পাল্টাপাল্টি যুক্তিতে প্রাণবন্ত সংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঠনমূলক সমালোচনা, যুক্তি আর পাল্টা যুক্তিতে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রাণবন্ত বিতর্কে মেতে উঠেছিলেন সরকারি ও বিরোধী দলের জ্যেষ্ঠ সাংসদেরা। টিপ্পনী ও খোঁচা দিয়ে পরস্পরকে ঘায়েল করার চেষ্টা থাকলেও তাঁদের বক্তব্যে ছিল না কোনো অশালীন বক্তৃতা, কটূক্তি বা আক্রমণাত্মক শব্দের ব্যবহার। আবার তাঁদের বক্তব্যে সমালোচনারও কোনো কমতি ছিল না।বাজেট আলোচনার শেষ পর্যায়ে গতকাল জাতীয় সংসদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতা-নেত্রীরা বক্তব্য দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।মওদুদের বক্তব্যের জবাবে তোফায়েল: দিনের শেষ ভাগে বক্তব্যে অংশ নিয়ে বিএনপির সাংসদ মওদুদ আহমদ ক্ষমতাসীন দলের উদ্দেশে বলেন, ‘অবিশ্বাস ও অনাস্থা আরও শত গুণ বেড়েছে। আমরা বিশ্বাস করি না আপনাদের। আপনারা বিশ্বাস করেন না আমাদের। তত্ত্বাবধায়কব্যবস্থা বাতিল করে যে সংকট আপনারা সৃষ্টি করেছেন, নির্দলীয় ব্যবস্থা এনে তা আপনাদেরই নিরসন করতে হবে।’ তিনি বলেন, ‘আলোচনার আয়োজন সরকারকেই করতে হবে। আমরা যেকোনো স্থানে আলোচনায় রাজি।’নির্বাচনকালীন সরকারব্যবস্থা সম্পর্কে মওদুদ আহমদ বলেন, ‘আমরা কোনো প্রস্তাব দেব না। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন, সে ব্যাপারে আলোচনা হতে পারে।’ তিনি বলেন, দলীয় সরকারের অধীনে এ দেশে কোনো নির্বাচন হবে না। এ ধরনের নির্বাচনে বিএনপি অংশ নেবে না। আরেকটি এক-এগারো সরকারের সম্ভাবনা সম্পর্কে মওদুদ বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আছে। সুতরাং, আরেকটি এক-এগারো এলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই।’ তিনি সমঝোতার মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করে গণতন্ত্র রক্ষা করার আহ্বান জানান।মওদুদ আহমদ বলেন, পঞ্চম সংশোধনী একটি রাজনৈতিক রায়। এ রায়ের মাধ্যমে সমাজে সংঘাত বাড়িয়ে দেওয়া হয়েছে। উচ্চ আদালতের কোনো রাজনৈতিক ইস্যুতে রায় দেওয়া ঠিক নয়। তিনি বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা আছে। কিন্তু বিচারকদের স্বাধীনতা নেই। বিচার বিভাগে এত রাজনৈতিক হস্তক্ষেপ এর আগে দেখিনি।’ মওদুদ আহমদ বলেন, ‘ক্ষমতাসীন দল বড় বাজেটের কথা বলছে। এটা তো মাত্র ছয় মাসের বাজেট। আমরা এসে এর দেড় গুণ বড় বাজেট দেব।’ তিনি বলেন, ভোট চুরির শিক্ষা ১৯৭৩ সালে আওয়ামী লীগ দিয়েছে। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার কথা বলে, আবার সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রেখেছে। এরপর আলোচনায় অংশ নিয়ে তোফায়েল আহমেদ বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘আপনারা গোঁ ধরছেন, তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবেন না। আমরাও বলছি, কোনো প্রকার নির্দলীয় সরকার গঠনের প্রশ্নই আসে না। নির্বাচন হবে শেখ হাসিনার নেতৃত্বের সরকারের অধীনে।’ তিনি মওদুদ আহমদের উদ্দেশে বলেন, ‘আপনি দাম্ভিকতা দেখাচ্ছেন। ক্ষমতায় এসে গেছেন—এটা ভাববেন না। আপনি বললেন, নির্বাচন করবেন না। আমি মনে করি, এটা আপনার মনের কথা নয়।’ তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা কেন তত্ত্বাবধায়কে যাব? দেশে ভোটার আইডি কার্ড হয়েছে। কেউ সিল মারতে পারে না। মিডিয়া খুবই শক্তিশালী। এই মিডিয়ার যুগে কি কারচুপি করার সুযোগ আছে?’ তিনি বলেন, শেখ হাসিনা প্রমাণ করতে সক্ষম হয়েছেন, ক্ষমতাসীন দলের অধীনেও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। বিএনপিকে পাল্টা হুমকি: অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে জানিয়ে বিএনপিকে নির্বাচন বর্জনের হুমকি না দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘নির্বাচন বর্জন বিএনপির একার নয়। তত্ত্বাবধায়কে আওয়ামী লীগ নির্বাচনে না গেলে কী হবে? রাষ্ট্রপতি যদি এ সংসদকেই জীবিত করেন, তখন কী করবে বিরোধী দল?’‘সময় খুব অল্প’ উল্লেখ করে অবাধ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে দ্রুত আলোচনার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘যতই দিন যাচ্ছে, আলোচনার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে বলছি না, তবে ক্ষীণ হয়ে যাচ্ছে। এটা ঠিক হবে না। আপনারা আসেন।’ তিনি বলেন, ‘আপনারা যদি নির্দলীয় না মানেন, সর্বদলীয় হতে পারে। আসুন, আলোচনা করি।’তত্ত্বাবধায়ক নিয়ে পানি ঘোলা না করার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘এ শিশু মারা গেছে। অন্তর্বর্তী সরকার এসে গেছে। ওই মরা গাছে ফুল ফোটানো যাবে না। যেভাবে সিটি নির্বাচন হয়েছে, সেভাবেই জাতীয় নির্বাচন হবে।’ ধর্মীয় কার্ড নিয়ে রাজনীতি করার জন্য বিরোধী দলের সমালোচনা করেন সুরঞ্জিত। দুই নেত্রীকে আহ্বান: জাতীয় পার্টির রওশন এরশাদ দুই নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, সরকারি দল ও বিরোধী দলকে এক টেবিলে বসতে হবে। তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব বেশি। সরকারি ও বিরোধী দলের তুমুল করতালির মধ্যে রওশন এরশাদ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘কেন আপনি এ সমস্যার সমাধান করতে পারবেন না? আপনাকে পারতে হবে। আপনাকে ছাড়ছি না।’ রওশন এরশাদ বলেন, ‘জাতীয় নেতাদের নিয়ে কটূক্তি করা ঠিক না। জন্মের জন্য কেউ দায়ী নয়। কর্মে দায়ী। যাঁরা কবরে শুয়ে আছেন, তাঁদের নিয়ে কেউ কটূক্তি করবেন না।’জমির উদ্দিনের পর ইনু: বিএনপির জমির উদ্দিন সরকার বলেন, বঙ্গবন্ধু নেতা ছিলেন, কিন্তু তিনি বাকশাল করেন। রক্ষীবাহিনী করেন। নেতাকে ভুল বুঝিয়ে ম্যাজিস্ট্রেটকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। তিনি বলেন, ‘১৫ আগস্ট করেন মুক্তিযোদ্ধা ফারুক ও রশিদ। ইনডেমনিটি দেন মোশতাক, জিয়া নয়। মোশতাকের মন্ত্রিসভায় আওয়ামী লীগের নেতারা ছিলেন।’জমির উদ্দিন সরকার বলেন, জিয়া সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি তালপট্টির দাবি ছাড়েননি। বাংলাদেশকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য করেন। জমির উদ্দিন অভিযোগ করে বলেন, ফারাক্কার পানি ঠিকমতো আসছে কি না, তা পররাষ্ট্রমন্ত্রী সংসদে তোলেননি। টিপাইমুখ নিয়ে তিনি প্রতিবাদ করেননি। জমির উদ্দিন সরকার বলেন, ‘ইসলামিক টিভি ও দিগন্ত টিভি বন্ধ করে ভালো কাজ হয়নি। আমার দেশ বন্ধ করার কোনো যুক্তি নেই। মাহমুদুর রহমান বিএনপি-আওয়ামী লীগ দুই দলের জন্য কাজ করেছেন। এক-এগারোর সময় যখন কেউ কথা বলত না, তখন মাহমুদুর রহমান কথা বলেন।’ আমার দেশ বন্ধ করা প্রসঙ্গে বিএনপির সাংসদদের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, প্রথম আলো, যুগান্তর, কালের কণ্ঠ ও সমকাল সকাল থেকেই সরকারের সমালোচনা শুরু করে। কিন্তু সেগুলো বন্ধ করা হয়নি। কারণ, সেগুলো নিরপেক্ষ পত্রিকা। এ সময় তিনি আমার দেশ-এর বিরুদ্ধে ধর্মীয় উন্মাদনা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনেন। তবে তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমার দেশ চালু করা সম্ভব নয়। অন্যান্য প্রসঙ্গ: নির্বাচন কমিশন আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবে কি না, তা নিয়ে ‘সন্দেহ’ প্রকাশ করেছেন মহাজোটের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাংসদ ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, চারটি সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপকভাবে আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। বিএনপির বরকত উল্লা বলেন, ‘ওনারা সংসদে দাঁড়িয়ে বিভিন্ন সময়ে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু পাকিস্তানের সঙ্গে ওনাদের আত্মিক সম্পর্ক আছে। কুইক রেন্টাল ও রেন্টালের আবিষ্কারক পাকিস্তান। যে কারণে পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রীকে কারাগারে যেতে হচ্ছে। যাঁরা আমাদের এখানেও রেন্টালের নামে লুট করছেন, তাঁদেরও আগামী দিনে কারাগারে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’আলোচনায় আরও অংশ নেন সৈয়দা সাজেদা চৌধুরী, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, রেজা আলী, আ ক ম বাহাউদ্দিন, মোল্লা জালাল উদ্দিন, সাইফুজ্জামান চৌধুরী, জিয়াউল হক মৃধা, মুজিবুল হক, ইমরান আহমেদ প্রমুখ।