পাল্টাপাল্টি অভিযোগ, আক্রমণাত্মক বক্তব্য আর হইচইয়ে উত্তপ্ত সংসদ
পাল্টাপাল্টি অভিযোগ, অতীতে দেশ পরিচালনায় দুর্নীতি, স্বজনপ্রীতির নানা তথ্য তুলে ধরে হইচই চিত্কার চেঁচামেচি এবং দুই দফা ওয়াকআউটের ফলে আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশন ছিল উত্তপ্ত।বিএনপির সিনিয়র সহসভাপতি তারেক রহমানকে সরকারি দলের একজন সাংসদ ‘চ্যাম্পিয়ন দুর্নীতিবাজ’ আখ্যা দেন। আর বিএনপি ১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী লীগের শাসন আমলে দেশে দুর্ভিক্ষ, লুটপাটের অভিযোগ তোলে।জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করার প্রতিবাদে বিরোধী দল প্রথমবার সংসদ থেকে ওয়াকআউট করে। অধিবেশনের শুরুতে মওদুদ আহমদ বলেন, ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করায় আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।’ তিনি বলেন, বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া বা বিএনপির কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে বর্তমান সরকারের। কারণ, এর মাধ্যমে বর্তমান সরকার কী পরিমাণ প্রতিহিংসাপরায়ণ, তা প্রকাশ করেছে।পরে তারেক রহমানকে কটূক্তি করায় জাতীয় সংসদ থেকে দ্বিতীয় দফায় ওয়াকআউট করে বিএনপি। তবে পাঁচ মিনিট পর তারা আবার সংসদে ফিরে আসে। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে সরকারদলীয় সাংসদ জিল্লুল হাকিম তারেক রহমানকে ‘চোর’ আখ্যায়িত করে বলেন, তিনি কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাস করেননি। তিনি দুর্নীতিতে পাস করেছেন। তিনি ছিলেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তিনি বলেন, জোট সরকারের আমলে বিদ্যুতের খাম্বা পোঁতা হয়েছে। এর মাধ্যমে তারেক সাড়ে ছয় হাজার কোটি টাকা লুট করেছেন বলে তিনি অভিযোগ করেন। এ সময় বিএনপির সাংসদেরা স্পিকারের কাছে এই বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানিয়ে হট্টগোল এবং ওয়াকআউট করেন।বিকেলে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। কাল বুধবার বিকেলে আবার সংসদ অধিবেশন বসবে।