পাল্টে গেছে তাঁর জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তম কুমার মৌলিক তখন দ্বাদশ শ্রেণীর ছাত্র। পড়ালেখার পাশাপাশি ভালোবাসতেন বঙ্গবন্ধুর আদর্শকে। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি। এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগ পাওয়ার পর আশা ছিল এইচএসসি পরীক্ষায়ও ভালো ফল করবেন। সেই আশা নিয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছাত্রদলের সন্ত্রাসীরা তাঁর ডান হাতের কবজি কেটে ফেলে। এইচএসসি পরীক্ষায়ও তিনি প্রথম বিভাগ পেয়েছেন, কিন্তু একটি হাত না থাকায় আর পড়ালেখা করতে পারেননি।সেই মেধাবী ছেলে উত্তম কুমারের জীবন কাটছে অতিকষ্টে। সংসার চালাতে গিয়ে ধারদেনা করে আজ পাওনাদারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। অথচ আশা ছিল, পড়ালেখা করে উচ্চতর ডিগ্রি নিয়ে একটা ভালো চাকরি করবেন। স্থানীয়ভাবে মোবারকগঞ্জ চিনিকলে একটি মৌসুমি চাকরি হয়েছে তাঁর। মাত্র তিন মাস কাজ থাকে, বাকি সময় বেকার থাকতে হয়। দীর্ঘদিন থেকে চাকরিটা স্থায়ী করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কোনো ফল হয়নি। উত্তম কুমার মৌলিক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মানবেন্দ্র ভূষণ মৌলিকের ছেলে। তাঁর বাবা কৃষিকাজ করে সংসার চালান। নিজেদের দুই বিঘা চাষযোগ্য জমি আর ভিটাবাড়ি ছিল। চিকিৎসার সময় সব বিক্রি করতে হয়েছে। এখন তাঁরা চাচার দেওয়া একটি টালির ঘরে বসবাস করেন। উত্তম কুমার জানান, তিনি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে পড়ালেখার সময় ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। অল্প দিনের মধ্যে তাঁকে উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ফলে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ তৈরি হয়। তবে তারা ভয়ঙ্কর কিছু ঘটাতে পারে, এটা অনুমান করতে পারেননি।ঘটনার বর্ণনা দিতে গিয়ে উত্তম কুমার জানান, এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ-কোলা সড়কের ঘোষনগর নামক স্থান থেকে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু ছেলে তাঁকে ধরে নিয়ে যায়। তারা তাঁকে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। তাদের কথায় রাজি না হওয়ায় তাঁর ডান হাতের কবজি কেটে ফেলে। এরপর সন্ত্রাসীরা তাঁর কাটা হাতটি নিয়ে চলে যায়। ঘটনার পর তিনি থানায় একটি মামলা করেছিলেন। পরবর্তী সময় নানাভাবে ভয়ভীতি দেখিয়ে মামলা মিটিয়ে নিতে বাধ্য করে। এ সময় চিকিৎসার খরচ হিসেবে কিছু টাকা দেওয়া হয়। পরে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে আবার তা ফেরত নিয়ে নেওয়া হয়েছে। উত্তম কুমার জানান, এ ঘটনার পর চিকিৎসা করতে তাঁর বাবাকে মাঠের চাষযোগ্য জমি ও ভিটাবাড়ি বিক্রি করতে হয়েছে। এখন তাঁরা নিঃস্ব অবস্থায় আছেন। বাবা পরের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। আর দলীয় নেতারা স্থানীয় চিনিকলে মৌসুমি হিসেবে তাঁকে একটি চাকরি দিয়েছেন। এখন তিনি চিনিকলে তিন মাস চাকরি করেন। এরপর বাকি নয় মাস বসে থাকতে হয়। স্ত্রী জয়ন্তী মৌলিক, মেয়ে অদৃতা মৌলিক (১০), ছেলে অতনু মৌলিককে নিয়ে কষ্টে দিন কাটছে তাঁর। উত্তমের দাবি, চাকরিটা স্থায়ী হলে তিনি কোনো রকমে বেঁচে থাকতে পারবেন। বর্তমানে তিন মাসের আয় দিয়ে ১২ মাস চলতে গিয়ে বেশ কিছু টাকার দেনা হয়েছেন। যে কারণে পাওনাদারদের ভয়ে তাঁকে পালিয়ে থাকতে হচ্ছে।কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ছাত্ররাজনীতি করতে গিয়ে প্রতিহিংসার কারণে উত্তমের আজকের অবস্থা সৃষ্টি হয়েছে। একটি হাত হারিয়ে সে অসহায় জীবন যাপন করছেন। তাঁর জন্য আমাদের সবার কিছু করার আছে।’জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বলেন, ‘উত্তম ছিল সাংগঠনিক ছেলে। যে কারণে প্রতিপক্ষ তাঁর একটি হাত কেটে বিছিন্ন করে দিয়েছে। আর হাত না থাকায় উত্তম কুমারের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। আমাদের পক্ষ থেকে উত্তম কুমারের জন্য যেটুকু করা প্রয়োজন, সামর্থ্য না থাকায় তা করতে পারিনি। তবুও চেষ্টা করছি কিছু করতে। এখন আওয়ামী লীগ সরকার গঠন করেছে, আমাদের সবার উচিত তাঁর জন্য কিছু একটা করার।’এ ব্যাপারে জাতীয়তাবাদী ছাত্রদলের কালীগঞ্জ থানার সভাপতি আবদুল হামিদ জানান, ঘটনাটি রাজনৈতিক ছিল না। পরীক্ষার হলে গোলমালকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। এর সঙ্গে ছাত্রদল জড়িত নয়।