রাজধানীর কাঁঠালবাগানে হেলে পড়া সাততলা ভবনটি পাশের ১৬ তলা ভবনের সঙ্গে সামান্য লেগে স্থির হয়ে আছে। তবে ৩০৪/১ ফ্রি স্কুল স্ট্রিটের এই ভবনটির কারণে এখন আশপাশের আরও আটটি ভবন ঝুঁকির মুখে পড়েছে। ওই সব ভবনের বাসিন্দা শতাধিক পরিবার অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। পূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে ভবনটি ভাঙার বিষয়ে রাজউক একটি কমিটি গঠন করেছে।গত রোববার রাতে পিলার দেবে গিয়ে সাততলা ভবনটি পূর্ব দিকে হেলে পড়তে শুরু করে। রাতে ঢাকা সিটি করপোরেশন, রাজউক, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। ডিসিসি মেয়র সাদেক হোসেন খোকা ঘটনাস্থলে গিয়ে ওই রাত থেকেই ভবন ভাঙার কাজ শুরু করা হবে বলে ঘোষণা দিলেও তা গতকাল রাত পর্যন্ত শুরু হয়নি। তবে আজ থেকে ভবন ভাঙার কাজ শুরু হবে বলে জানিয়েছে রাজউক। ঘটনার জন্য স্থানীয় লোকজন ও অন্য বাড়ি বা ফ্ল্যাটের মালিকেরা রাজউক কর্মকর্তাদের দুর্নীতিকে দায়ী করেছেন। হেলে পড়া ভবনটির উল্টোদিকের ১৬ তলা নাসির টাওয়ারসহ পাশের ৩০৩/২, ৩০৩/৩ ৩০২/১সহ পেছনের আরও চারটি ভবনও ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন রাজউক ও দমকল কর্মকর্তারা।ভবনটি দেখার জন্য গতকাল দিনভর এলাকায় মানুষের উপচে পড়া ভিড় ছিল। গলির মুখে পুলিশ পাহারা বসানো।শঙ্কার কালো রাত: হেলে পড়া ভবনটির সংলগ্ন ৩০৩/ক টিনশেড বাড়ির মালিক আবদুল মান্নান জানান, ভয়ে-আতঙ্কে তারা বাড়ি ছেড়েছেন। এই অবস্থা কত দিন চলবে তাও কোনো কর্তৃপক্ষই স্পষ্টভাবে বলছে না। কর্মকর্তারা আসছেন-দেখছেন, ভবন ভাঙা হবে বলে আশ্বাস দিচ্ছেন। তবে ভাঙতে কত দিন লাগবে, কত দিন এভাবে বাইরে থাকতে হবে তা নিয়ে চিন্তিত তাঁরা।রোববার রাতে ওই ভবনটির আশপাশের কয়েকটি ফ্ল্যাটে বাতি ও ফ্যান চলতে দেখা যায়, তবে ভেতরে কোনো লোক ছিল না। পাশের ৩০৩/২ ভবনের বাসিন্দা খোরশেদ আলম জানান, ভবনটি সশব্দে দেবে যাওয়ার সময় ঝাঁকুনি অনুভূত হয়। এ সময় তাঁর বাড়ির সাত সদস্য ছোটাছুটি করে নেমে আসেন। পরে তিনি গিয়ে কিছু অতিপ্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে আনেন। রাতেই তাঁরা অন্য আত্মীয়ের বাসায় চলে যান।৩০২/১ ভবনের একটি ফ্ল্যাটের মালিকের সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘দেখছেন না কোটি টাকা দিয়ে কেনা ফ্ল্যাট ছেড়ে পালাচ্ছি। ওইটা তো গেছেই, এখন আমার ফ্ল্যাটেও যদি ফাটল ধরে, তখন কে ক্ষতিপূরণ দেবে। আর এখানে থেকে কি চোখের পাতা বন্ধ করতে পারব?’ ‘হেলে পড়া ভবন ভেঙে ফেললেই আপনাদের আর কোনো সমস্যা নেই’—এই বলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ক্ষুব্ধ ফ্ল্যাট মালিককে আশ্বস্ত করার চেষ্টা করলে ধমকে ওঠেন তাঁর স্ত্রী। বলেন, র্যাং গ্স ভবন ভাঙতে গিয়েই কয়েকজন শ্রমিক মারা গেলেন। র্যাং গ্স ভবন সোজা হয়ে দাঁড়িয়ে ছিল। আর ওটা তো হেলে রয়েছে।ভাঙা হবে বুয়েট বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে: রোববার রাত তিনটার দিকে দুটি বুলডোজার ও একটি বড় ক্রেন নিয়ে ভবন ভাঙার কাজ করতে আসে ডিসিসির একটি দল। তবে বিশালাকারের যন্ত্রগুলো সরু গলিতে ঢুকতেই পারেনি। ঢাকা সিটি করপোরেশনের ভারী যন্ত্রপাতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, ভবনটিতে ঢোকার মুখে গলির প্রস্থ খুব বেশি হলে ছয় ফুট। সেখানে একটি প্রাইভেট কার কোনো রকমে ঢুকতে পারে মাত্র। এই বুলডোজার বা ক্রেন ঢোকার কোনো উপায়ই নেই।সূত্র জানিয়েছে, পূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে ভবনটি ভাঙার বিষয়ে রাজউক একটি কমিটি গঠন করেছে। কমিটি বুয়েটের পুরকৌশল বিভাগের বিশেষজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে কাজ করবে। তবে রাজউকের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ভবনটি বাইরে থেকে ভাঙা সম্ভব হবে না। ভবনের অভ্যন্তরে বিভক্তি-দেয়াল ভাঙার মাধ্যমে কাজ শুরু হতে পারে। র্যাং গ্স ভবন ভাঙার সময় যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, সেগুলো এখানে কাজে লাগানো হতে পারে। কর্মকর্তারা জানিয়েছেন, হেলে পড়া ভবনটি এখন স্থির আছে।দায়ী রাজউক: ভবনটি হেলে পড়ার জন্য রাজউকের ওই এলাকার পরিদর্শকের গাফিলতি ও দুর্নীতিকে দায়ী করেছেন এলাকার অন্য ভবন ও ফ্ল্যাটের মালিকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাড়িওয়ালা অভিযোগ করেন, পুকুর ভরাট করে এ এলাকাটা গড়ে উঠেছে। নরম মাটির ওপর এই বাড়িটি তৈরি করা হলেও পর্যাপ্ত পাইলিং করা হয়নি। আর এই বিষয়টি জেনে-শুনেও চুপ থেকেছেন রাজউকের ওই এলাকার পরিদর্শক মিজানুর রহমান। বাড়ির মালিকেরা ওই পরিদর্শককে গ্রেপ্তারের দাবি জানান।ছয় ফুট চওড়া গলির ভেতরে ছয়তলার ওপরের বাড়ি নির্মাণের অনুমতি দেওয়া নিয়েও রাজউকের ওপর ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন বাড়ির মালিকেরা। একজন বলেন, ‘যেখানে একটা প্রাইভেট কার ঢুকতেই গিট্টু লেগে যায়, সেই গলির ভেতর রাজউক কীভাবে ১৬ তলা বা ছয় তলার ওপরে ভবনের অনুমোদন দেয়। এখন আমাদের বাড়িগুলোর স্থায়ী ক্ষতি হলে তার দায় কে নেবে? আমাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে ফ্ল্যাট-বাড়ি করেছি।’মধ্য বয়স্কা এক নারী ঘটনাস্থলে এসে চিৎকার করে কাঁদতে শুরু করেন। তিনি জানান, হেলে পড়া ওই ভবনটিতে তিনি ফ্ল্যাট কিনেছেন। সর্বশেষ ২৫ লাখ টাকা তিনি পরিশোধ করেছেন এক মাস আগে। তিন মাসের মধ্যে ফ্ল্যাট হস্তান্তরের কথা ছিল। নকশার তথ্য উদ্ধৃত করে রাজউক কর্মকর্তারা জানান, ৩০৩ বর্গমিটার (৩২৬০ বর্গফুট) জায়গার ওপর বানানো ভবনটির প্রতি তলায় চারটি করে ফ্ল্যাট ছিল। নিচ তলায় গাড়ি রাখার জায়গা, আর ছয়তলার ওপরে আংশিক সাততলা নির্মাণ করা হয়েছে। মাঝের মোট পাঁচটি তলায় ফ্ল্যাট ছিল ২০টি।বিজ্ঞাপন দিয়ে বিক্রি: বিভিন্ন দৈনিক পত্রিকায় ওই ভবনের ফ্ল্যাট বিক্রির জন্য শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ২০০৯ সাল থেকে শুধু একটি পত্রিকাতেই ১০০-র বেশি বিজ্ঞাপন ছাপা হয়েছে। তবে কোনো বিজ্ঞাপনেই ভবনটির মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানের নাম নেই। ঠিকানাটাও পুরোপুরি নেই। শুধু লেখা রয়েছে সোনারগাঁ রোডে ফ্ল্যাট বিক্রি হবে। যোগাযোগের জন্য কয়েকটি ফোন নম্বর দেওয়া ছিল। বিজ্ঞাপনে উল্লেখ করা হয় ১০৫০ ও ১২০০ বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রি হবে। পুরো টাইলস, তিন বেড, দুই বারান্দাসহ প্রতি বর্গফুট চার হাজার ২০০ টাকা। জানা গেছে, সবচেয়ে কম দামের ফ্ল্যাটটির মূল্য পড়েছে ৪৫ লাখ টাকা। তবে বিজ্ঞাপনগুলোতে যোগাযোগের জন্য দেওয়া নম্বরগুলোতে গতকাল ফোন করে কাউকেই পাওয়া যায়নি।গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, স্থানীয় সাংসদ ফজলে নূর ও রাজউক চেয়ারম্যান মো. নুরুল হুদা। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘অবস্থা দেখে মনে হচ্ছে, বেশির ভাগ নির্মাতা প্রতিষ্ঠানই আইনের তোয়াক্কা করে না।’