পালিত হচ্ছে বিশ্ব মহাকাশ সপ্তাহ
বিশ্বের ৫৫টি দেশের মতো বাংলাদেশেও ৪ থেকে ১০ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব মহাকাশ সপ্তাহ। মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে মানব জাতির উন্নয়নই এই সপ্তাহ পালনের উদ্দেশ্য। এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘মহাকাশের রহস্য’। বাংলাদেশে সপ্তাহ পালনের উদ্বোধনী অনুষ্ঠান হয় ৪ অক্টোবর ঢাকার ফ্রেপড মিলনায়তনে। বিকেল সাড়ে পাঁচটায় দেশের জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানপ্রিয় মানুষের উপস্থিতিতে শুরু হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে মুনির হাসান মহাকাশ সপ্তাহের পটভূমি, ২০০৯ সালে জ্যোতির্বিজ্ঞান বর্ষ পালনে বাংলাদেশের অভিজ্ঞতা এবং দেশের নবীন ও প্রবীণ জ্যোতির্বিজ্ঞানের লেখকদের সংকলন একুশ শতকের জ্যোতির্বিজ্ঞান গ্রন্থের পেছনের ইতিহাস তুলে ধরেন। তারপর একে একে বক্তৃতা দেন শাহজাহান মৃধা, এফ আর সরকার, রেজাউর রহমান, এ আর খান। তাঁরা বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞান গবেষণার অতীত ইতিহাস, বর্তমান অবস্থা, গবেষণার বিভিন্ন সমস্যা, আগামী দিনের সম্ভাবনাসহ আমাদের কী করা উচিত—সব দিকে নিয়ে আলোচনা করেন। সবশেষে বক্তব্য দেন এ এম হারুন-অর-রশীদ। তিনি বলেন, ‘আমরা নিরাশ হওয়ার জাতি নই। আমাদের দেশের ছেলেমেয়েদের অনেক মেধা ও যোগ্যতা আছে। তাদের একটু গবেষণার ক্ষেত্র তৈরি করে দিতে পারলে মহাকাশ গবেষণায় সাফল্য নিয়ে আসতে পারবে।’বক্তারা দেশে একটি জাতীয় মানমন্দির গড়েতোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিজ্ঞানকর্মী শাহজাহান মৃধা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে দেশের প্রথম মানমন্দির গড়ে ওঠার ইতিহাস বর্ণনা করেন।চলতি বছর চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েগেল চতুর্থ আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড (আইওএএ)। এই অলিম্পিয়াডে অংশ নেয় বাংলাদেশের পাঁচ সদস্যের একটি দল। তাদের মধ্য থেকে তিনজন পায় সম্মানসূচক স্বীকৃতি। অনুষ্ঠানে আইওএএতে অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিযোগী প্রীতম মজুমদার, শাহরিয়ার রহিম সিদ্দিকী, সৈয়দা লাম্মীম, তানভীর করিম ও নিবিড় জাওয়াদকে সংবর্ধনা দেওয়া হয়। তিন সদস্যের মধ্য থেকে প্রীতম মজুমদার আইওএএ অংশগ্রহণের বিভিন্ন অভিজ্ঞতা ও ভবিষ্যতে যারা এই অলিম্পিয়াডে অংশ নেবে, তাদের কেমন প্রস্তুতি নিতে হবে সে বিষয়ে বক্তব্য দেয়। এরপর এ এম হারুন-অর-রশীদ ও মুনির হাসান সম্পাদিত ও তাম্রলিপি প্রকাশিত একুশ শতকের জ্যোতির্বিজ্ঞান গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এই গ্রন্থে বাংলাদেশের প্রবীণ ও নবীন জ্যোতির্বিজ্ঞান লেখকদের মোট পনেরোটি প্রবন্ধ সংকলিত হয়েছে। অনুষ্ঠানের এক ফাঁকে প্রদর্শিত ২০০৯ সালের ২২ জুলাইয়ের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের চূড়ান্ত মুহূর্ত পঞ্চগড় কেন্দ্রীয় স্টেডিয়ামে হাজির হওয়া হাজার হাজার উৎসুক মানুষ পর্যবেক্ষণ করে। এ ছাড়া একই বছর সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বিশ্ব মহাকাশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের এক মিনিটের একটি ভিডিও ফুটেজ দেখানো হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন সুব্রত দেবনাথ। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে । বায়েজিদ ভূঁইয়া