পালিয়ে বিয়ে ও অপহরণ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেয়েরাই বেশি অপহরণ ও পাচারের শিকার হয়। টিনএজাররা অধিকাংশ ক্ষেত্রেই (৯৯ শতাংশ) প্রেম ভালোবাসার টানে প্রেমিকের হাত ধরে পিত্রালয় ত্যাগ করে। এর মধ্যে অবশ্যই কিছুসংখ্যক প্রেমিকের বিয়ের প্রলোভনে তার হাত ধরে পিতৃগৃহ ত্যাগ করে। এর অনেকে বিয়ে করে স্বামীর সঙ্গে ঘর বাঁধে। আবার অনেকে ভণ্ড প্রেমিকের প্রতারণার শিকার হয়ে আশ্রয় পায় দেশের বিভিন্ন পতিতালয়ে বা পতিতাবৃত্তিতে বাধ্য হয়। অনেকে আবার প্রতারকের খপ্পরে পড়ে বিদেশে পাচার হয়ে যায় এবং সেখানে পতিতাবৃত্তিতে বাধ্য হয়। সাধারণের ধারণা জোরপূর্বক কোনো লোককে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া অপহরণ। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এ ‘অপহরণ অর্থ বল প্রয়োগ বা প্রলুব্ধ করিয়া বা ফুসলাইয়া বা ভুল বুঝাইয়া বা ভীতি প্রদর্শন করিয়া কোন স্থান হইতে কোন ব্যক্তিকে অন্যত্র যাইতে বাধ্য করা’ এভাবে অপহরণকে সংজ্ঞায়িত করা হয়েছে। টিনএজার মেয়েদের রক্ষা করার জন্যই নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর প্রবর্তন করা হয়েছে। টিনএজার মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে অপহরণ বা পাচার করা হয়। এমনকি বিয়ের বাহানা করে সুযোগ বুঝে বিদেশে পাচার করা হয় বা পতিতালয়ে বিক্রি করা হয়। কখনো কখনো পালিয়ে যাওয়ার পরে বিয়ে করে কিছুদিন ঘর-সংসার করার পরে মোহ ভেঙে গেলে পিত্রালয়ে ফিরে আসে। গভীর প্রেমাসক্ত হয়ে মেয়েকে বলতে শোনা যায়—প্রেমিক স্বামী ব্যতীত সে আর কোথাও যাবে না; তার পিতা-মাতার জিম্মায়ও যেতে চায় না। প্রেমিক জেলে থাকলে প্রেমিকাও কারাগারে নিরাপত্তা হেফাজতে থাকতে চায়। তার পিতা-মাতার পরিবর্তে শ্বশুর বা শাশুড়ির জিম্মায় যেতে চায়। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এ ধর্ষণের সংজ্ঞার উল্লেখ আছে; বিবাহবন্ধন-বহির্ভূত ১৬ বছরের অধিক বয়সের কোনো মেয়ের যদি যৌনকর্মে সম্মতি থাকে, তবে তা ধর্ষণ হিসেবে গণ্য হবে না এবং এর জন্য পুরুষ সঙ্গীর কোনো শাস্তিও হবে না। কিন্তু অপহরণের ব্যাপারে কোনো বয়সের কথা উল্লেখ নেই। দণ্ডবিধির ৩৬১ ধারাতে উল্লেখ আছে, ১৬ বা তার অধিক বয়সের কোনো নারী যদি কারও সঙ্গে স্বেচ্ছায় চলে যায়, তবে তা অপহরণ হিসেবে গণ্য হবে না। কিন্তু নারী ও শিশু আইনে কোনো বয়স উল্লেখ না থাকায় বিচারকদের সুপ্রিম কোর্টের নজির অনুসরণ করতে হয়। ১৮ বছর পর্যন্ত প্রত্যেক নর-নারী অপ্রাপ্ত বয়স্ক বা নাবালক/নাবালিকা এবং তাদের পিতা-মাতা তাদের সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী বলে অভিভাবকত্বের দাবিদার তারাই। নাবালিকা মেয়ে স্বেচ্ছায় চলে গিয়ে বিয়ে করে ফেললেও তাকে তার কথিত স্বামী বা শ্বশুর-শাশুড়ির নিরাপত্তা হেফাজতে প্রদান করা যাবে না। ভিকটিম তার পিতা-মাতার হেফাজতে যেতে সম্মত না থাকলে হাজতে থাকবে যত দিন ১৮ বছর পূর্ণ না হবে। তবে ১৮ বা তার বেশি ভিকটিমের বয়স হলে ট্রাইব্যুনাল ভিকটিমকে নিজ হেফাজতে দিতে পারবে। ট্রাইব্যুনাল নিরাপত্তা হেফাজতের ক্ষেত্রে ভিকটিমকে তার মতামত জিজ্ঞাসা করতে পারে। ১৬ বছর বা তার অধিক বয়সের কোনো ভিকটিম যদি স্বেচ্ছায় তার প্রেমিকের সঙ্গে চলে যায়, সে ক্ষেত্রে পিতা-মাতা মামলা দায়ের করলে ট্রাইব্যুনালের কিছু করার থাকে না। ভিকটিমের মতামতের মূল্য দিয়ে থাকে। বাস্তবে দেখা গেছে, অপহূতা ভিকটিমের বয়স অধিকাংশ ক্ষেত্রে ১৮-এর কম হয়ে থাকে। অপহূতাদের বয়স যদি ১৬ বছরের নিচে হয়, তবে তাদের সম্মতির কোনো মূল্য নেই। তারা প্রেমিকের হাত ধরে স্বেচ্ছায় চলে গেলেও অপহরণের দায়ে দোষী সাব্যস্ত হবে প্রেমিক এবং শাস্তিও ভোগ করবে। স্বেচ্ছায় বিয়ে করে যদি প্রেমিক স্বামীর সঙ্গে যৌনকর্ম করে, তবে তা ধর্ষণ হিসেবে গণ্য হবে না। এসব ক্ষেত্রে আদালতের কিছু করণীয় থাকে না। অনেক ক্ষেত্রে অপহরণের মামলা আপস করে ভিকটিমসহ অন্যান্য সাক্ষী তাদের সাক্ষ্যে বলে, ভিকটিম তার বান্ধবীর সঙ্গে তার পিতা-মাতাকে কিছু না বলে খালার বা বান্ধবীর বাড়িতে বা ঢাকায় বেড়াতে গিয়েছে। প্রকৃতপক্ষে ভিকটিম (কোনো কোনো ক্ষেত্রে বয়স ১৪, ১৫, ১৬ বছরও) তার প্রেমিকের সঙ্গে চলে গেছে এবং বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে একত্রে রাতযাপন করেছে। মেডিকেল প্রতিবেদনে ভিকটিমের সতীচ্ছেদ ছিন্ন পাওয়া যায়। সন্ত্রাসীদের ভয়ে বা সামাজিক চাপে বা অর্থের বিনিময়ে আপস করে থাকে। অপহরণের ক্ষেত্রে বেশির ভাগ ঘটনায় ভিকটিমের পরিবার অপহরণকারী প্রেমিকের সঙ্গে বিয়ে মেনে নিতে বাধ্য হয় এবং পরিশেষে সেই মর্মে কোর্টে কোনো সাক্ষ্য না দিয়ে আসামিকে খালাসের ব্যবস্থা করে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায়, অপহূত ভিকটিম উদ্ধারের পরে পিতা-মাতার হেফাজতে এলে তার ভুল বুঝতে পারে এবং প্রেমিক স্বামীর বিপক্ষে অবস্থান নিয়ে জবানবন্দি দেয় এবং বলে যে আসামিরা জোরপূর্বক বা অজ্ঞান করে অপহরণ করে। অধিকাংশ ক্ষেত্রে ভিকটিম জবানবন্দিতে বলে, ভিকটিম আসামির প্রেমাসক্ত ছিল এবং প্রেমের টানে আসামিকে বিয়ে করার জন্য তার সঙ্গে চলে যায়। কুষ্টিয়ার একটি ঘটনায় দেখা গেছে, ভিকটিমের মার ১৬ বছর আগে বিয়ে হলেও ভিকটিম তার জবানবন্দিতে, কাবিননামায়, এফিডেভিটে তার বয়স ১৮-এর অধিক অর্থাৎ সাবালিকা দাবি করে। আসামিপক্ষ মেডিকেল বোর্ডকে প্রভাবিত করে ভিকটিমের বয়স ১৭-১৮ দেখাতে সক্ষম হয়েছে। বাদী ভিকটিমের বিয়ের কাবিননামাও দাখিল করেছিল। রাষ্ট্রপক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে ভিকটিমের পুনরায় মেডিকেল পরীক্ষার নির্দেশ দিলে ভিকটিম মেডিকেল পরীক্ষা করতে অস্বীকৃতি প্রকাশ করে। ভিকটিমকে তার পিতার হেফাজতে দিলে সে তার পিতার হেফাজতে যেতে অস্বীকার করে। শ্বশুরের নিরাপত্তা হেফাজতে যেতে ইচ্ছা প্রকাশ করে সে।গোপালগঞ্জে মুক্তাকে (ছদ্মনাম) অপহরণের দায়ে আমি চারজনের মধ্যে তিনজন আসামিকে ২০ বছরের কারাদণ্ড প্রদান করি। মূল আসামিকে ২৫ বছরের কারাদণ্ড প্রদান করি। ঘটনার সময়ে ভিকটিম এসএসসি পরীক্ষার্থী ছিল। আসামিরা মাইক্রোবাস নিয়ে পথে ওত পেতে ছিল। ভিকটিম তার বান্ধবীর সঙ্গে বেলা ১১টার দিকে পরীক্ষার ফি ও বেতনাদি জমা দিয়ে স্কুল থেকে বাসায় ফেরার পথে আসামিরা তার রিকশার গতিরোধ করে ক্ষিপ্রতার সঙ্গে ভিকটিমের নাকে অজ্ঞান করার ওষুধমিশ্রিত রুমাল স্পর্শ করে মাইক্রোবাসে তুলে মংলা বন্দরে নিয়ে যায়। ভিকটিম তার জবানবন্দিতে প্রকাশ করে, রুমাল নাকে ধরার কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর সে দেখে মাইক্রোবাসে কেউ নেই। তখন মাইক্রোবাস থেকে নেমে সাধারণ জনতার সঙ্গে মিশে নদী পার হয়ে একটি ফোন ফ্যাক্সের দোকান থেকে তার পিতাকে ফোন করে এবং একজন সাংবাদিকের হেফাজতে থাকে। অতঃপর ভিকটিমের পিতা গোপালগঞ্জের পুলিশ ও মংলা থানা পুলিশের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে তার কাছে ঘটনা বিস্তারিত শুনে মামলার এজাহার দায়ের করেন। থানা পুলিশ নিরুৎসাহিত করা সত্ত্বেও মামলার এজাহার দায়ের করে সাহসিকতার পরিচয় দেন এবং কড়া প্রতিবাদ করে ন্যায়বিচার নিশ্চিত করেন। ওই মামলার মূল আসামি তার দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রকাশ করে, তাদের উদ্দেশ্য ও পরিকল্পনা ছিল ভিকটিমের পিতার কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায় করে ভিকটিমকে হত্যা করা। উল্লেখ্য, ঘটনার আগে থেকে মূল আসামি ভিকটিমকে উত্ত্যক্ত করে আসছিল এবং তার পিতার কাছে চাঁদা দাবি করত। মূল আসামি ইতিমধ্যে অপর এক চিকিৎসকের কিশোরী কন্যাকে অপহরণ করেছিল। তবে ওই ব্যাপারে কোনো মামলা দায়ের এবং বিচার না হওয়ায় পরবর্তী সময়ে এ ঘটনা ঘটাতে সাহস পেয়েছিল। ওই রায়ের পর গোপালগঞ্জ শহরে আর কোনো অপহরণের ঘটনা ঘটেনি।লেখক  বিচারক (জেলা জজ), নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুষ্টিয়া।