পাল্টে গেছে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের জীবনধারা
দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলবাসীর জীবনধারা পাল্টে গেছে। বদলে গেছে তাদের নিত্যদিনের কর্মসূচি। গতকাল প্রথম দিনের মতো তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা খোলা পেয়ে অনেক রাত পর্যন্ত তারা করিডর দিয়ে যাতায়াত করেছে।এদিকে আজ শুক্রবার এই ছিটমহলবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রংপুর বিজিবির সেক্টর কমান্ডার।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল সংগ্রাম পরিষদের পক্ষ থেকে তিনবিঘা করিডর পয়েন্টে দায়িত্ব পালনকারী বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করেন দহগ্রাম-আঙ্গরপোতা সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান। তিনি বলেন, ‘দিনটি স্মরণীয় করে রাখতে আমি মিষ্টি নিয়ে এক আত্মীয়ের বাড়িতেও গিয়েছিলাম।’তিনবিঘা করিডর পার হয়ে হোটেল মালিক নূর হোসেন পাটগ্রাম থেকে মিষ্টি নিয়ে শ্যালক খোরশেদ আলমের দহগ্রামের বাড়িতে এসেছিলেন বৃহস্পতিবার রাত আটটায়। নূর হোসেন বলেন, ‘১৮ বছর আগে আমার বিয়ে হওয়ার পর এই প্রথম রাতে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছি। আনন্দে আমার চোখ দিয়ে পানি এসেছে। আমি রাত ১২টার দিকে তিনবিঘা করিডর পার হয়ে পাটগ্রামে ফিরে আসি।’দহগ্রাম-আঙ্গরপোতার মুক্তিযোদ্ধা উমর আলী (৭০) বলেন, ‘১৯৪৭ সালে ভারত ভেঙে পাকিস্তান হওয়ার সময়ও আমরা এই ছিটমহলে বন্দী ছিলাম। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও আমরা স্বাধীনতা পেলাম না।’ বঙ্গের বাড়ি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সামিনা বেগম বলে, ‘এত দিন মনের মধ্যে দুঃখ ছিল, স্বাধীন দেশের নাগরিক হওয়া সত্ত্বেও আমরা স্বাধীনভাবে কোথাও যেতে পারতাম না। আজ কী আনন্দ আকাশে-বাতাসে, অধিকার পেয়েছি ২৪ ঘণ্টা চলাচলের।’এদিকে আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী (বীর প্রতীক) বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে তিনবিঘা করিডরে যান। তিনি সেখানে ছিটমহলবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বলেন, ‘আপনাদের আনন্দের সঙ্গে নিজেকে জড়াতে আমি এসেছি।’ বিএসএফ সদস্যদের মধ্যে মিষ্টির প্যাকেট হস্তান্তর করে তিনি বলেন, ‘গতকাল এলাকাবাসী আপনাদের শুভেচ্ছা জানিয়েছে, আর আজ বিজিবির পক্ষ থেকে এসেছি।’