আবারও পাল্টাপাল্টি ব্যক্তিগত আক্রমণ ও বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে গতকাল সোমবার উত্তপ্ত হয়ে উঠেছিল জাতীয় সংসদ অধিবেশন।অশালীন ও অসংসদীয় ভাষা ব্যবহার না করতে স্পিকারের আহ্বানের পরদিনই গতকাল ১৮-দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও সৈয়দ আবুল হোসেনকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেন।এরপর সরকারদলীয় সংরক্ষিত আসনের সাংসদ নাজমা আক্তার বিরোধী দলের নেতা খালেদা জিয়ার বংশপরিচয় ও তারেক রহমানকে নিয়ে পাল্টা আক্রমণাত্মক বক্তব্য দিলে অধিবেশনকক্ষে উত্তেজনার সৃষ্টি হয়। বিরোধীদলীয় সাংসদেরা ওয়াকআউট করেন। আন্দালিব রহমানের বক্তব্যের সময়ও সরকারি দলের সদস্যরা হইচই করেন।স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকালের এই অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অংশ নিয়ে বিরোধী দলের সাংসদ আন্দালিব রহমান অভিযোগ করেন, বিদ্যুৎ খাতে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন সবচেয়ে বড় খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি বলেন, ‘আমি আগেই বলেছিলাম সামিট গ্রুপের কথা। বিদ্যুৎ খাতে সামিট গ্রুপের আজিজ খানের পর এখন আসছে এই খাতের বাদশাহ আবুল হোসেনের নাম। আবুল হোসেন বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় খেলোয়াড়। ২০০৯ সালে সিলেটে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য একাই দরপত্র দিয়েছেন, ২০১০ সালে দিয়েছেন সিরাজগঞ্জের ১৫০ মেগাওয়াটে, ২০১২ সালে ঘোড়াশালে ৩০০ মেগাওয়াট একাই করবেন। নিজে বসে অন্য সবাইকে অকৃতকার্য করবেন। সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে বিশ্বব্যাংক টাকা দেবে না বলছে।’ তিনি বলেন, ‘পদ্মা সেতু যদি কখনো হয়, তাহলে আবুল হোসেনের নামে করা উচিত। দৃষ্টান্ত হয়ে থাকবে।’আন্দালিব রহমান বলেন, তাঁরা চান গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা বদল হোক। ঠিক যে সময় ক্ষমতা বদলের সময় আসছে তখন ‘কে ইসলামিক, কে নন-ইসলামিক, মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে, শাহবাগি-অ্যান্টি শাহবাগি, প্রোইন্ডিয়ান-অ্যান্টি ইন্ডিয়ান’—এগুলো আলোচনায় আনা হচ্ছে। তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের নেতা আল্লামা শফী সাহেবের ৯০ বছর বয়স। তিনি একবার হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে বগুড়ায় গেলেন। আর তখনই পত্রিকায় বড় করে শিরোনাম হলো, তিনি এত টাকা কোথায় পেলেন। অথচ গত চার বছরে তোফায়েল আহমেদ সাহেব ৪০ বার হেলিকপ্টারে করে ভোলায় গেলেন, তা নিয়ে কোনো কথাই হলো না।’ আন্দালিব বলেন, হেফাজতে ইসলাম শাপলা চত্বর ছেড়ে যাওয়ার পর একটা অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে হেফাজতেরা চলে গেছে। এখন যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণে এক লাখ মানুষ মিছিল করে, তবে দোষ কার হবে—মিছিলকারীর, না এই মন্ত্রীর। তিনি বলেন, ‘আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি, তা হয় সহিংসতা। আওয়ামী লীগ যদি জয় বাংলা বলে গাড়ি ভাঙে, তখন তাও হয় সহিংসতা। আর হেফাজতে ইসলাম যদি নারায়ে তকবির বলে গাড়ি ভাঙে, তা হয় জঙ্গিবাদ।’বিরোধী দলের এ সাংসদ আরও বলেন, এখন মন্ত্রীদের ব্যাংক, বিশ্ববিদ্যালয়, গভীর সমুদ্রে মাছ ধরা ট্রলারের লাইসেন্সের দরকার হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে ইঙ্গিত করে তিনি অভিযোগ তোলেন, জাহাঙ্গীর কবির নানকের মেয়ে ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছেলে ভিওআইপি ব্যবসায় জড়িত।আন্দালিব রহমান সাভারে ধসে পড়া রানা প্লাজার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমরা বলব না যে সেখানে মহাজোট সরকার যেভাবে হ্যান্ডলিং করেছে, আমাদের সরকার তার চেয়ে ভালো হ্যান্ডলিং করতে পারবে। কিন্তু দুঃখ লাগে যখন দেখি সরকার বিজ্ঞাপন দেয়—আপনারা অক্সিজেন নিয়ে আসুন, হেক্সো ব্লেড নিয়ে আসুন। যে দেশে হেক্সো ব্লেড নেই, সে দেশে ১০ হাজার কোটি টাকায় রাশিয়া থেকে অস্ত্র কিনতে হবে?’ তিনি তারেক রহমানকে সরকার ভয় পায় এবং তিনি সময়মতো দেশে ফিরবেন উল্লেখ করে বলেন, তারেক রহমানের রাজনীতি করার অধিকার আছে কি না, তা ঠিক করবে জনগণ। তিনি যেদিন দেশে ফিরবেন, সেদিনই তা নির্ধারিত হয়ে যাবে। এরপর সরকারদলীয় সাংসদ নাজমা আক্তার বলেন, তারেক রহমানকে দেশের মানুষ ভয় পায়। কারণ, তারেক দেশে এলে ২১ আগস্ট হবে, সারা দেশে ৫০০ জায়গায় বোমা ফাটবে, জঙ্গির আগমন হবে, খোয়াব ভবনে নাজেহাল হতে হবে নারীদের। তিনি অভিযোগ করেন, ‘একজন মডেল কন্যা, যিনি একজন নায়কেরও স্ত্রী, তাঁকে তারেক রহমান প্লেনে মদ খেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন।’গত বৃহস্পতিবার বিরোধীদলীয় সাংসদ আসিয়া আশরাফী প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের স্ত্রীকে ইহুদি বলেছিলেন। সেই বক্তব্যের রেশ ধরে গতকাল নাজমা আক্তার বলেন, ‘বিরোধী দলের সাংসদেরা সজীব ওয়াজেদ জয়ের স্ত্রীকে বলেন ইহুদি। কিন্তু বিরোধীদলীয় নেত্রীর মায়ের নাম লক্ষ্মী রানী মারমা, যার নাম তৈয়বা মজুমদার বলে জানি। তাঁর বাবার নামও মারমা। তাঁকে আমরা ইস্কান্দার মজুমদার নামে চিনি।’নাজমা আক্তারের বক্তব্যের সময় তাঁকে দুই দফায় ব্যক্তিগত আক্রমণ থেকে থামানোর চেষ্টা করে স্পিকার বলেন, ‘আপনি বাজেটের ওপর বক্তব্য রাখেন।’ একবার মাইকও বন্ধ করা হয়। এ সময় বিএনপির সাংসদেরা হইচই করতে থাকেন এবং একপর্যায়ে ওয়াকআউট করেন। বিএনপি ওয়াকআউট করে ফিরে এলে বিরোধী দলের সাংসদ মাহমুদুল হাসান দাবি করেন, তারেক রহমান সম্পর্কে যেসব কটূক্তি করা হয়েছে, তা ‘এক্সপাঞ্চ’ করা হোক।এরপর মাহমুদুল হাসানের প্রতি ইঙ্গিত করে সরকারি দলের শামসুল হক চৌধুরী বলেন, এখানে একজন আছেন, যাকে সবাই ‘থিফ অব বাগদাদ’ বলে জানেন। আপনাদের নেত্রীও তাই বলত। তিনি আন্দালিব রহমানের উদ্দেশে বলেন, ‘বাবার নামে চলো, তোমার মাকে জিজ্ঞাসা করো তুমি কোথা থেকে এসেছ, তোমার বাবার আয়-ইনকাম কী ছিল, ব্যারিস্টারি পড়েছ কার টাকায়। তুমি লাখ টাকা দামের স্যুট পরো। তুমি সুরঞ্জিত বাবু-নানক সাহেবকে নিয়ে কথা বলো।’বাজেটের ওপর অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগদলীয় সাংসদ এস কে আবু বকর, সাধন চন্দ্র মজুমদার, জাহিদ মালেক, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, খান টিপু সুলতান প্রমুখ।