পাশের আস্তানা থেকে বিন লাদেনকে পর্যবেক্ষণ করত সিআইএ
পাকিস্তানে অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের বাড়িটির পাশে একটি গোপন আস্তানা থেকে আল-কায়েদার শীর্ষ নেতাকে গভীরভাবে পর্যবেক্ষণ করত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। বার্তা সংস্থা রয়টার্স আজ শুক্রবার ওয়াশিংটন পোস্ট পত্রিকার বিশেষ প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।ওয়াশিংটন পোস্ট আজ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, বিন লাদেনের বাড়ির পাশে গোপন আস্তানাটি ছিল সিআইএয়ের গোয়েন্দা তথ্য সংগ্রহ অপারেশনের ঘাঁটি।একজন মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, সিআইএয়ের কাজ ছিল তথ্য সংগ্রহ করা এবং এগুলো যাচাই-বাচাই করা। তারা এ কাজ পুরোপুরিভাবেই করেছে। এরপর লক্ষ্য বাস্তবায়নে সামরিক শক্তি প্রয়োগ করা হয়।প্রসঙ্গত, সিআইএয়ের তথ্যের ভিত্তিতে গত রোববার রাতে মার্কিন নেভি সিলের কমান্ডোরা অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা করে।বিশ্লেষকেরা বলছেন, বিন লাদেনের বাড়ির পাশের সিআইএয়ের গোপন আস্তানা থাকার খবরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোকে আবারও বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। একই সঙ্গে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েনও দেখা দিতে পারে।