পাল্টা অভিযোগ দায়ের করলেন সাইফ
মুম্বাইয়ের হোটেল তাজের রেস্তোরাঁয় ২১ ফেব্রুয়ারি রাতে ঘুষি মেরে ইকবাল এম শর্মা নামের এক ব্যবসায়ীর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগে পরদিন সাইফ আলী খানকে গ্রেপ্তার করে কোলাবা পুলিশ। পরে অবশ্য জামিনে মুক্তি দেওয়া হয় তাঁকে। এর পরপরই ইকবালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন সাইফ। অভিযোগে বলা হয়েছে,কারিনা কাপুর, কারিশমা কাপুর ও অমৃত অরোরাকে উত্ত্যক্ত করেছেন ইকবাল ও তাঁর শ্বশুর। ইকবালের শ্বশুর সাইফকে প্রথম ঘুষি মেরেছেন বলেও এ অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর আগে ব্যবসায়ী ইকবাল মীর শর্মা কোবালা পুলিশ স্টেশনে সাইফের বিরুদ্ধে মামলার অভিযোগে উল্লেখ করেন, ওয়াসাবি রেস্তোরাঁয় সাইফ ও তাঁর দল যে টেবিলে বসেছিলেন তার পাশের টেবিলেই তিনি ও তাঁর শ্বশুর বসেছিলেন। সাইফরা খুব বেশি হইচই শুরু করলে ইকবাল তাঁদের টেবিলের কাছে গিয়ে তাঁদেরকে একটু কম হইচই করার অনুরোধ করেন। ইকবালের ভাষ্য, ‘ঘটনার একপর্যায়ে সাইফের বন্ধু ও অমৃতা অরোরার স্বামী শাকিল লাদাখ হঠাত্ করেই আমার ৭০ বছর বয়সী শ্বশুরকে ঘুষি মেরে বসেন। একপর্যায়ে সাইফও মারমুখো হয়ে ওঠেন এবং ঘুষি দিয়ে আমার নাক ফাটিয়ে দেন। এ ধরনের আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। এ কারণেই মামলা করেছি আমি।’ ইকবালের মামলার পরিপ্রেক্ষিতে ২২ ফেব্রুয়ারি রাত সাতটা ৫০ মিনিটে সাইফকে গ্রেপ্তার করে কোবালা পুলিশ। রাত আটটার দিকে কোবালা পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় তাঁকে। সে সময় তাঁর সঙ্গে কারিনাও ছিলেন। দেড় ঘণ্টা পর ১৫ হাজার রুপি মুচলেকা দিয়ে জামিনে মুক্তি পান সাইফ। এর পরপরই ইকবালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন সাইফ। এ প্রসঙ্গে সাইফের উদ্ধৃতি দিয়ে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, সাইফ বলেছেন তিনি সম্পূর্ণ নির্দোষ। ওয়াসাবি রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ দেখলেই আসল ঘটনা প্রমাণিত হয়ে যাবে।’