ঢাকায় আজ আবার পাল্টাপাল্টি কর্মসূচি আ.লীগের প্রতি বিএনপি
পাল্টা কর্মসূচি প্রত্যাহার করুন
গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগকে তাদের আজকের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের আজকের গণমিছিলের কর্মসূচি নির্বিঘ্ন করতে পুলিশ ও সরকারের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। তবে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আজকের গণমিছিলের রুট সংক্ষেপ করা হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, গণমিছিল বাংলা-মোটরে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। এখন তা মগবাজারে শেষ হবে।চারদলীয় জোটের গণমিছিলের নেতৃত্ব দেবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বেলা দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু হবে। কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজারে তা শেষ হবে। গণমিছিল শুরুর আগে নয়াপল্টনে খালেদা জিয়া সংক্ষিপ্ত বক্তৃতা করবেন।খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশানের কার্যালয়ে রাত আটটায় বৈঠক শুরু হয়ে চলে সাড়ে নয়টা পর্যন্ত। এতে স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন। পুলিশ ও র্যাব সূত্র জানায়, আজ প্রধান দুই রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার সামনে আট হাজার পুলিশ ও দুই হাজার র্যাব সদস্য মোতায়েন থাকবে। প্রস্তুত রাখা হয়েছে রায়ট কার ও জলকামান।জানতে চাইলে গত রাতে মহানগর পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, আজকের গণমিছিল কর্মসূচি পালনের জন্য শর্ত সাপেক্ষে বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছে।সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চারদলীয় জোট এ কর্মসূচি পালন করছে। তারা আজ ঢাকার বাইরে চট্টগ্রামসহ আরও কয়েকটি বিভাগীয় ও জেলা শহরে গণমিছিল করার ঘোষণা দিয়েছে। বিএনপি থেকে বলা হয়েছে, পুলিশের নিষেধাজ্ঞার কারণে গতকাল যেসব বিভাগীয় ও জেলা সদরে পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি পালন করতে পারেনি, সেসব স্থানে আজ এ কর্মসূচি পালিত হবে। এ জন্য স্থানীয়ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে।৯ জানুয়ারি চট্টগ্রামের জনসভা থেকে খালেদা জিয়া ২৯ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে বিভাগীয় ও জেলা সদরে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন। এরপর গত বৃহস্পতিবার ঢাকা মহানগর আওয়ামী লীগ একই দিনে ঢাকায় জনসভা ডাকে। প্রধান দুই দলের একই সময়ে কর্মসূচির কারণে সহিংসতার আশঙ্কায় গত রোববার ঢাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ করে ডিএমপি। এ কারণে রোববারের গণমিছিল পিছিয়ে আজ সোমবার করার সিদ্ধান্ত নেয় বিএনপি।কর্মসূচি ঘিরে প্রস্তুতি: ঢাকায় আজকের কর্মসূচি সফল করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, চারদলীয় জোটের অপর শরিক জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস এবং সমমনা দলগুলো পৃথকভাবে প্রস্তুতি নিয়েছে। বিএনপি জানায়, তাদের নেতা-কর্মীরা প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসবেন। শরিক ও অন্য দলগুলোও বিএনপির কার্যালয়ের সামনে আসবে। মিছিলের সামনে বিএনপির নেতা-কর্মীদের থাকার কথা রয়েছে। তাঁরা দলীয় ও জাতীয় পতাকা বহন করবেন। এরপর থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি গাড়িতে চড়ে মিছিলের নেতৃত্ব দেবেন।এদিকে গতকাল জামায়াতের ঢাকা মহানগর কমিটির আমির রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি নুরুল ইসলাম এক বিবৃতিতে আজকের গণমিছিল কর্মসূচিতে সর্বাত্মকভাবে অংশ নিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে দলটি এ কর্মসূচি পালন করতে দুটি প্রস্তুতি বৈঠক করেছে।‘সরকার পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে’: গতকাল কয়েকটি জেলা শহরে গণমিছিলে বাধা ও পুলিশের গুলিতে বিএনপির চারজন নেতা-কর্মী নিহত এবং আরও অনেকে আহত হওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটি এসব ঘটনার জন্য সরকারকে দায়ী করেছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘সরকার পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়ে জনগণের রক্তে তাদের হাতকে রঞ্জিত করেছে। এ রক্ত বৃথা যেতে পারে না।’ তিনি অভিযোগ করেন, গতকাল বিভিন্ন জেলায় গণমিছিলে পুলিশের হামলায় বিএনপির চারজন নিহত এবং এক হাজার ১৭৫ জন আহত হয়েছেন। গণমিছিল থেকে এক হাজার ২৩৪ জনকে আটক করা হয়েছে। সরকার এর মাধ্যমে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করছে।