানান, সাইফের আত্মসমর্পণের ব্যাপারে আইসিসি তাঁর সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছে। লিবিয়ার মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে গত জুনে আইসিসি সাইফ আল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাদ্দাফির পতন ও মৃত্যুর পর থেকে সাইফ আত্মগোপনে আছেন।ওকাম্পো জানান, লিবিয়ায় ন্যাটো, অন্তর্বর্তীকালীন সরকার ও গাদ্দাফিপন্থী বাহিনীর বিরুদ্ধে ওঠা সব ধরনের অপরাধের অভিযোগ যাচাই করবে আইসিসি। তিনি বলেন, ‘আমরা সব পক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষ ও স্বাধীনভাবে যাচাই করব।’