পাশাপাশি ফেরি ও লঞ্চঘাট থাকায় দুর্ঘটনা ঘটছে: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘পাশাপাশি ফেরি ও লঞ্চঘাট থাকায় মাঝেমধ্যেই মাওয়া-কাওড়াকান্দি রুটে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটছে। এই ঘাট আলাদা করার জন্য আমাদের প্রশাসনিকভাবে লড়াই করতে হয়েছে।’আজ শুক্রবার মাদারীপুরে নৌমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ, ইউনাইটেড হাইস্কুল, মুক্তিযোদ্ধা সংসদ ও শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন ডোবা-পুকুর ভরাট কাজ পরিদর্শন করেন। নৌমন্ত্রী বলেন, মাওয়া-কাওড়াকান্দি রুটের স্পিডবোটগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে। রাতে চলাচলকারী স্পিডবোটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া স্পিডবোটের অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে। গত ১৭ মে রাতে ঝড়ের সময় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিখোঁজ হয়। দুদিন পর পদ্মা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। গত ২৩ মে পদ্মায় গোসল করতে নেমে খাদিজা (১৪) নামের এক কিশোরী স্পিডবোটের ধাক্কায় নিহত হয়। এ নিয়ে গত তিন মাসে স্পিডবোট দুর্ঘটনায় ১৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বেশির ভাগ দুর্ঘটনা ঘটে রাতের বেলা চলাচলকারী স্পিডবোটের ক্ষেত্রে। বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘হরতালের মধ্যে আমাদের গাড়ি পুড়িয়ে গাড়ির মধ্যে চালকদের হত্যা করা হচ্ছে, যাত্রীদের হত্যা করা হচ্ছে। এটা নৈরাজ্যবাদী কর্মকাণ্ড। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক।পরে মন্ত্রী মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকার কৃষি মার্কেট ও হর্টিকালচার এলাকা ভরাট কাজসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম ও বিআইডব্লিউটিসির প্রকল্প পরিচালক সাইদুর রহমান প্রমুখ।