পাষণ্ড পরিমল এ কাজ করেছে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা ছাত্রী ধর্ষণ ও পরবর্তী সময়ে সৃষ্ট ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে এ ঘটনায় সৃষ্ট পরিস্থিতির জন্য অধ্যক্ষ হোসনে আরা বেগম ও পরিচালনা কমিটির গাফিলতিকে দায়ী করা হয়েছে।প্রতিবেদন জমা দেওয়ার পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ঘটনায় ছাত্রী ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে, পরিমল নামে একজন পাষণ্ড এ কাজ করেছে। তবে যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এ নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমরা চাই এ পাষণ্ড শিক্ষকের চরম বিচার হোক। এজন্য আমাদের যা যা করার তাই করব।’প্রতিবেদনের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ ঘটনার সঙ্গে সঙ্গে তাত্ক্ষণিকভাবে অধ্যক্ষ হোসনে আরা ব্যবস্থা নিতে দেরি করেছেন। এতে কিছুটা জটিলতা দেখা দেয়। তা ছাড়া পরিস্থিতি সামাল দিতে পরিচালনা কমিটিও উদ্যোগ নিতে পারেনি। তিনি বলেন, প্রতিবেদনটি ২৪ পৃষ্ঠার। মন্ত্রী বলেন, প্রতিবেদনটি মাত্র আমরা হাতে পেয়েছি। ভালো করে দেখিনি। দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব। প্রসঙ্গত, ভিকারুননিসার ওই ঘটনার পর ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়। কমিটির প্রধান ছিলেন ওয়াহিদুজ্জামান ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন। শিক্ষা সচিব কামাল আবদুস নাসের চৌধুরী এতে উপস্থিত ছিলেন।