পাল্টা কর্মসূচি দেবে না আ.লীগ
হরতাল নিয়ে বিরোধী দলের সঙ্গে রাজপথে সংঘাতে যাবে না সরকারি দল আওয়ামী লীগ। হরতালবিরোধী পাল্টা কোনো কর্মসূচিও দেওয়া হবে না। ঢাকা মহানগর আওয়ামী লীগ হরতালবিরোধী সমাবেশ ডেকেও গতকাল কেন্দ্রীয় নির্দেশে তা বাতিল করেছে।সরকার ও আওয়ামী লীগের সূত্র জানায়, হরতালে দলীয়ভাবে রাজপথে না থাকলেও বিরোধী দল অরাজকতা ও ধ্বংসাত্মক কার্যকলাপে জড়ালে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।গত মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে হরতালের পাল্টা কর্মসূচি দিয়ে বিরোধী দলের সঙ্গে মুখোমুখি অবস্থানে না যাওয়ার সিদ্ধান্ত হয়।আওয়ামী লীগের চারজন সাংগঠনিক সম্পাদকের সঙ্গে কথা বলে জানা যায়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনেকেই হরতালে দলীয় কর্মীদের মাঠে নামাবেন কি না, জানতে চেয়েছেন। সাংগঠনিক সম্পাদকেরা কেন্দ্রীয় নির্দেশের কথা জানিয়ে কোনো সংঘাতে না যেতে জেলা নেতাদের পরামর্শ দেন।আওয়ামী লীগের নেতারা মনে করেন, বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। আওয়ামী লীগের সঙ্গে গায়ে পড়ে সংঘর্ষে জড়িয়ে দলটি রাজনৈতিক ফায়দা লুটতে চায়। বিএনপির এ ফাঁদে আওয়ামী লীগ পা দেবে না।এ ব্যাপারে আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির ষড়যন্ত্রের রাজনীতি অতীতের মতোই আওয়ামী লীগ মোকাবিলা করবে।হরতাল বন্ধের আহ্বান এরশাদের: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ হরতাল বন্ধে আইন করার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, হরতাল এখন আন্দোলন নয়, দেশবাসীর কাছে আতঙ্কের নাম। সমর্থন না করলেও হরতালের ভয়ে এখন কেউ গাড়ি বের করে না। গতকাল বৃহস্পতিবার জাতীয় যুব সংহতির কাউন্সিল অধিবেশনে তিনি এসব কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে সারা দেশ থেকে যুব সংহতির পাঁচ শতাধিক প্রতিনিধি যোগ দেন।এইচ এম এরশাদ বলেন, জাতীয় পার্টি মহাজোটে আছে, মহাজোটে থাকবে এবং জোটকে আরও শক্তিশালী করবে। কারণ, মহাজোটকে শক্তিশালী না করলে দেশকে এগিয়ে নেওয়া যাবে না।পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী আইন করে হরতাল বন্ধ করতে ব্যবসায়ীদের প্রস্তাবকে উসকানিমূলক বলে মন্তব্য করেন। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আইন করে হরতাল বন্ধ করতে বলছেন, এই উসকানিমূলক বক্তব্য কেন? এই হরতালে সহযোগিতা না করলেই হয়।গতকাল বৃহস্পতিবার তৈরি পোশাক মালিক সমিতি (বিজিএমইএ) আয়োজিত বার্ষিক পোশাক প্রদর্শনী বাটেক্সপো-২০১০-এর উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার। জনগণের চাহিদামতো হরতাল হয়। কিন্তু আজকে হরতালের চাহিদা কোথায়? একই অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানও আইন করে হরতাল বন্ধের প্রস্তাবের সমালোচনা করেন।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হরতাল বন্ধে আইন করার প্রয়োজন নেই। দেশের মানুষ এমনিতেই বিরোধী দলের হরতাল প্রত্যাখ্যান করবে।আইনজীবীদের সভা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সরকার-সমর্থক আইনজীবীরা গতকাল হরতালের প্রতিবাদে সমিতির দক্ষিণ হলে সভা করেন। সভায় সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, বোমা মেরে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। বোমা মেরে আদালতে ভয় দেখিয়ে বাড়ি ফিরে পাওয়া যাবে না। সেনানিবাসের বাড়ি রক্ষার জন্য ৩০ নভেম্বর ডাকা হরতাল অবৈধ, অসাংবিধানিক ও আদালত অবমাননার শামিল।সমিতির সহসভাপতি এ কে এম ফজলুল হক খানের সভাপতিত্বে সভায় ইউসুফ হোসেন হুমায়ুন, আবদুল বাসেত মজুমদার, এ এফ এম মেসবাহউদ্দিন, শ ম রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন।