পাশে দাঁড়ান, সেই স্বর্ণযুগ ফিরিয়ে আনব
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজের শাসনামলের প্রশংসা করে বলেছেন, ‘আপনারা খবরের কাগজে দেখেছেন, দুই নেত্রীকে কেউ চায় না। দুই নেত্রীর চেয়ে আমার শাসনামল ভালো ছিল। এখন আপনারা আমার পাশে দাঁড়ান, সেই স্বর্ণযুগ ফিরিয়ে আনব।’ আজ মঙ্গলবার সকালে জাতীয় পার্টির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর বিজয়নগরের রাস্তায় আয়োজিত শোভাযাত্রার আগে এক সমাবেশে লিখিত বক্তব্যে এরশাদ এই ঘোষণা দেন।আবার এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়ে এরশাদ বলেন, ‘ক্ষমতায় গেলে আপনাদের সুখ দেব, শান্তি দেব, উন্নয়ন দেব।’ তিনি বলেন, ‘এই সরকারের যদি কোনো সাফল্য থাকে, তার ভাগ আমরা চাই না। আর ব্যর্থতার দায়ভারও আমরা গ্রহণ করব না।’এরশাদ দাবি করেন, ‘মহাজোটকে ক্ষমতায় নেওয়ার জন্য আমিই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছিলাম। কিন্তু বিজয়ের পর প্রধান শরিক দলের (আওয়ামী লীগ) অহমিকায় জোট গঠনের লক্ষ্য ভূলুণ্ঠিত হয়েছে। সরকার গঠন থেকে শুরু করে এ পর্যন্ত মহাজোটে জাতীয় পার্টির কোনো ধরনের ভূমিকা ছিল না, এখনো নেই। রাষ্ট্র পরিচালনায় সরকারের অযোগ্যতা-ব্যর্থতা আমাদের ব্যথিত করেছে।’এরশাদ নিজের মামলার বিষয়ে উষ্মা প্রকাশ করে বলেন, ‘এ সরকার ক্ষমতায় এসে ছয় হাজার মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করেছে। শীর্ষ সন্ত্রাসী বিকাশও ছাড়া পেয়েছে। কিন্তু আমি মিথ্যা মামলা মোকাবিলা করে যাচ্ছি। আমার মামলা ঝুলিয়ে রাখা হচ্ছে।’ এভাবে চিরকাল চলবে না বলে ক্ষমতাসীনদের সতর্ক করে দেন তিনি।এরশাদ ঘোষণা দেন, সরকারে গিয়ে আগামী বছর জাতীয় পার্টির (জাপা) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। ১৯৮২ সালে ক্ষমতা গ্রহণের কথা উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমি জোর করে ক্ষমতায় আসিনি। দুর্নীতি ও এক অরাজক পরিস্থিতিতে আমার হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়। সেনাপ্রধান হিসেবে দেশকে রক্ষার জন্য আমি দায়িত্ব নিয়েছিলাম। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের এই পটপরিবর্তনকে স্বাগত জানিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।’জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমাকে স্বৈরাচার, দুর্নীতিবাজ বলা হয়। আমার মন্ত্রীদের বাড়িতে হামলা হয়েছিল। কিন্তু কারও বাড়িতে সোনার খনি, টাকার বস্তা পাওয়া যায়নি। বিদেশে আমার কোনো টাকা নেই। কেউ যদি প্রমাণ করতে পারে বিদেশে এক পাউন্ড আছে, তাহলে রাজনীতি ছেড়ে দেব।’এরশাদ বলেন, ২২ বছরে দুই দলের ব্যর্থ শাসন দেখে এখন বুদ্ধিজীবী-সুশীল সমাজ টক শোতে বলতে বাধ্য হচ্ছেন, এরশাদের শাসনামল অনেক ভালো ছিল। আমি যতক্ষণ ক্ষমতায় ছিলাম, মানুষের স্বার্থের কথা চিন্তা করেছি। সন্ত্রাস, রক্তপাত, দলীয়করণ করিনি। গণতন্ত্রকে তৃণমূল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেছি।’ তিনি বলেন, নূর হোসেন, ডা. মিলনের নামে চত্বর হয়। বিশ্বজিত্ দাসের নামে চত্বর কবে হবে? সমাবেশ শেষে এরশাদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিজয়নগর থেকে শুরু হয়ে পল্টন, জিপিও, গুলিস্তান, দৈনিক বাংলার মোড়, বায়তুল মোকাররমের উত্তর সড়ক হয়ে আবার বিজয়নগরে গিয়ে শেষ হয়।