পালিত হচ্ছে মালালা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের আহ্বানে সারা বিশ্ব আজ শনিবার মালালা দিবস পালন করছে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পাকিস্তানে গত ৯ অক্টোবর তালেবানের গুলিতে আহত হয় শিক্ষা-অধিকারকর্মী মালালা ইউসুফজাই। ওই ঘটনার এক মাস পূর্তিতে মালালার সম্মানে আজ সারা বিশ্বে এ দিবস পালনের ডাক দিয়েছে জাতিসংঘ। এ উপলক্ষে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বার্তায় বলেন, ‘মালালা ইউসুফজাই নারী শিক্ষা-অধিকারের বৈশ্বিক প্রতীক।’বান কি মুনের বৈশ্বিক শিক্ষাবিষয়ক বিশেষ দূত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন, ‘পাকিস্তানে নারীদের শিক্ষার অধিকার নিয়ে প্রচারাভিযানে কাজ করার জন্য তালেবানের হামলায় গুলিবিদ্ধ হয় মালালা। এর এক মাস পর ১০ নভেম্বরকে মালালা দিবস ঘোষণা করা হয়েছে।’ মালালা ও বিশ্বের শিক্ষার অধিকারবঞ্চিত প্রায় তিন কোটি ২০ লাখ (৩২ মিলিয়ন) কন্যাশিশুর সমর্থনে এ দিবসটি পালন করা হবে।মালালা বর্তমানে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে মালালাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির হাজার হাজার নাগরিক।