পাল্টা কর্মসূচি নিয়ে সক্রিয় হচ্ছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় পাল্টা সাংগঠনিক কর্মসূচি নিয়ে সক্রিয় হচ্ছে সরকারি দল আওয়ামী লীগ। মধ্য জুলাইয়ে সারা দেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সাংগঠনিক সফর শুরু করছেন। রমজান মাসের আগেই জেলা পর্যায়ে সভা-সমাবেশ কর্মসূচি শেষ করবেন তাঁরা। পাশাপাশি হরতালে জনজীবন স্বাভাবিক রাখতে প্রশাসনিক ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে। আওয়ামী লীগের নীতিনির্ধারক সূত্র এ তথ্য জানিয়েছে।সূত্র জানায়, সংবিধানের পঞ্চদশ সংশোধনী এবং ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমান আসামি হওয়ায় বিএনপি-জামায়াত ও সমমনাদের টানা হরতাল কর্মসূচি নিয়ে ক্ষমতাসীন দল ও সরকারের নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা হচ্ছে। বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলায় আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক আহ্বান করা হবে। এ বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সফরসহ সাংগঠনিক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে।জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলের কয়েকজন সাংগঠনিক সম্পাদককে ডেকে সারা দেশে সাংগঠনিক সফরের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি তৃণমূল পর্যায়ে সম্মেলন শুরু করার ব্যাপারেও সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের দিকনির্দেশনা দেন। দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর সৈয়দ আশরাফ ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শুরু করার জন্য জেলা ও উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে চিঠি দেবেন।জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলায় সারা দেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম শুরু হবে। জুলাই মাসেই দলের কেন্দ্রীয় সাংগঠনিক সফর শেষ করা হবে। এরপর পর্যায়ক্রমে ওয়ার্ড, ইউনিয়ন ও জেলা আওয়ামী লীগের সম্মেলন করা হবে।এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, হরতালের সময় রাজপথে কোনো শান্তি মিছিল বের করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কমিটিগুলো দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ থাকলেও স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনের জন্য সম্মেলন করা হয়নি। এসব নির্বাচনের পর সম্মেলন শুরু করার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত ছিল। এরই মধ্যে পৌরসভা নির্বাচন শেষ হয়েছে। এক মাস ধরে চলতে থাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন গতকাল শেষ হয়েছে।সূত্র জানায়, আগস্ট শোকের মাস বলে ওই মাসে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কর্মসূচি নেওয়া হবে না। তা ছাড়া রমজান মাস হওয়ায় আগস্ট জুড়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা ও শোকসভা করবে। সেপ্টেম্বর থেকে ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শুরু হবে। নভেম্বর-ডিসেম্বর থেকে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন এবং এরপর জেলা সম্মেলন হবে।আওয়ামী লীগের নেতাদের মতে, জাতীয় নির্বাচন এবং সম্মেলনের মাধ্যমে সংগঠন শক্তিশালী হয়। বিরোধী দল আন্দোলনের হুমকি দেওয়ায় তৃণমূল পর্যায়ে সম্মেলন করে সংগঠনকে শক্তিশালী করা হবে।সূত্র জানায়, বিরোধী দলের টানা হরতাল কর্মসূচি মোকাবিলায় সরকারের মধ্যে নানা চিন্তা-ভাবনা চলছে। হরতাল অকার্যকর করতে বড় বড় শপিং মল ও বিপণিবিতানগুলো চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। বিপণিবিতানগুলো চালু করার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার উপায় নিয়েও কথা হচ্ছে। সরকার মনে করছে, হরতালে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান ও বিপণিবিতানগুলোয় বেশি প্রভাব পড়ে। এগুলো চালু রাখা সম্ভব হলে হরতালের কার্যকারিতা এতটা থাকবে না।আওয়ামী লীগের সূত্র জানায়, হরতালে দলীয় কোনো মিছিল সমাবেশ করা হবে না। তবে প্রত্যেক ওয়ার্ডে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে।আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রথম আলোকে বলেন, ‘বিরোধী দলকে মোকাবিলায় সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। তবে আওয়ামী লীগ কঠোর অবস্থানে নেই। বিরোধী দলের সঙ্গে আলোচনার জন্য আমরা প্রস্তুত।’