পাল্টে গেছে অভ্যাসসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরে এসেছে পবিত্র মাহে রমজান। পাল্টে গেছে জীবনযাত্রার ১১ মাসের অভ্যাসসূচি। পথেঘাটে দেখা দিয়েছে ইফতারির পসরা নিয়ে টেবিল পেতে বসার পরিচিত দৃশ্য। গতকাল শনিবার প্রথম রমজানেই রাজধানীর বিভিন্ন প্রান্তে ফুটে ওঠে নগরবাসীর নিত্য জীবনযাত্রার সূচি বদল, আর ইফতার আয়োজনের ছবি।সকাল-সন্ধ্যা পানাহারে বিরত থেকে দীর্ঘ এক মাসের সিয়াম সাধনায় আত্মনিবেদন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই একটি মাস চিত্তশুদ্ধির সাধনায় আত্মনিবেদিত থাকবেন তাঁরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। সকাল নয়টায় কর্মস্থলে যাওয়া, আর বিকেল সাড়ে তিনটায় কর্মস্থল থেকে দ্রুত বাড়ি ফেরার তাগাদা থাকবে মাসজুড়ে। সঙ্গে থাকবে ফেরার পথে ইফতারসামগ্রী কেনাকাটার ব্যস্ততা। গতকাল প্রথম রোজার দিন সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মজীবীদের এ নতুন কর্মব্যস্ততা শুরু হবে আজ রোববার থেকে। গতকাল বিকেল গড়াতেই পাড়া-মহল্লার মোড়ে, ব্যস্ত এলাকার ফুটপাতে টেবিল পেতে দোকানিরা বসে পড়েন ইফতারির পসরা নিয়ে। ছোট্ট শামিয়ানা টানিয়ে ইফতারি বিক্রির আলাদা ব্যবস্থা করেছে হোটেলগুলো। সব দোকানের সামনে ক্রেতাদের ভিড় লেগেছিল ইফতারের আগপর্যন্ত। প্রথম রোজায় শহরে প্রকাশ্যে পানাহারের দৃশ্যও খুব একটা চোখে পড়েনি। মধ্য জুলাইয়ে দিন দীর্ঘ ছিল বটে, তবে আবহাওয়া ছিল মেঘমেদুর। ফলে পরিবেশই পানাহারে বিরত থাকার নিয়ম সয়ে উঠতে অনেকটা সহায়ক হয়েছিল। গতকাল প্রথম রোজা ছিল বলে পরিবারের সঙ্গে ইফতার করতে আগ্রহী ছিলেন বেশির ভাগ মানুষ। তাই যার যার সাধ্যমতো উপাদেয় খাবার সংগ্রহ করে ঘরে ফিরতে দেখা গেছে অনেককে। রাজধানীর একাধিক কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বেগুনের কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ইফতারির আরেক উপকরণ শসা বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকায়। এক দিন আগেও এ দুটি পণ্য কেজিপ্রতি দাম ১০ টাকা কম ছিল। আর টমেটোর দাম প্রতি কেজিতে এক দিনেই বেড়ে গেছে ২৫ থেকে ৩০ টাকা। গতকাল বিক্রি হয়েছে ১৫০ থেকে ১৬০ টাকায়। প্রতি হালি লেবু ২৫ থেকে ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।স্বাভাবিকভাবেই এ দাম বাড়ার প্রভাব পড়েছে ইফতারির বাজারে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গত বছর এক কেজি রান্না করা ছোলার দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা। এবার তার দাম ১২০ টাকা। বেড়েছে জিলাপির দামও। অন্য উপকরণের মধ্যে হালিম, গরুর চাপ ও মুরগির মাংসের তৈরি উপকরণগুলোতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। মাঝারি মানের ইফতারির দোকানে বেগুনি ও পেঁয়াজু বিক্রি হয়েছে একেকটি পাঁচ টাকা দরে। ছোট বা মহল্লার দোকানে বেগুনি, পেঁয়াজু বিক্রি হয়েছে প্রতিটি তিন টাকায়।রোজার প্রথম দিনে হঠাৎ করেই যেন দাম বেড়ে গেছে আম, কলা, পেঁপে, আপেল, আনারস, মাল্টাসহ মৌসুমি ফলের। সব ধরনের আমের দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। গতকাল বায়তুল মোকাররম এলাকায় এক কেজি ফজলি আম ১৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়। আপেল বিক্রি হয়েছে ১৮০ টাকায়। ৪০০ টাকার আঙুর বিক্রি হয়েছে ৫০০ টাকা কেজি।খাদ্যসামগ্রীর চড়া দামে অসন্তোষ প্রকাশ করেছেন পল্টন এলাকার ব্যবসায়ী মেসবাহ উদ্দিন। তিনি বলেন, দুই দিন আগে আম কিনেছি ১২০ টাকা কেজি, আজ সেই আমের দাম ১৫০ টাকা। কী কারণে কেজিপ্রতি ৩০ টাকা দাম বাড়ল, এ কথা কে তাদের জিজ্ঞেস করবে?বাইরের পাশাপাশি ঘরে ঘরে সাংসারিক গৃহকর্মের তোড়জোড়ও শুরু হয়েছে দুপুরের পর থেকে। গৃহিণীরা রসুইঘরে ব্যস্ত সময় কাটান ছোলা, পেঁয়াজু, বেগুনিসহ ঝাল-মিষ্টির নানা ধরনের উপকরণ তৈরি ও শরবত প্রস্তুত করার কাজে। তারপর খাবার টেবিলে পরিবারের সবাই বসেছেন ইফতারি সাজিয়ে মাগরিবের আজানের অপেক্ষায়। আবার যাঁরা কর্মস্থলে ছিলেন, তাঁরাও সব সহকর্মী একত্রে বসেন ইফতারি নিয়ে। পথিকেরা যান কাছের হোটেল-রেস্তোরাঁয়। সূর্য অস্ত যায় যায়, ব্যস্ত ঢাকার রাজপথে নেমে আসে শূন্যতা। এমন সময় প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইথারে ভেসে আসে আজানের ধ্বনি। রোজাদারেরা দোয়া পড়ে মুখে তুলে নেন খোরমা খেজুর বা শরবতের পেয়ালা।