পাল্টা কর্মসূচি দেবে না আওয়ামী লীগ
বিরোধী দলের কোনো কর্মসূচির পাল্টা কর্মসূচি দেওয়ার পরিকল্পনা নেই আওয়ামী লীগের। বরং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দিকেই মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন দলের শীর্ষস্থানীয় নেতারা।গতকাল শুক্রবার বিকেলে ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী ও ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয় নেতাদের বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মসূচি নিয়ে কথাবার্তা হয়। বিরোধী দলের আন্দোলনের হুমকিতে তারা চিন্তিত বা ভীত নয় বলেও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।বৈঠকে দলীয় নেতারা বিরোধী দলের কর্মসূচি নিয়ে চিন্তা না করে দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ওপর বেশি মনোযোগ দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। সম্পাদকমণ্ডলীর বৈঠক হলেও এতে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মহীউদ্দীন খান আলমগীর, সতীশ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠক শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশে এখন গণতান্ত্রিক সরকার। নিয়মনীতির মধ্যে বিরোধী দল রাজনৈতিক কর্মসূচি দিতে পারে। তবে পাল্টা কোনো কর্মসূচি দেওয়ার পরিকল্পনা আওয়ামী লীগের নেই। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনী ওয়াদা পূরণ করতে পারলে জনগণ আমাদের পক্ষে থাকবে। তখন বিএনপির সব ষড়যন্ত্র নস্যা ৎ হয়ে যাবে।’২৭ সেপ্টেম্বর বিএনপির সমাবেশের অনুমতি না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে হানিফ বলেন, যেকোনো কর্মসূচির আগে বিরোধী দল এ ধরনের অভিযোগ করে। যার কোনো ভিত্তি নেই, কখনো ছিল না। এখন পর্যন্ত তাদের কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি বলেও দাবি করে তিনি বলেন, মিথ্যাচার করা বিরোধী দলের স্বভাবে পরিণত হয়েছে। তা ছাড়া তাদের কর্মসূচি আলোচনার বিষয়ে পরিণত করতেও এ রকম অভিযোগ করা হয়ে থাকে।হানিফ বলেন, হরতাল প্রত্যাখ্যান করায় জনগণকে এবং দলীয় নেতা-কর্মীরা সজাগ থাকায় বৈঠক থেকে অভিনন্দন জানানো হয়েছে।অক্টোবর থেকে তৃণমূলের সম্মেলন: আগামী অক্টোবর থেকে আওয়ামী লীগের তৃণমূলের কাউন্সিল শুরু হচ্ছে। আগামী বছরের ২৪ জুলাইয়ের আগেই দলের ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, উপজেলা ও জেলা শাখার কাউন্সিল শেষ করা হবে। আগামী নির্বাচন সামনে রেখে দলকে নতুন করে সাজানোর লক্ষ্যেই মাঠপর্যায়কে সাংগঠনিকভাবে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।বৈঠকে সিদ্ধান্ত হয়, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে সারা দেশে ওয়ার্ড ও ইউনিয়নের কাউন্সিল শুরু হবে এবং তা ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। নতুন বছরের জানুয়ারি থেকে উপজেলা ও পৌর শাখার কাউন্সিল শুরু হবে এবং মার্চের মধ্যে শেষ করা হবে। এপ্রিল থেকে জুন পর্যন্ত জেলা আওয়ামী লীগের কাউন্সিল হবে।এ প্রসঙ্গে হানিফ জানান, আগামী বছরের ২৪ জুলাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই তৃণমূলের কাউন্সিল শেষ করে দলকে ঢেলে সাজানো হবে। এ ছাড়া যেসব জেলায় আওয়ামী লীগের কাউন্সিল দীর্ঘদিন ধরে হচ্ছে না, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে শেষ করা হবে।বৈঠকে তৃণমূলের কাউন্সিল পর্যবেক্ষণ করতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে সাত বিভাগে সাতটি কমিটি করা হয়েছে। রংপুর বিভাগের দায়িত্ব পাওয়া নেতারা হলেন সতীশ চন্দ্র রায়, খালিদ মাহমুদ চৌধুরী, আসাদুজ্জামান নূর, এইচ এন আশিকুর রহমান, ফজলে রাব্বী ও টিপু মুন্সী। রাজশাহী বিভাগের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ নাসিম, আবু সাঈদ আল মাহমুদ, খায়রুজ্জামান লিটন, মজিবুর রহমান ও আখতার জাহান। খুলনা বিভাগে দায়িত্ব পালন করবেন মাহবুব উল আলম হানিফ, বি এম মোজাম্মেল হক, শেখ আলতাফ হোসেন প্রমুখ। বরিশাল বিভাগের কাউন্সিল পর্যবেক্ষণ করবেন আবুল হাসানাত আবদুল্লাহ, ইউসুফ হোসেন হুমায়ুন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আফজাল হোসেন প্রমুখ।ঢাকা বিভাগের দায়িত্ব পাওয়া নেতারা হলেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম, কাজী জাফরউল্যাহ, রাজিউদ্দিন আহমেদ, লতিফ সিদ্দিকী, সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর কবীর নানক, আবদুর রাজ্জাক, আবদুল মান্নান খান, নূহ-উল-আলম লেনিন প্রমুখ। চট্টগ্রাম বিভাগে দায়িত্ব পালন করবেন ওবায়দুল কাদের, মহীউদ্দীন খান আলমগীর, আহমদ হোসেন, দীপু মনি, ফরিদুন্নাহার লাইলী, এ বি তাজুল ইসলাম প্রমুখ। সিলেট বিভাগের দায়িত্ব পেয়েছেন মিজবাহউদ্দিন সিরাজ, নুরুল ইসলাম নাহিদ, এম এ মান্নান ও জেবুন্নেছা হক।