ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাঠপর্যায়ের চিত্র পাল্টে গেছে। অতীতের অভিজ্ঞতায় ইউপি নির্বাচনের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে সংঘাত-সংঘর্ষের চিত্র। কিন্তু এবার প্রথম দফা ইউপি নির্বাচনে ওই রকম হানাহানির ঘটনা ছিল খুবই নগণ্য। প্রথম দফায় ৩ এপ্রিল উপকূলীয় ১২ জেলার ৫৫৩টি ইউপিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়। বিশেষজ্ঞদের মতে, স্বচ্ছ ভোটার তালিকার কারণে নির্বাচনী ব্যবস্থার এমন ইতিবাচক পরিবর্তন হয়েছে। পাশাপাশি বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপ এবং আচরণবিধি মানার ব্যাপারে কড়াকড়ি আরোপ করায় নির্বাচনী সংস্কৃতিতে বিরাট পরিবর্তন এসেছে, যা ২০০৮ সালের সিটি করপোরেশন নির্বাচন, ওই বছরের শেষে জাতীয় সংসদ নির্বাচন, ২০০৯-এর শুরুতে উপজেলা পরিষদ নির্বাচন, গত জানুয়ারি মাসে পৌরসভা নির্বাচনের মতো ইউপি নির্বাচনেও এর প্রভাব পড়েছে।মাঠপর্যায়ের নির্বাচনী কর্মকর্তা এবং ভোটার ও প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতীতে মূলত জালভোটকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতার সূত্রপাত ঘটত। কিন্তু এবার ছবিসহ ভোটার তালিকার সুবাদে জালভোট ছিল না বললেই চলে। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যকর ভূমিকাও সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রেখেছে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মতে, প্রশাসনের কঠোর অবস্থানের কারণে নির্বাচন ভালো হয়েছে। তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা ছিল সবচেয়ে বেশি কার্যকর। তিনি বলেন, ইউপি নির্বাচনে বিজয়ীদের কাছ থেকে ভালো কিছু আশা করতে হলে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।নির্বাচনী সহিংসতা হ্রাস: ইউপি নির্বাচন মানেই সহিংসতা ও প্রাণহানি—এই চিত্রটি এবারের উপকূলীয় এলাকার নির্বাচনে দেখা যায়নি। বরং নির্বাচনে সহিংসতা অতীতের চেয়ে বেশ কম ছিল। নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি প্রতিষ্ঠান ব্রতীর হিসাব অনুযায়ী, ২০০৩ সালের ইউপি নির্বাচনে শুধু বরিশাল বিভাগেই সহিংসতায় ১৭ জনের প্রাণহানি হয়েছিল। আহত হয়েছিলেন এক হাজার ২৩৫ জন। আর এবার প্রথম দফা নির্বাচনে খুলনার তেরখাদা ও পটুয়াখালীর বদরপুরে দুজনের প্রাণহানি, ভোলার সদর উপজেলা, দৌলতখান, লালমোহন ও বোরহানউদ্দিনে ভোটগ্রহণের দিন কিছু সংঘর্ষ, পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে ভোটগ্রহণ শেষে গোলাগুলির ঘটনা বাদ দিলে বাকি সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হয়েছে।ভ্রাম্যমাণ আদালত ও ভোটার তালিকার ভূমিকা ছিল অগ্রগণ্য: মাঠ কর্মকর্তাদের মতে, ভোটের দিন উত্তেজনার আরেকটি বড় কারণ ছিল জালভোট। এবার ছবিযুক্ত ভোটার তালিকার কারণে জালভোট দেওয়ার সুযোগ ছিল না। এবার নির্বাচনের আগে ও পরে এবং ভোটগ্রহণের দিন ভ্রাম্যমাণ আদালত অপরাধীদের জেল-জরিমানা দিয়ে যে নজির সৃষ্টি করেছে, তাও সন্ত্রাসী কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করেছে। এক ভোলা জেলার বিভিন্ন ইউপিতে ভোটের দিন ২১০ জনকে বিচারের আওতায় আনা হয়। এঁদের মধ্যে ছয়জনকে বিভিন্ন মেয়াদে (১০ দিন থেকে তিন বছর পর্যন্ত) কারাদণ্ড এবং ৮৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অন্য জেলাগুলোয়ও বিভিন্ন অপরাধের কারণে ভ্রাম্যমাণ আদালত প্রার্থী, এজেন্ট ও সমর্থকদের বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছেন।নির্বাচন সম্পর্কে ভোলার জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর ছিলেন। কোনো প্রার্থীর অভিযোগই অগ্রাহ্য করা হয়নি। একই সঙ্গে ছবিযুক্ত ভোটার তালিকারও ইতিবাচক ভূমিকা ছিল। একই মত প্রকাশ করেছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলামও।খুলনার তেরখাদা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা রফিকুল আলম বলেন, যেকোনো ধরনের সমস্যার কথা প্রশাসনকে জানানোর সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিয়েছে। পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপড়া ইউনিয়নের দক্ষিণ নিলতি হাইস্কুলের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল মোতালেব বলেন, ‘বেশ কয়েকবার প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আমার আছে। ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই এবং ভোটকেন্দ্র দখলের ঘটনা দেখেছি। প্রাণ বাঁচাতে গিয়ে প্রিসাইডিং কর্মকর্তাদের পানিতে ঝাঁপ দিতেও দেখেছি। কিন্তু এবারের নির্বাচনে সে রকম কিছু দেখা যায়নি।’ বাগেরহাটের পিলজঙ্গ বহুমুখী বিদ্যালয়কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শেখ আলাউদ্দিনের মতে, ছবিসহ ভোটার তালিকা হওয়ার পর ভোটের চেহারা পাল্টে গেছে।উপকূলীয় ১২ জেলার ইউপি নির্বাচনে তেমন কোনো ধরনের রাজনৈতিক প্রভাব লক্ষ করা যায়নি, যদিও আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অনেকে ইউপি নির্বাচনে প্রার্থী ছিলেন। পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সদর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আল আমিন পারভেজ আওয়ামী লীগের স্থানীয় নেতা। তাঁর মতে, ‘স্থানীয় নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জয়লাভ করা যায় না। সে জন্য আমি দলীয় পরিচয় বাইরে রেখে মানুষের কাছে ভোট চেয়েছি।’ছোট ছোট কিছু সমস্যা: এবারের ইউপি নির্বাচনে ছোটখাটো বেশ কিছু সমস্যা শেষ পর্যন্ত বড় আকার ধারণ করেছে। এর মধ্যে প্রকট ছিল ভোটার অনুপাতে বুথের সংকট। যে কারণে ভোটারদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পিরোজপুরের জিয়ানগরের পত্তাশী ইউনিয়নের রেখাখালী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দেড় হাজার ভোটারের জন্য তিনটি বুথ ছিল। যে কারণে ভোটগ্রহণে কর্মকর্তাদের হিমশিম খেতে হয়েছিল। বিকেল চারটার পরও ভোট নিতে হয়েছে। এ জন্য ভোট গণনার সময়ও পিছিয়ে দিতে হয়েছে। এমন সমস্যা অন্যান্য জেলায়ও দেখা গেছে। নির্বাচনে অমোচনীয় কালির যেসব কলম সরবরাহ করা হয়েছে, তা ভোটগ্রহণ কর্মকর্তাদের ভোগান্তির একটি কারণ ছিল। কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নির্বাচন কমিশন থেকে এবার যে কলম সরবরাহ করা হয়েছে, তা নিম্নমানের। এই কলমের কালি দ্রুত শুকিয়ে যাওয়ার কারণে অনেক জায়গায় ভোটারদের হাতে কালি না মেখেই ছেড়ে দিতে হয়েছে।এ ছাড়া কিছু কিছু স্থানে জালভোটের অভিযোগ পাওয়া গেলেও এ সংখ্যা উল্লেখযোগ্য নয়। পাড়েরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা সুধীর কুমার পালের মতে, বোরকা পরা নারী ভোটাররা ভোট দিতে এসে মুখমণ্ডলের পর্দা খুলতে রাজি হন না। যে কারণে ভোটার তালিকার ছবির সঙ্গে ভোটারের চেহারা মিলিয়ে দেখার সুযোগ হয় না। অবশ্য সব জায়গায়ই জালভোটের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন। তাঁরা প্রতিটি বুথেই বোরকা পরা নারীদের মুখমণ্ডল না দেখে ভোটগ্রহণ না করার নির্দেশনা দেন। এবারের ইউপি নির্বাচন সম্পর্কে প্রথম আলোর কাছে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মন্তব্য হলো, এবারের ইউপি নির্বাচন আগামী দিনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এ কৃতিত্ব প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও ভ্রাম্যমাণ আদালতের। সর্বোপরি ভোটার এবং প্রার্থীরাও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করেছেন।