পাশার হাতে থাকা ওই অস্ত্রটি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের সময় শহিদুজ্জামান পরশ ওরফে পাশার হাতে যে আগ্নেয়াস্ত্রটি ছিল, সেটি উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়ার একটি বাড়ি থেকে অস্ত্রটি গুলিভর্তি অবস্থায় উদ্ধার করা হয়।বৃহস্পতিবার দুপুরে শনির আখড়া থেকে পাশাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর পাশাকে নিয়ে অস্ত্রটি উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। রাতে দক্ষিণ দনিয়ার একটি বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। পাশাকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শুক্রবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।১৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সংঘর্ষের সময় এই অস্ত্র হাতে পাশার ছবি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। সংঘর্ষের সময় তাঁর পরনে থাকা পোশাকও পুলিশ উদ্ধার করেছে।পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে পাশা জানিয়েছেন, ওই সংঘর্ষের সময় ছাত্রদলের আটজন ক্যাডারের হাতে অস্ত্র ছিল। এরা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। তাদের কয়েকজনের নাম তিনি পুলিশকে জানালেও পরিচয় জানাতে পারেননি। পাশা যাদের নাম বলেছেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে ওই সংঘর্ষে অংশ নেওয়া সব ক্যাডারের নাম জানা যাবে।পাশাকে গতকাল সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সেখানে তিনি কেবল ব্যক্তিগত কিছু প্রশ্নের জবাব দেন। অন্য সব প্রশ্ন এড়িয়ে যান। পাশা জানান, তাঁর বাড়ি নড়াইলের নরাগাতি কলাবাড়িয়া গ্রামে। বাবার নাম আবদুস সাত্তার। তিনি এলাকায় ঠিকাদারি করতেন। চার ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর বাবার দুই স্ত্রী।পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে পাশা জানিয়েছেন, ১৯৯৬ সালে এসএসসি ও ’৯৮ সালে এইচএসসি পাস করার পর ঢাকায় আসেন। মাতুয়াইলে সত্ বোনের স্বামীর আশ্রয়ে থেকে তাঁর সঙ্গে রাবারের ব্যবসা শুরু করেন। পুলিশ অভিযানের সময় দনিয়ায় তাঁর ভগ্নিপতির রাবারের কারখানা দেখে। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে পাশা জানিয়েছেন, তিনি ২০০৬ সালে ঢাকা কলেজে ইতিহাস বিভাগে ভর্তি হন। কলেজের উত্তর ছাত্রাবাসে তিনি সিট বরাদ্দ পান। ঢাকা কলেজে আসার পর তিনি ছাত্রদলের সঙ্গে জড়িত হন। কলেজ শাখা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মিলনের সমর্থক হিসেবে সবাই তাঁকে চিনত। চারদলীয় জোট সরকারের আমলে তিনি কলেজের আশপাশের ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিতেন। বর্তমান সরকার ক্ষমতায় এলে তিনিও ছাত্রদলের অন্য কর্মীদের মতো ছাত্রাবাস ত্যাগ করেন। এরপর দক্ষিণ দনিয়ার একটি বাড়িতে মেসে মাঝেমধ্যে থাকতেন। ওই মেসের একটি বিছানার নিচ থেকে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে।গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ১৮ জানুয়ারির ঘটনা প্রসঙ্গে পাশা জানিয়েছেন, ওই দিন সকালে ছাত্রদলের ক্যাডার পাভেলের ফোন পেয়ে তিনি ক্যাম্পাসে যান। সংঘর্ষের সময় পাভেলের হাতেও একটি অস্ত্র ছিল। তাঁর ছবিও গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা পেয়েছেন।পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে পাশা বলেছেন, হাতে অস্ত্র থাকলেও তিনি কাউকে লক্ষ্য করে গুলি করেননি। ওই সংঘর্ষের সময় তিনি ছাত্রদলের কোন পক্ষের হয়ে এসেছিলেন, তা বলেননি। তবে জানিয়েছেন, অস্ত্রটি তাঁর। আড়াই বছর আগে তিনি অস্ত্রটি সংগ্রহ করেন। সন্ত্রাসীদের কাছে অস্ত্র কেনাবেচা করা বা ভাড়া দেওয়ার অভিযোগ পাশা স্বীকার করেননি।