পালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পালি প্রাচীন ভারতের একটি সমৃদ্ধ ভাষা। ‘পালি’ কথাটি ব্যবহূত হয়েছে ‘সেক্রেড টেক্সট’ অর্থে। বৌদ্ধ পণ্ডিতেরা মনে করেন, পালি ভাষা শাশ্বত, এই ভাষার পরিবর্তন অসম্ভব। ভগবান বুদ্ধ স্বয়ং এ ভাষায় কথা বলতেন, উপদেশ দিতেন। পালি ভাষা বৈদিক ভাষার মতো ‘দেবভাষা’ হিসেবেও অভিহিত।পালি ইন্দো-এরিয়ান ভাষা-গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি ভাষা। এ ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নেই। বিভিন্ন দেশে পালি ভাষা লিখিত হয়েছে ভিন্ন ভিন্ন লিপিতে। শ্রীলংকাতে পালি লেখা হয়েছে সিংহল লিপিতে। এ ছাড়া খেমর, থাই, দেবনাগরী, বর্মী ও লাও লিপিতেও পালি লেখার প্রচলন আছে।খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিষ্টীয় পঞ্চম শতক পর্যন্ত পালি ভাষা ও সাহিত্যের অসামান্য বিকাশ ঘটেছে। সদাবুদ্ধ এ ভাষা ব্যবহার করেছেন বলে তাঁর অনুসারীদের কাছে পালি ব্যাপক তাৎপর্য লাভ করে। গৌতম বুদ্ধ ধর্ম প্রচারের জন্য পুরো উত্তর ভারত ভ্রমণ করেছেন। তাঁর তত্ত্বাবধানেই শ্রাবস্তী, জেতবন, বেণুবন, পূর্বারাম, নালন্দা, চাপাল চৈত্য প্রভৃতি বিহার ও সঙ্ঘারাম গড়ে ওঠে। বৌদ্ধ ভিক্ষুরা ধর্মালোচনার মাধ্যম হিসেবে ক্রমে পালি ভাষাকে আশ্রয় করেন। পরে এই ভাষাতেই বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক সংকলিত হয়।বাংলাদেশে পালি ভাষা ও সাহিত্যের চর্চা শুরু হয় মূলত ধর্মগ্রন্থ অনুবাদের মাধ্যমে। ব্রিটিশ আমলে ত্রিপিটকসহ বেশ কিছু ধর্মগ্রন্থ বাংলা ও ইংরেজিতে অনুবাদ করা হয়। বাংলাদেশে ত্রিপিটকচর্চার ইতিহাস খুব বেশি দিনের নয়। প্রথম দিকে দেবনাগরী ও রোমান হরফে পালি গ্রন্থ ছাপা হতো, পরে বাংলা অক্ষরে মুদ্রিত হওয়ায় পালিচর্চার পথ সুগম হয়। এই ধারা বর্তমানেও অব্যাহত রয়েছে। পালিচর্চার প্রসারে নানা পত্রপত্রিকাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উল্লেখযোগ্য কয়েকটি পত্রিকা হচ্ছে: বৌদ্ধ পত্রিকা (১৯০৬, চট্টগ্রাম), বৌদ্ধবন্ধু (১৯১১, চট্টগ্রাম), মৈত্রীবাণী (ঢাকা)।১৯০৮ সালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পালি পড়ানো শুরু হয়। এরপর প্রথমে চট্টগ্রামের প্রধান প্রধান স্কুলে এবং পরে কলেজ পর্যায়ে পালি শিক্ষা প্রবর্তিত হয়। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই পালি ভাষার চর্চা ছিল। ১৯৭০ সালে সংস্কৃত ও পালি বিভাগ নামে স্বতন্ত্র বিভাগ খোলা হয়। বিশেষভাবে পালি ভাষা চর্চার জন্য ২০০৭ সালে পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ চালু করা হয়েছে।রবীন্দ্রনাথ ঠাকুর পালি ভাষায় রচিত ধম্মপদ-এর রূপান্তর করেছেন বাংলায়। ‘যমকবগেগা’ বা ‘যুগ্মগাথা’র দুটি লাইন রবীন্দ্রনাথের তর্জমায় দাঁড়িয়েছে: ‘আমারে রুষিল, আমারে মারিল,/ আমারে জিনিল, আমার কাড়িল—/ এ কথা যে জনে বেঁধে রাখে মনে/ বৈর তাহার কেবল বাড়িল।।’ (মূল: ‘অক্কোচ্ছি মং অবধি মং অজিনি মং অহাসি মে।/ যে চ তং উপনয্হন্তি বেরং তেসং ন সম্মতি।।’)