পাল্টাপাল্টি অভিযোগ আইনজীবীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলার বিচারে আসামিপক্ষকে আইনগত সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না বলে আসামি ও তাঁদের আইনজীবীরা অভিযোগ করেছেন। তাঁদের আশঙ্কা, এভাবে চললে অভিযুক্ত ব্যক্তিদের সুবিচার প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে না।তবে রাষ্ট্রপক্ষ বলছে, কে কার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন, তা আইনজীবীদের আগে থেকেই জানিয়ে দেওয়া হয়। আসামিপক্ষের আইনজীবীরা বলেন, এক হাজার ৩৪৫ জন সাক্ষীর মধ্যে এক দিনে একজন সাক্ষীর জবানবন্দি বের করে আইনগত প্রস্তুতি নেওয়া কঠিন।রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, সাক্ষীদের জেরা করার ক্ষেত্রে আইনি পরামর্শ করার জন্য আইনজীবীদের যথেষ্ট সময় দেওয়া হচ্ছে। আদালতের বাইরে কারাবিধিমতে আইনজীবীরা কারা ফটকে কথা বলার সুযোগ পেয়ে থাকেন। কত দিনে বিচারপ্রক্রিয়া শেষ হতে পারে—এমন প্রশ্নের জবাবে মোশারফ হোসেন আশা করছেন, এই বছরই বিচারকাজ শেষ করতে পারবেন। তিনি বলেন, ‘সপ্তাহে দুই দিন আদালতের কার্যক্রম চলছে। তাই সব সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হবে না। যেসব আসামির বিরুদ্ধে একাধিক সাক্ষী হয়েছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনের অতিরিক্ত সাক্ষী উপস্থাপন করা হবে না।তড়িঘড়ি করে সরকার এ মামলার বিচার শেষ করার চেষ্টা করছে—আসামিপক্ষের এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে মোশারফ হোসেন বলেন, প্রচলিত আইনে প্রতিদিন বিচারকাজ চলতে কোনো বাধা নেই। সেখানে সপ্তাহে দুই আদালতে কার্যক্রম চলছে। এ ক্ষেত্রে তড়িঘড়ি অভিযোগ সঠিক নয়। আসামিপক্ষকে পর্যাপ্ত সুযোগ দিয়েই আদালতের কাজ চলছে। আসামিদের আইনজীবী আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘বিদ্রোহের আগে পিলখানার সিপাহিরা সরকারি দলের সাংসদ ফজলে নূর তাপসের সঙ্গে দেখা করে দাবির কথা জানিয়েছিলেন। ঘটনার পর তাপসের নাম করে এলাকায় মাইকিং হয়েছিল। আওয়ামী লীগের নেতা শেখ সেলিমের বাসায়ও বিদ্রোহীরা বৈঠক করেন। তা ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গেও ফোনে কথা বলেছেন। তাঁরা এই বিদ্রোহের সব কিছু জানতেন। কিন্তু কোনো ব্যবস্থা নেননি।’বিএনপির নেতা নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর আইনজীবী সানাউল্লাহ বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য নাসির উদ্দিন আহাম্মেদকে জড়ানো হয়েছে। তাঁর অভিযোগ, একজন আসামি জামিন পাওয়ার অধিকার রাখেন। তবে এই মামলায় কোনো আসামিকেই জামিন দেওয়া হচ্ছে না।আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এটি একটি স্পর্শকাতর মামলা। এই মামলায় আসামিপক্ষের কারণে মামলার কার্যক্রম স্থগিত করা হয়নি। তড়িঘড়ি করে মামলায় সাক্ষ্য নেওয়া হচ্ছে। ফলে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করার ক্ষেত্রে প্রস্তুতি নিতে পারছেন না। আইনজীবীরা মক্কেলের (আসামি) সঙ্গে আইনগত পরামর্শ করার সুযোগ পাচ্ছেন না। ফলে আইনজীবীরা অনুমান করে সাক্ষীকে জেরা করছেন। এতে আসামিরা ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের অপর আইনজীবী শেখ বাহারুল ইসলাম বলেন, এটা ঠিক নয়। আসামিদের জেরা করার ক্ষেত্রে পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে। আর আগে থেকেই আইনজীবীদের সাক্ষীর বিষয়ে অবহিত করা হয়ে থাকে। এ ছাড়া আদালত চলাকালে দুপুরে বিরতির সময় আইনগত পরামর্শের জন্য আইনজীবীদের সুযোগ দেওয়া হয়ে থাকে। আসামিপক্ষের আরেক আইনজীবী মোহাম্মদ রমজান খান বলেন, এই মামলাটি একটি হত্যা মামলা। এ পর্যন্ত এই মামলায় ৪৫ জন সাক্ষ্য দিয়েছেন। এঁদের অধিকাংশই সেনা কর্মকর্তা। দু-তিনজন সাক্ষী হত্যার কথা বলেছেন। বাকিরা বিডিআর বিদ্রোহ, কোত থেকে কে, কীভাবে অস্ত্র নিয়েছেন, কীভাবে বিদ্রোহে অংশ নিয়েছেন তার বর্ণনা দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এখন পর্যন্ত হত্যাকাণ্ডের বিষয়ে সরাসরি কোনো সাক্ষী উপস্থাপন করতে পারেনি, যে কারণে হত্যার রহস্য এখনো জানা যায়নি।